শুরু থেকে শুরু হাথুরুসিংহের

সবার হাতে একটা করে ব্যাট। তা সে ব্যাটসম্যান মুশফিকুর রহিমই হোন, কিংবা বোলার আল-আমিন। হাতে ব্যাট ছাড়া কেউ নেই। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ড্রেসিংরুম থেকে বের হয়ে সার বেঁধে সবাই হেঁটে গেলেন একাডেমি ভবনের দিকে। কনফারেন্স রুমে ক্লাস বসবে চন্ডিকা হাথুরুসিংহের। কোচই নাকি বলে দিয়েছেন এই ক্লাসে সবাইকে আসতে হবে একটা করে ব্যাট নিয়ে।
কিন্তু শীতাতপনিয়ন্ত্রিত চারদেয়ালের মাঝে ব্যাট দিয়ে কী করবেন ক্রিকেটাররা? প্রায় এক ঘণ্টার ক্লাস শেষে জানা গেল উত্তরটা। ব্যাপার আর কিছুই না—নিজের প্রথম ক্লাসে ক্রিকেটারদের সবাইকে নতুন করে ব্যাটিংয়ের অ-আ, ক-খ শিখিয়েছেন জাতীয় দলের নতুন কোচ হাথুরুসিংহে।
ভারত সিরিজ শেষে দেশে ফিরে যাওয়া হাথুরুসিংহে আবার ঢাকায় এসেছেন ১৪ জুলাই রাতে। পরদিনই বিসিবিতে গেলেও অনুশীলনে সেভাবে সম্পৃক্ত হননি। ব্যস্ত ছিলেন ক্রিকেট পরিচালনা বিভাগ প্রধান আর বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহীর সঙ্গে সভা করে। ক্রিকেটারদের ব্যাট-বলের অনুশীলনে কালই প্রথম যোগ দিলেন নতুন কোচ। তার আগে নিলেন ব্যাটিংয়ের ওই প্রাথমিক শিক্ষার ক্লাস।
—তা একাডেমির কনফারেন্স রুমে কি ব্যাটিং শেখালেন হাথুরুসিংহে?
ক্লাস শেষে ইনডোরের দিকে এগোতে থাকা মাশরাফি বিন মুর্তজা জানালেন, ‘তেমন কিছুই না, কিছু মৌলিক বিষয় দেখিয়েছেন। স্টান্স কীভাবে নিতে হবে, গ্রিপিং কীভাবে ঠিক করতে হবে, এসব আরকি...।’ সঙ্গে যোগ করলেন, ‘যেসব ব্যাটসম্যানের গড় ৪০-৫০ এর মতো তাঁরা কীভাবে ব্যাট ধরেন, এসব নিয়েও আলোচনা হয়েছে।’
হাথুরুসিংহের ক্লাস থেকে নতুন কী শিখলেন জানতে চাইলে বাঁহাতি ওপেনার ইমরুল কায়েসের উত্তর, ‘নতুন কিছুই না। উনি কিছু টেকনিক্যাল জিনিস দেখিয়েছেন। আমরা সেগুলো সঠিকভাবে করার চেষ্টা করব।’ উইকেটের ধরন বা বোলারের ধরন বুঝে একজন ব্যাটসম্যানের স্টান্স বদলে যেতে পারে। কোন ধরনের পরিস্থিতিতে কোন ধরনের স্টান্স বা গ্রিপিং ব্যাটসম্যানের জন্য স্বস্তিদায়ক হতে পারে, ক্লাসে এ রকম টেকনিক্যাল বিষয় নিয়ে কথা বলেছেন হাথুরুসিংহে। ভিডিও দেখিয়ে আলোচনা করেছেন লারা, টেন্ডুলকার, পন্টিংয়ের মতো বড় বড় ব্যাটসম্যানের স্টান্স, গ্রিপিং নিয়েও।
নতুন কোচের ‘শুরু থেকে শুরু’ করার চিন্তাটা খারাপ নয়। তা ছাড়া ব্যাটিং এমন এক জিনিস, মাঠে যা সব ক্রিকেটারকেই করতে হয়। জিনিসটার প্রাথমিক জ্ঞান থাকা চাই সবার। কালকের নেট প্র্যাকটিসেও কোচের এই চিন্তার বাস্তবায়ন দেখা গেছে। বোলারদের কারও হাতে বল ধরিয়ে দেননি হাথুরুসিংহে। তিনটি বোলিং মেশিন থেকে বল ছোড়া হয়েছে ইনডোরের তিনটি নেটে। পালা করে ব্যাটিং করেছেন ব্যাটসম্যান-বোলার সবাই। ব্যাকফুট ডিফেন্স, সুইপ শট এবং ফ্রন্ট ফুট ডিফেন্স—বোলিং মেশিন থেকে এই তিন ধরনের শট খেলার বল দেওয়া হয়েছে। কোচের প্রখর দৃষ্টি ছিল প্রতিটি নেটেই।
এমন সিরিয়াস ব্যাটিং অনুশীলনের পর পেস বোলার আল-আমিনের অভিজ্ঞতা, ‘আমি তো বোলার, ব্যাটিং প্র্যাকটিস সেভাবে করা হয় না। কিন্তু আজ (গতকাল) আমাকে যখন সুইপ শটের বল দেওয়া হচ্ছিল, কোচ কাছে এসে দেখেছেন আমার পা’টা, মাথাটা ঠিকভাবে যাচ্ছে কি না।’