শুরু করে দিলেন মরিনহো!

নতুন মৌসুম এখনো শুরু হয়নি।তাতে কী, হোসে মরিনহো বসে নেই।শুরু করে দিয়েছেন কথার লড়াই। এ লড়াইয়ের কেন্দ্রবিন্দুতে সেস ফ্যাব্রিগাস। ইউরোপের মঞ্চে যিনি নিজেকে চিনিয়েছিলেন আর্সেনালের জার্সি গায়ে। এরপর বার্সেলোনা অধ্যায়টা খুব ভালো কাটেনি।ইংল্যান্ডে ফিরবেন শোনা যাচ্ছিল অনেক দিন থেকেই।শোনা যাচ্ছিল পুরোনো ক্লাব আর্সেনাল ও চেলসির নাম। শেষ পর্যন্ত বেছে নিলেন চেলসিকেই।
তবে ফ্যাব্রিগাসকে ফিরিয়ে আনার একটা সুযোগ ছিল আর্সেনালের। বার্সেলোনার সঙ্গে চুক্তিতে সে রকম একটি ধারাও ছিল। সেটা তারা করল না কেন? মরিনহোর দাবি, ২০ মিনিটের মধ্যেই রাজি করিয়ে ফেলেছেন এই মিডফিল্ডারকে, ‘আমি ওর সঙ্গে ২০ মিনিট কথা বলেছি। আমি মনে করি সে আসলেই এখানে আসতে চেয়েছিল। আপনারা জানেন, আর্সেনাল চাইলে ব্যাপারটাতে বাগড়া দিতে পারত। কিন্তু আমি মনে করি সে নিজেই সেটা চায়নি। সে নিজেই খুব করে এখানে আসতে চেয়েছিল মনে হয়, কাজটা তাই আমার জন্য সহজই হয়েছে।’
আর্সেনাল অবশ্য দাবি করতে পারে ফ্যাব্রিগাসকে কেনার ইচ্ছা ছিল না তাদের। কিন্তু মরিনহোর কথা ঠিক হলে ফ্যাব্রিগাসই পুরোনো ক্লাবকে উপেক্ষা করেছেন! এএফপি।