শুরু হচ্ছে শ্রীলঙ্কার ‘আইপিএল’
আইপিএলের মতো এবার শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডও শুরু করতে যাচ্ছে ঘরোয়া টি-টোয়েন্টি লিগ। এ বছরের জুলাই-আগস্টেই শুরু হতে পারে নতুন এই লিগ। শ্রীলঙ্কার জ্যেষ্ঠ ক্রিকেটারদের নেতৃত্বে পাঁচটি অঞ্চলের দল নিয়ে এই লিগ শুরু হবে বলে জানা গেছে। এরই মধ্যে ভারত, অস্ট্রেলিয়া, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগও শুরু করেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড।সিঙ্গাপুর-ভিত্তিক সমারসেট এন্টারটেইনমেন্ট এই লিগটা পরিচালনা করবে। শ্রীলঙ্কান এই লিগ শুরু হলে পাকিস্তানি ক্রিকেটাররা অনেক লাভবান হবেন বলে ধারণা করছেন সবাই। আইপিএলে অংশ না নেওয়ার দুঃখ তাঁরা কিছুটা হলেও হয়তো ভুলতে পারবেন। পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক শহীদ আফ্রিদি ও সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার শ্রীলঙ্কান এই লিগে আলো ছড়াবেন বলে আশা অনেকের। এ ছাড়া দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার হারশেল গিবস, ওয়েস্ট ইন্ডিজের কিরণ পোলার্ড ও ক্রিস গেইলকে পাওয়ার জন্যও জোর চেষ্টা চালাচ্ছে শ্রীলঙ্কান এই লিগ কর্তৃপক্ষ। অলরাউন্ডার যুবরাজ সিংসহ বেশ কিছু ভারতীয় ক্রিকেটারকে পেতে চায় তারা। অনেকের সঙ্গে তাদের যোগাযোগও হয়েছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। নাম প্রকাশ না করার শর্তে ভারতীয় এক ক্রিকেটার বলেছেন, ‘রঞ্জি ট্রফির গত মৌসুম চলার সময় এই লিগে খেলার প্রস্তাব পেয়েছিলাম। আমি তখন খুব একটা রাজি হইনি। কিন্তু আয়োজকেরা বলেছিলেন যে এটা আইপিএলের মতো এত ব্যাপক আকারে হবে না। পরে আবার কথাবার্তা হবে, এ অবস্থায় তখনকার মতো এই আলোচনাটা শেষ হয়েছিল। এবার আইপিএল শেষ হওয়ার পর হয়তো তাদের দিক থেকে নতুন কোনো প্রস্তাব আসতে পারে।’ ক্রিকইনফো।