শুরু হলো ‘জার্সি উৎসব’
জাতীয় ক্রিকেট দলকে প্রতিনিধিত্ব করতে পারেন আপনিও। আপনার নকশা করা জার্সি পরে মাঠ কাঁপাতে পারেন মাশরাফি-সাকিবরা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে জাতীয় ক্রিকেট দলের জার্সির নকশা প্রতিযোগিতা। প্রতিযোগিতার নাম দেওয়া হয়েছে ‘জার্সি উৎসব’।যেকোনো বয়সের বাংলাদেশি নাগরিক অংশ নিতে পারবেন প্রতিযোগিতায়। জার্সিতে থাকতে হবে লাল-সবুজের প্রাধান্য, স্পনসরদের লোগোর অবস্থানও ঠিক রাখতে হবে। এ ছাড়া আর কোনো নির্দেশনা নেই, নকশা করতে পারেন ইচ্ছামতো। কাল সংবাদ সম্মেলন করে ঘোষনা করা হয়েছে, আজ থেকে শুরু হবে প্রতিযোগিতা। কাগজে স্কেচ করে বা কাপড়ের তৈরি ক্ষুদ্রাকৃতির কোনো নমুনা জার্সির ডিজাইন জমা দিতে হবে। একজন যত ইচ্ছা নকশা জমা দিতে পারবেন। জিপিও বক্স নং-২০০৫, [email protected]— এই ই-মেইল ঠিকানায় অথবা সারা দেশের যেকোনো গ্রামীণফোন সেন্টারে জমা দিতে পারেন নকশা। জমা দেওয়ার শেষ তারিখ আগামী ১৪ নভেম্বর। বিস্তারিত জানতে পারেন www.jerseyutshob.com ওয়েব ঠিকানায়।দেশের প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার, সাবেক ক্রিকেটার, গ্রামীণফোন ও বিসিবির কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত জুরি বোর্ড জমা পড়া নকশাগুলোর মধ্য থেকে প্রাথমিকভাবে ১০০টি নকশা বাছাই করবে। এই ১০০ জার্সির ডিজাইনাররা পেশাদার ডিজাইনারদের সাহায্য নিয়ে যাঁর যাঁর নকশা চূড়ান্ত করবেন। এরপর পর্যায়ক্রমে ১০ জন ও পাঁচজন ডিজাইনার বাছাই করা হবে। সেরা পাঁচ ডিজাইনারের নকশা প্রকাশ করা হবে গণমাধ্যমে। এরপর জুরি বোর্ড আর মুঠোফোনে খুদেবার্তায় পাঠানো সাধারণ মানুষের যৌথ ভোটে নির্বাচিত হবেন চূড়ান্ত বিজয়ী। সেরা তিন ডিজাইনার পাবেন আকর্ষণীয় পুরস্কার। সংবাদ সম্মেলনে বিসিবি কর্মকর্তাদের সঙ্গে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের বিপণন যোগাযোগ বিভাগের প্রধান সৈয়দ তাহমীদ আজিজুল হক।তবে আপনার নকশা করা জার্সি পরে ক্রিকেটাররা মাঠ মাতাবেন, এর চেয়ে বড় পুরস্কার আর কী হতে পারে?