শুরু হলো মেসির 'হ্যাটট্রিক'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরেকটি গোলের উদ্যাপনে মিললেন বার্সার তিন কুশীলব। ভ্যালেন্সিয়ার বিপক্ষে মেসি করেছেন হ্যাটট্রিক, এই তিন গোলের উত্সমুখে ছিলেন নেইমার ও ফ্যাব্রিগাস এএফপি
আরেকটি গোলের উদ্যাপনে মিললেন বার্সার তিন কুশীলব। ভ্যালেন্সিয়ার বিপক্ষে মেসি করেছেন হ্যাটট্রিক, এই তিন গোলের উত্সমুখে ছিলেন নেইমার ও ফ্যাব্রিগাস এএফপি

তিনবার ভ্যালেন্সিয়ার জালে বল পাঠালেন লিওনেল মেসি। অথবা গ্যারেথ বেলকে হয়তো স্বাগত জানালেন নিজের স্টাইলে! বললেন, ‘আমার রাজত্বে তোমাকে স্বাগত।’
শুধু তিনটি কেন, ছয়-সাতটি গোলও হতে পারত বিশ্বসেরা ফুটবলারের। হয়নি যে সেই কৃতিত্ব কিছুটা ভ্যালেন্সিয়ার গোলরক্ষক ডিয়েগো আলভেজের, কিছুটা দায় মেসির নিজেরও। মেসির হ্যাটট্রিকের পর ভ্যালেন্সিয়ার হয়ে পোস্তিগা পরপর দুই গোল করায় প্রথমার্ধ শেষেই স্কোর বার্সেলোনা ৩: ২ ভ্যালেন্সিয়া। দ্বিতীয়ার্ধে দুই দলই গোল নষ্ট করার মহড়া দেওয়ায় ম্যাচ শেষেও স্কোরলাইনটা বদলায়নি। তবে সব মিলিয়ে যা হয়েছে তাতে টিকিট কেটে খেলা দেখতে আসা মেসতালা স্টেডিয়ামের দর্শকদের ‘পয়সা উশুল’ কড়ায়-গন্ডায়।
ম্যাচ শুরুর আগেই টেলিভিশনে দেখাচ্ছিল ৪-৩-৩ ছকে দল সাজিয়েছেন বার্সা কোচ জেরার্ডো মার্টিনো। তার মানে প্রথম একাদশেই নেইমার-মেসি জুটি দেখার শিহরণ। এই দৃশ্য দেখার লোভেই এই মৌসুমে রাত জাগবেন ঠিক করে রেখেছিলেন এ দেশের ফুটবলপ্রেমীরা। কেমন জমল জুটি? ম্যাচ শেষে জবাব দিলেন স্বয়ং মার্টিনো, ‘প্রথম ম্যাচে মেসি-নেইমার জুটি জমেনি বলে অনেকে চিন্তিত ছিলেন। ২৪ ঘণ্টার মধ্যে ওরা দুজন সমস্যার সমাধান করে দিল।’
দুই তারকার উপস্থিতি উন্মাদনা বাড়িয়ে দিয়েছিল মেসতালা স্টেডিয়ামের। মেসির গোলের পর যেভাবে মেক্সিকান তরঙ্গের গমগম করা আওয়াজ ভেসে আসছিল তাতে বোঝার উপায় ছিল না এটা বার্সা খেলছে প্রতিপক্ষের মাঠে! প্রথম দুটি গোলের জোগানদাতা সেস ফ্যাব্রিগাস। তৃতীয় গোলটির উৎস নেইমার। সব মিলিয়ে লিগে নিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে মেসি হ্যাটট্রিক করেলেন প্রথমার্ধেই। কিন্তু স্প্যানিশ লিগে মৌসুমের প্রথম আর বার্সেলোনার হয়ে নিজের ২৩তম হ্যাটট্রিকের পর দ্বিতীয়ার্ধেও অন্তত চারটি সহজ সুযোগ নষ্ট করেছেন মেসি। এর মধ্যে দুটি তো প্রতিপক্ষ গোলরক্ষক আলভেজের সঙ্গে করমর্দনের দূরত্ব থেকে অল্পের জন্য বাইরে চলে যায়। তবে বল দখলে বার্সার আধিপত্য আর মেসির দুর্দান্ত পারফরম্যান্সের পরও খারাপ খেলেনি ভ্যালেন্সিয়া। বরং ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত ছিল সিনেমার রোমাঞ্চ। ৮৬ মিনিটে ভ্যালেন্সিয়ার জোনাসের শট পোস্টে না লাগলে মেসিদের ১ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হতো। তা না হয়ে শেষ পর্যন্ত যে বার্সেলোনা পুরো ৩ পয়েন্ট নিয়ে ফিরতে পারল তাতেই খুশি কোচ মার্টিনো, ‘এই ম্যাচ ৩-৩, ২-৩, ২-৫ এ রকম অনেক কিছুই হতে পারত। তবে কী হতে পারত এসব না ভেবে আমি বরং দল যেভাবে খেলেছে তাতে সন্তুষ্ট। আমরা যেটা চাইছিলাম সেটা পেয়েছি।’
মেসির সঙ্গে জুটিটা জমে ওঠার ইঙ্গিত, রোমাঞ্চকর এক ম্যাচে দারুণ জয়—সব মিলিয়ে খুশি নেইমারও। তবে এখনো কিছু জায়গায় উন্নতি করার সুযোগ আছে বলে মনে করেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার, ‘প্রথমার্ধের শেষে আমরা হয়তো কিছুটা গা ছেড়ে দিয়েছিলাম, যে কারণে দুটি গোল হজম করতে হয়েছে। পরের ম্যাচে এই ভুলগুলো শুধরে নিতে হবে।’
মেসির হ্যাটট্রিকে কিছুটা ম্লান হয়ে গেলেও একই রাতে ইতালিতে আলো ছড়িয়েছেন রবিনহো-মারিও বালোতেল্লিরা। সান সিরোতে ক্যালিয়ারির বিপক্ষে গোল করেছেন দুই মিলান তারকাই। সিরি ‘আ’তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মিলানও জিতেছে ৩-১ গোলে। নগরপ্রতিদ্বন্দ্বী ইন্টার মিলান ৩-০ গোলে হারিয়েছে কাতানিয়াকে। বুন্দেসলিগায় বরুসিয়া ডর্টমুন্ড ২-১ গোলে জিতেছে ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে। ফরাসি লিগে মোনাকো ২-১ গোলে হারিয়েছে মার্শেইকে। গোল পেয়েছেন মোনাকোর কলম্বিয়ান স্ট্রাইকার রাদামেল ফ্যালকাও। এএফপি।