শুরু হচ্ছে ঘরোয়া ফুটবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌসুমের অনেকটা সময় কেটে যাওয়ার পর গ্রামীণফোন ফেডারেশন কাপের বাছাইপর্ব দিয়ে অবশেষে আজ মাঠে নামছে ঘরোয়া ফুটবল।১২ দলের এই বাছাইপর্বটা নকআউটভিত্তিক। অর্থাৎ একটা ম্যাচে হারলেই বিদায়! ম্যাচ হচ্ছে ৬টি। ছয় ম্যাচের জয়ী দলেরই ওঠার কথা চূড়ান্ত পর্বে। কিন্তু চূড়ান্ত পর্বে বাংলাদেশ লিগের ১১ দলের সঙ্গে নেওয়া হচ্ছে ৫টি দল। যাতে ১৬ দলকে চার গ্রুপে ভাগ করে খেলানো যায়। তাই একটা দল কম নেওয়ার জন্য বাছাইপর্বে দুটি জয়ী দলকে নিজেদের মধ্যে প্লে-অফ খেলানো হবে। চূড়ান্ত পর্ব শুরুর তারিখ এখনো ঠিক হয়নি! পাঁচ মাসের বেশি খেলা না থাকার পরও মৌসুম সূচক টুর্নামেন্টের মূল পর্বের তারিখ এখনো ঠিক না হওয়া বিস্ময়কর। সাফ ফুটবলের দোহাই দেওয়া হয়েছিল, কিন্তু ওটাও তো শেষ হয়েছে আরও ১৭ দিন আগে!বাফুফের পেশাদার লিগ কমিটির প্রধান সালাম মুর্শেদী যদিও জানিয়েছেন, ফেডারেশন কাপের চূড়ান্ত পর্ব জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে। বাছাইপর্ব ২৭ ডিসেম্বর শেষ, চূড়ান্ত পর্বের জন্য জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত অপেক্ষা কেন? এটা বড় প্রশ্ন।আবাহনী, মোহামেডান, মুক্তিযোদ্ধা, শেখ জামালসহ চূড়ান্ত পর্বের সব দলই আছে অনুশীলনে, কিন্তু ঘরোয়া ফুটবলের সুনির্দিষ্ট সূচি তাদের সামনে নেই। বাংলাদেশ লিগ শুরু করার সম্ভাব্য তারিখও দেওয়া হয়নি। অন্তত কয়েক মাস আগে থেকেই ঘরোয়া ফুটবল সূচি জানিয়ে দেওয়ার দাবি জানিয়ে আসছে ক্লাবগুলো। আজ বাছাইপর্বের প্রথম দিনে দুটি ম্যাচ বঙ্গবন্ধু স্টেডিয়ামে। বেলা তিনটায় নৌবাহিনীর প্রতিপক্ষ কক্সসিটি। সোয়া পাঁচটায় বিয়ানীবাজার-ওয়ারী ম্যাচ। বিয়ানীবাজারে ঢাকা মোহামেডানের বেশ কয়েকজন কর্মকর্তা যুক্ত হয়েছেন। তাই এই পর্বে বাড়তি নজর থাকবে সিলেটের দলটির দিকে।বাছাইপর্বের বাকি আট দল—অগ্রণী ব্যাংক, ভিক্টোরিয়া, চট্টগ্রাম আবাহনী, উত্তর বারিধারা, বাংলাদেশ পুলিশ, সেনাবাহিনী, বিমানবাহিনী ও বিকেএসপি।