শুরু না হতেই শেষ ভ্যালেন্সিয়ার মৌসুম
ম্যানচেস্টার ইউনাইটেডে ক্রিস্টিয়ানো রোনালদো-উত্তর যুগে অন্যতম ভরসার নাম আন্তনিও ভ্যালেন্সিয়া। ইকুয়েডরের এই উইঙ্গারের ওপর কোচ অ্যালেক্স ফার্গুসনের আস্থাও অনেক। সেই আস্থার প্রতিদানও তিনি দিয়ে যাচ্ছেন ভালোই। তবে এ মৌসুমের বাকিটা সময় ম্যানইউকে হয়তো ভ্যালেন্সিয়াকে ছাড়াই খেলতে হবে। পরশু চ্যাম্পিয়নস লিগে রেঞ্জার্সের বিপক্ষে ম্যাচে পাওয়া চোটই তাঁকে ছিটকে ফেলেছে মাঠের বাইরে। বাঁ পায়ের অ্যাঙ্কেল ভেঙে গেছে ভ্যালেন্সিয়ার। স্ট্রেচারে করে মাঠ ছেড়েছেন। পরে যেতে হয়েছে হাসপাতালে। ডাক্তারি পরীক্ষার ফল হাতে পেয়ে ম্যানইউ কোচ ফার্গুসন জানিয়েছেন, ‘অ্যাঙ্কেল সরে গেছে এবং ভেঙেও গেছে। এটা খুব বাজে চোট এবং অনেক দিন মাঠের বাইরে থাকতে হবে ওকে।’ কিছুদিন আগেই ডান পায়ের অ্যাঙ্কেলের চোট থেকে সেরে ওঠা ভ্যালেন্সিয়া এ মৌসুমে খেলেছেন মাত্র ৩টি ম্যাচ। ১টি গোলও করেছেন, তবে ৩টি গোল করিয়েছেন সতীর্থদের দিয়ে। তাঁর অভাবটা খুব করেই অনুভব করবেন ফার্গুসন, ‘এ মৌসুমে সে আমাদের অন্যতম সেরা খেলোয়াড়। তাকে হারানো বড় এক ক্ষতি। কঠিন পরিস্থিতিতেও ওর বল বানিয়ে দেওয়ার সামর্থ্যই পার্থক্য গড়ে দেয়।’ এএফপি।