শুরু হচ্ছে নাটকের শেষ অঙ্ক
পাঁচ বছর ধরে হয়ে আসছে। এবারও হবে। শিরোপার উৎসবে রঙিন হবে সানসিরোর জিউসেপ্পে মিয়াৎজা স্টেডিয়াম। কিন্তু নীল-কালো নয়; এবার উৎসবের রং লাল-কালো। ইন্টার মিলান নয়, সানসিরোর ভাগীদার মিলান পোড়াবে বর্ণিল আতশবাজি।না, এসি মিলান এখনো চ্যাম্পিয়ন হয়ে যায়নি। আবার হয়েও গেছে। হাতে তিন ম্যাচ। আর একটা মাত্র পয়েন্ট চাই। সেই কাজটি মিলান আজই সেরে রাখতে পারে। রোমার বিপক্ষে ড্র করলেই হবে। তবে খেলাটা রোমে, আর রোমাও ইউরোপা লিগে জায়গা নিশ্চিত করতে মরিয়া। মিলানের উৎসবের অপেক্ষা তাই একটু বাড়তে পারে। বাড়লে একদিক থেকে ভালোই। পরের শনিবারে নিজেদের মাঠে ক্যালিয়ারির সঙ্গে খেলা। মাঠভর্তি সমর্থকদের সামনে শিরোপার উৎসবে যোগ হবে বাড়তি রং।বার্সেলোনার জন্যও এখন সময়টা কেবল প্রহর গোনার। অবশ্য দূরত্বটা তাদের জন্য একটু বেশি। টানা তৃতীয় শিরোপা নিশ্চিত করতে দরকার চার পয়েন্ট, হাতে অবশ্য আরও চারটি ম্যাচ আছে। কিন্তু শিরোপা নিশ্চিত হয়ে যেতে পারে আগামীকালই। আজ রিয়াল খেলছে সেভিয়ার বিপক্ষে। পয়েন্ট টেবিলের পাঁচে থাকা সেভিয়া সহজ প্রতিপক্ষ নয় মোটেও। লিগে প্রথম ম্যাচেই বার্নাব্যুতে গিয়ে রিয়ালের ঘাম ছুটিয়ে দিয়েছিল সেভিয়া। অবশেষে অ্যাঙ্গেল ডি মারিয়ার ৭৬ মিনিটের গোলে উদ্ধার। আজ আবার ম্যাচটি সেভিয়ার নিজের মাঠে।বার্সা উন্মুখ হয়ে তাকিয়ে থাকবে এই ম্যাচের দিকে। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল থেকে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সার কাছ থেকে বিদায়, লিগ শিরোপা জেতার সম্ভাবনাও ক্ষীণতর—মানসিকভাবেও ন্যাতানো থাকবে রিয়াল। দেখা যাক, সেভিয়া সেটার ফায়দা লুটতে পারে কি না। অবশ্য রিয়ালের পরাজয়েও বার্সার শিরোপা নিশ্চিত হবে না। সেক্ষেত্রে আগামীকাল এসপানিয়লের বিপক্ষে অন্তত ড্র চাই। আর রিয়াল যদি ড্র করে, তাহলে জিততে হবে বার্সাকে। তখন তিন ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন হবে তারা। তবে এর কোনোটাই নয়; এ সপ্তাহে ইউরোপের ক্লাব ফুটবলের সবচেয়ে বড় ম্যাচটি আগামীকাল ওল্ড ট্র্যাফোর্ডে। চেলসিকে আতিথ্য দেবে ম্যানচেস্টার ইউনাইটেড। এ ম্যাচে জিতলেই গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে উঠে যাবে চেলসি। অবশ্য ম্যানইউয়ের মাঠ যে তাদের জন্য কত বড় দুর্গ, সেটি চেলসির ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তির ভালোই জানা। তা ছাড়া এই ম্যাচটাকে বেশি গুরুত্ব দিয়ে গত বুধবার নয়জন খেলোয়াড়কে বিশ্রাম দিয়েছিলেন অ্যালেক্স ফার্গুসন। রুনি-গিগসরা তরতাজা হয়েই নামবেন। আর শালকেকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে আত্মবিশ্বাসে টইটম্বুর ম্যানইউ। যদিও লিগে গত ম্যাচেই আর্সেনালের কাছে পরাজয়ের ক্ষতটাও এখনো টাটকা।এই ম্যাচ জিতলে ম্যানইউর শিরোপা জয় শুধুই আনুষ্ঠানিকতার ব্যাপার হয়ে দাঁড়াবে। চেলসির সঙ্গে ব্যবধান হবে ৬। ম্যাচ বাকি থাকবে দুটি। নিরপেক্ষ ফুটবলপ্রেমীরা তাই আগামীকাল চেলসির জয়ই চাইবেন। তাতে শিরোপা লড়াইটা এমনই জমবে যে গতবারের মতো এবারও হয়তো চ্যাম্পিয়নের নাম জানতে অপেক্ষা করতে হবে শেষ ম্যাচ পর্যন্ত। এএফপি, রয়টার্স।