কয়েক বছর ধরেই টেস্টের এক নম্বর জায়গাটি নিয়ে শুরু হয়েছে মিউজিক্যাল চেয়ার খেলা। অস্ট্রেলিয়ার সাম্রাজ্য পতনের পর কোনো দলই বেশি দিন তা ধরে রাখতে পারছে না। গত বছর ইংল্যান্ডে গিয়ে ভারত এক নম্বর আসনটি সঁপে দিয়ে আসে হোয়াইটওয়াশ হয়ে। কয়েক মাস আগে ইংল্যান্ডকে তাদের দেশেই হারিয়ে সেটি আবার কেড়ে নিল দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার সেই শ্রেষ্ঠত্বও এবার চ্যালেঞ্জের মুখে।সেই চ্যালেঞ্জের নাম অস্ট্রেলিয়া। একসময় টেস্টের এক নম্বর জায়গাটিকে যারা বানিয়ে ফেলেছিল নিজেদের সম্পত্তি, সেই অস্ট্রেলিয়ার সামনে হারানো রাজত্ব পুনরুদ্ধারের সুযোগ। আগামীকাল ব্রিসবেনে শুরু হচ্ছে বহুল প্রতীক্ষিত অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা তিন টেস্টের সিরিজ, যাতে জিতলেই আবার টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে যাবে অস্ট্রেলিয়া। শীর্ষস্থান ধরে রাখতে দক্ষিণ আফ্রিকার সিরিজ না হারলেই চলবে। তবে গ্রায়েম স্মিথের দল সেই লক্ষ্যের কথা ভুলেও মুখে আনছে না। বরং অস্ট্রেলিয়ায় পা রাখার পর থেকেই গ্রায়েম স্মিথ স্মৃতিচারণা করছেন চার বছর আগে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট সিরিজ জয়ের। সেটির পুনরাবৃত্তির স্বপ্নটাও গোপন রাখেননি।অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা টেস্ট দ্বৈরথে এমনিতেই আগুনের স্ফুলিঙ্গ ঝরে। এক নম্বরের চ্যালেঞ্জটা যোগ হওয়ায় এবার আরও বেশি উত্তাপ ছড়ানোর আভাস। দুই দলের কথাবার্তায়ও সেই ইঙ্গিত। রিকি পন্টিং যেমন বলছেন, ‘দক্ষিণ আফ্রিকা বিশ্বের এক নম্বর দল। তারা তার যোগ্যও। কিন্তু আমি মনে করি, আমাদের মধ্যে ব্যবধানটা খুব বড় নয়। আমরা যখন এক নম্বরে ছিলাম, আমরা জানতাম, প্রতিটি দলই আমাদের তাড়া করছে। দক্ষিণ আফ্রিকাও সামনের কয়েকটা সপ্তাহ ধরে জানবে, খুব ভালো একটি দল তাদের তাড়া করে ফিরছে এবং এক নম্বর আসনটি কেড়ে নেওয়ার চেষ্টা করছে।’স্বপ্নপূরণের পথে অস্ট্রেলিয়া শুরুও করছে পয়া ভেন্যুতেই। ব্রিসবেনে গত ২৪ বছরে কোনো টেস্টে হারেনি অস্ট্রেলিয়া। তবে কিউরেটরের ভবিষ্যদ্বাণী অনুযায়ী গ্যাবার উইকেট যদি এবারও বাউন্সি এবং সবুজ হয়, সেটা হতে পারে অস্ট্রেলিয়ার জন্য হুমকির কারণও। কারণ, বিশ্বের এক নম্বর বোলার ডেল স্টেইন, মরনে মরকেল ও ভারনন ফিল্যান্ডার—দক্ষিণ আফ্রিকা নামছে পেস বোলিংয়ের ভয়ংকর এক প্যাকেজ নিয়েই। একসময় ব্যাটসম্যানদের নাকেমুখের জল এক করেছেন যিনি, সেই অ্যালান ডোনাল্ডের দাবি, এটাই দক্ষিণ আফ্রিকার ইতিহাসের সেরা পেস বোলিং লাইনআপ।শুধু বোলিংই কেন, জঁ পল ডুমিনি তো বলছেন, তাঁদের ব্যাটিং গভীরতাই হয়ে উঠবে সিরিজ নির্ধারক। দেখা যাক, কী হয়! রয়টার্স, ওয়েবসাইট।