শুরু কি হলো সিটির রাজত্ব?
মাকে সার্জিও আগুয়েরো এর চেয়ে আর ভালো উপহার দিতে পারতেন না! আগের দিন বিশ্ব মা দিবস। ঠিক তার পরের দিনটাই মায়ের জন্মদিন। কী অদ্ভুত, ওই দিনটিতেই ম্যানচেস্টার সিটি মেতে উঠল শিরোপা-উৎসবে! তিন বছরের মধ্যে দ্বিতীয়বার লিগ জিতে সেটি মা আদ্রিয়ানাকেই উৎসর্গ করলেন আগুয়েরো।
ট্রফি জয়ের রোমাঞ্চ সব সময়ই নতুন করে আসে৷ পরশু শেষ দিনটা দুই বছর আগের মতো অতটা নাটকীয় হলো না সিটির জন্য। নিজেদের মাঠে ড্র করলেই শিরোপা উঠত হাতে । সিটি তুলির শেষ আঁচড়টি দিয়েছে রাজসিকভাবেই, ওয়েস্ট হাম ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়ে।
মৌসুমের বেশির ভাগ সময় পয়েন্ট তালিকার শীর্ষে ছিল আর্সেনাল ও লিভারপুল। অথচ মাত্র ১৫ দিন শীর্ষে থেকেই মাঝের বেঞ্চের প্রতিভাবান কিন্তু খেয়ালি ‘ছেলেটাই’ ক্লাসে প্রথম হয়ে গেল। কোচ ম্যানুয়েল পেলেগ্রিনির জন্য এটা শুধু একটি শিরোপা নয়, ইতিহাসের অংশ হয়ে যাওয়াও। এই প্রথম ইংলিশ লিগে ইউরোপের বাইরের কোনো কোচ শিরোপা জিতলেন। ৬০ বছর বয়সী চিলিয়ান অবশ্য উচ্ছ্বাসে ভেসে যাচ্ছেন না। ‘বড় দল একটা শিরোপা নিয়ে সন্তুষ্ট থাকতে পারে না। এটা খুবই গুরুত্বপূর্ণ। এখন আমাদের পুরো মৌসুমের একটা ব্যবচ্ছেদ করতে হবে, কোনটা ইতিবাচক, কোনটা নেতিবাচক, কোন জায়গায় উন্নতির সুযোগ আছে। আজ (রোববার), কাল উদ্যাপন করো। পরশু থেকেই আবার পরের মৌসুমের প্রস্তুতি শুরু করে দিতে হবে। কারণ এই ক্লাব ও সমর্থকদের আরও শিরোপা প্রাপ্য’—পেলেগ্রিনির বক্তব্য যথার্থ পেশাদারের মতোই।
ডাগ-আউটে বা সংবাদ সম্মেলনে, পেলেগ্রিনি বেশির ভাগ সময়ই গাম্ভীর্যের মুখোশ পরে থাকেন । তবে ছাত্রদের সঙ্গে তাঁর সম্পর্কটা যে উষ্ণ, সেটা ম্যাচ শেষে কোচকে শূন্যে ছুড়ে দিয়ে কোম্পানি-জেকোরা সেটি দেখিয়ে দিলেন। পেলেগ্রিনি ওটা নিয়ে আবার রসিকতা করেছেন, ‘মুহূর্তটা ছিল উদ্যাপনের। যেকোনো রকমের উদ্যাপনের অনুমতি ওদের ছিল।’
সিটির সঙ্গে লড়াইয়ে ছিল লিভারপুল-চেলসিও। শেষ পর্যন্ত দুই দলের জন্যই গল্পটা হয়ে গেল, ‘এত কাছে তবু কত দূর।’ হতাশাটা লিভারপুল কোচ ব্রেন্ডন রজার্সেরই বেশি, একটুর জন্য যে ২৪ বছরের আক্ষেপটা ঘোচানো গেল না। তবে ওই আক্ষেপ চেপে রেখে রজার্স কৃতিত্ব দিয়েছেন সিটিকে, ‘ফুটবলের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতামূলক লিগে চ্যাম্পিয়ন হওয়ার জন্য সিটিকে অভিনন্দন৷’ মরিনহো আরেক ধাপ এগিয়ে বললেন,‘সিটিকে অভিনন্দন। চ্যাম্পিয়ন হওয়াটা ওদের প্রাপ্য ছিল।’
৪৩ বছরের শিরোপা-খরা ঘুচিয়ে এক মৌসুম পরই আবার লিগ শিরোপা সিটির ঘরে । ইংল্যান্ডে কি আকাশি-নীলের রাজত্ব শুরু হয়ে গেল? এএফপি৷