শুরু হচ্ছে রোমাঞ্চের শিহরণ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতবার নগরপ্রতিদ্বন্দ্বীদের দুর্গ থেকে শিরোপা পুনরুদ্ধার করেছিল ইউনাইটেড।এবার রক্ষা করতে পারবে তো? ফাইল ছবি
গতবার নগরপ্রতিদ্বন্দ্বীদের দুর্গ থেকে শিরোপা পুনরুদ্ধার করেছিল ইউনাইটেড।এবার রক্ষা করতে পারবে তো? ফাইল ছবি

এ যেন অভিসারে গিয়ে ব্যাকুল প্রতীক্ষায় প্রেয়সীর জন্য অস্থির হয়ে অপেক্ষা করা।ইউরোপীয় ক্লাব ফুটবলের ভক্তরাই জানেন, কী অসহ্য কয়েকটা মাস পার করতে হয় তাঁদের।সেই মে মাসে শেষ হয়েছে ইউরোপীয় ক্লাব ফুটবলের মৌসুম।প্রায় তিন মাসের বিরতি শেষে মহাসমারোহে শুরু হয়ে গেল আবার।শুরু হলো রোমাঞ্চ, শিহরণ, রাত জেগে ফুটবলে বিভোর হওয়া।আগে চারটি প্রধান লিগেই থাকত সবার চোখ।এবার তারকার ভিড়ে ফ্রেঞ্চ ফুটবলেও রাখতে হবে নজর।এই পাঁচটি লিগ নিয়ে আমাদের নতুন ধারাবাহিকের প্রথম পর্বে আজ থাকছে ইংলিশ প্রিমিয়ার লিগ—

কখনো অস্থিরচিত্তে পায়চারি। কখনো বা ধৈর্যের প্রতিমূর্তি হয়ে চুপচাপ বসে থাকা। ঢাউস কালো কোটের পকেটে হাত। কখনো সেই হাত আড়াআড়ি করে রাখা বুকের ওপর। কপালে ভাঁজ ফেলে একের পর এক চুইংগাম চিবোনো। ম্যাচের শেষ দিকে বারবার ঘড়ি দেখা। রেড ডেভিলদের একেকটি গোলে আনন্দে মাতোয়ারা সব উদযাপন, কখনো ম্যাচ-পরবর্তী প্রেস ব্রিফিংয়ে রেফারিদের তুলোধুনো। পুরো ক্যারিয়ারেই প্রতিপক্ষ কোচদের শ্রদ্ধার চেয়ে শ্রাদ্ধ বেশি করে করা।

বলা হয়, গত ২৬ বছর রেড ডেভিলরা কখনো ১১ জন নিয়ে খেলতে নামেনি। নেমেছে ১২ জন নিয়ে! দুই যুগেরও বেশি সময় ধরে চেনা এই ছবিটার শূন্যতা আজ ভীষণভাবে ধরা পড়বে। ফার্গি-অধ্যায় পেছনে ফেলে আজ ইংলিশ প্রিমিয়ার লিগ শুরু করছে ম্যানচেস্টার ইউনাইটেড। শূন্যতার হাহাকার কি শুধু ইউনাইটেডের জন্য? ইংলিশ ফুটবলের জন্য কি নয়? ইংলিশ ফুটবল কি, এই শূন্যতা তো আসলেই ফুটবলেরই!

স্কটিশ পাকা-চুলো বুড়োর শূন্যতায় প্রলেপ দেওয়ার জন্য এভারটন থেকে আনা হয়েছে আরেক স্কটিশ ডেভিড ময়েসকে। ফার্গুসন নিজে উত্তরসূরি হিসেবে নির্বাচিত করেছেন ময়েসকে। ময়েস কতটা পারবেন এই শূন্যতা পূরণ করতে, তা সময়ই বলে দেবে।

ম্যানচেস্টার সিটি এবং চেলসিও তাদের এবারের লিগের অভিযান নতুনভাবে শুরু করতে যাচ্ছে। আগের মৌসুমে শিরোপা জিতিয়েও গতবার ‘ব্যর্থ’ বিবেচিত হওয়া রবার্তো মানচিনিকে ছাঁটাই করে সিটি মালাগা থেকে উড়িয়ে এনেছে ম্যানুয়েল পেলেগ্রিনিকে। মালাগার মধ্যবিত্ত সংসারে হাত টিপে খরচ করতে অভ্যস্ত পেলেগ্রিনি সিটি মালিকের সিন্দুক নিয়েই নেমে পড়েছে মাঠে। ইউনাইটেড যেখানে দলবদলের বাজারে তেমন বাজার-সদাই করেনি, সেখানে নগরপ্রতিদ্বন্দ্বীরা ৯ কোটি ডলার ডলার খরচ করে নতুন চারজন খেলোয়াড় দলে ভিড়িয়েছে। কাগজে-কলমে সিটিই এবার সবচেয়ে শক্তিশালী দল গড়েছে।

ওদিকে হোসে মরিনহো রিয়াল মাদ্রিদ থেকে ফিরে এসেছেন পুরোনো ঠিকানায়। স্বাচ্ছন্দ্যের সঙ্গেই পুরোনো সংসারে মিশে গেছেন এই পর্তুগিজ, অন্যান্য কোচের জন্য যা অবশ্যই সতর্কবার্তা। ফর্মহীন তোরেসকে নিয়েই কিছুটা চিন্তা, না হলে সব মিলিয়ে শিরোপার লড়াইয়ে অন্যতম ফেবারিট চেলসিও। আয়োজনে বাগড়া দেওয়ার জন্য মুখিয়ে আছে আর্সেনাল।

চ্যাম্পিয়নস লিগে ইংলিশ প্রিমিয়ার লিগের দলগুলোর ব্যর্থতা ছিল চোখে পড়ার মতো। মাত্রই কয়েক মৌসুম আগে চ্যাম্পিয়নস লিগে সগৌরবে ইংলিশ পতাকা ওড়ানো দলগুলোই গতবার সবাই একে একে বাড়ির রাস্তা মেপেছে শেষ আটের আগেই। এ কারণেই এবার ইংলিশ দলগুলোর ওপর রাখতে হবে বাড়তি চোখ। গতবারের ক্ষতি পুষিয়ে নিতে মুখিয়ে থাকবে তারা।

ইউনাইটেড, সিটি, চেলসির পাশাপাশি শেষ চারে জায়গা করে নেওয়ার লড়াইয়ে শামিল হবে আর্সেনাল, টটেনহাম ও লিভারপুল। টটেনহাম ও লিভারপুল তাদের স্কোয়াড গতবারের চেয়ে শক্তিশালী করেছে। যদিও ক্লাব দুটি তাদের দুই প্রধান অস্ত্রকে ধরে রাখতেই হিমশিম খাচ্ছে। গ্যারেথ বেল ও লুইস সুয়ারেজ যেকোনো মুহূর্তে পাল্টে নিতে পারেন ঠিকানা। ওদিকে গানাররা আবার সত্পাত্রে টাকা ঢালার মতো খেলোয়াড়ই নাকি পাচ্ছে না। ইয়াইয়া সানোগো নামের এক আনকোরা মুখকে দলে ভিড়িয়েছে তারা।

গত মৌসুমে সান্ডারল্যান্ড, নিউক্যাসল ও অ্যাস্টন ভিলা—তিনটি ক্লাবই রেলিগেশনের শঙ্কায় পড়েছিল। তবে শেষ পর্যন্ত খড়্গটা নেমেছিল কুইনস পার্ক রেঞ্জার্স, উইগান এবং রিডিংয়ের ওপর। এবার প্রিমিয়ার লিগে উঠে আসা নতুন তিনটি দল হাল সিটি, কার্ডিফ সিটি ও ক্রিস্টাল প্যালেসের অবনমনের আশঙ্কা থাকবেই।

এবার প্রিমিয়ার লিগে সর্বোচ্চ গোলদাতা কে হবেন, তা নিয়ে চলছে নানান জল্পনা-কল্পনা। সুয়ারেজ প্রথম কয়েকটি ম্যাচে নিষেধাজ্ঞার কারণে খেলতে না পারার ফলে লড়াইটাই সুবিধাজনক অবস্থানে থেকে শুরু করতে পারবেন রবিন ফন পার্সি। আক্রমণভাগের খেলোয়াড়দের মধ্যে এবার আলো ছড়াতে পারেন সার্জিও আগুয়েরো, এবং এবারই প্রথম ইংলিশ ফুটবলের স্বাদ নিতে আসা আলভারো নেগ্রেদোর দিকেও চোখ রাখতে হবে। এবার ইংলিশ প্রিমিয়ার লিগে দারুণ কয়েকজন খেলোয়াড় যোগ দিয়েছেন। তবে বেশি কৌতূহল থাকবে টটেনহামে যোগ দেওয়া রবার্তো সলদাদো এবং সিটির স্টিভেন জভেটিকের দিকে।

এবারই ইউরোপের প্রথম শীর্ষ লিগ হিসেবে গোললাইন প্রযুক্তির সূচনা করছে ইংলিশ প্রিমিয়ার লিগ। বল গোললাইন অতিক্রম করেছে কি না, তা হক-আই পদ্ধতিতে সাতটি ক্যামেরা ব্যবহারের মাধ্যমে রেফারিরা জেনে যাবেন সঙ্গে সঙ্গে। 

ফার্গুসনের বিদায়, মরিনহোর প্রত্যাবর্তন, নতুন প্রযুক্তির সূচনা, তারুণ্যে ভরপুর এক ঝাঁক নতুন খেলোয়াড়, গতিময় ফুটবলের চোখ ধাঁধানো সব পারফরম্যান্স, নাটকীয়তায় ভরপুর সব ক্লাইমেক্স—সব মিলিয়ে রোমাঞ্চের শিহরণ। আপনি প্রস্তুত তো!