শুরু হোক নতুন পথের যাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবকিছু স্বপ্নের মতো লাগছে। এই মুহূর্তে যদি জরিপ করা হয় পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটি কে, আমার মনে হয়, সবার ওপরে থাকবে আমার নাম! ৪-০-তে নিউজিল্যান্ডের মতো দলকে হারানো...সত্যি বলছি, আমি নিজেও সিরিজ শুরুর আগে ভাবিনি। তবে এই সিরিজে আমরা ভালো কিছু করব—এই প্রত্যাশা আমার ছিলই। সিরিজ শুরুর আগে আমার অনুমান ছিল, ফলাফল হবে ৩-২। নিউজিল্যান্ড জিতলেও ওদের আমরা কাঁপিয়ে দেব। আমাদের সবার প্রত্যাশা ছাড়িয়ে গেছে এই সিরিজে।এটা আসলে দুই মাস ধরে আমাদের অক্লান্ত পরিশ্রমের ফসল। দর্শক-সমর্থকেরা শুধু ম্যাচের দিনে আমাদের খেলা দেখে। কিন্তু এই খেলাটির জন্য আমরা প্রতিদিন কত ঘাম ঝরাই, এটা অজানাই থেকে যায়। সব সময় প্রত্যাশার সঙ্গে প্রাপ্তি মেলে না। তখন দুঃখ হয়। কখনো কখনো হয়তো কান্নাও আসে। আবার যখন প্রাপ্তি ছাড়িয়ে যায় প্রত্যাশাকেও, তখনো কান্না আসে। আনন্দের কান্না।মাঠে, ড্রেসিংরুমে ট্রফি নিয়ে উল্লাসে মাতোয়ারা সতীর্থদের দেখে অন্যরকম একটা আবেগে ভরে গিয়েছিল আমার বুক। আমি অবশ্য ট্রফিটা হাত দিয়ে ধরিনি। এর মধ্যে ‘অন্যকিছু’ নেই। আসলে এই ট্রফিটার পুরো কৃতিত্ব আমি সাকিবকে দিতে চেয়েছি। বলতে পারেন, ট্রফিটা না ধরে আমি ওকে আমার অভিনন্দনটাই পৌঁছে দিলাম একটু অন্যভাবে!অনেকেই বলেন, বাংলাদেশের জয়ের দিনে আমি নাকি আগে থেকেই টের পাই। কাল কি পাচ্ছিলাম? এখন বললে কেউ বিশ্বাস করবেন কি না জানি না, আমার মনে হচ্ছিল ৩-০ যখন হয়ে গেছে, ৪-০ হবে। সাকিব-মুশফিকুরের জুটিটায় যখন আমরা ৫ উইকেটে ১৪৫-এর মতো রান করলাম, পাশে বসা সালাউদ্দিন ভাইকে (সাবেক ফিল্ডিং কোচ) বলছিলাম, ১৯০ রান হলেও আমরা জিতব। এর পেছনে ক্রিকেটীয় কারণও আছে। কালকের উইকেটটা ছিল খুবই স্লো। এখানে ব্যাটিং করা কঠিন। তার ওপর বাংলাদেশ দল টানা জিততে জিততে আত্মবিশ্বাসের তুঙ্গে ছিল। অন্যদিকে নিউজিল্যান্ডের আত্মবিশ্বাস গিয়ে পৌঁছেছিল তলানিতে।যেমন শুরু দরকার ছিল, ঠিক তেমনটাই এনে দিয়েছে রুবেল। এর সঙ্গে আমাদের দুর্দান্ত ফিল্ডিং যুক্ত হয়ে নিউজিল্যান্ডের গলায় ফাঁসটা আরও জেঁকে বসছিল। হ্যাঁ, মাঝখানে ভেট্টোরি-এলিয়ট মিলে ম্যাচটা বের করেই নিয়েছিল প্রায়। কিন্তু মিরপুরের আগের লো স্কোরিং ম্যাচগুলোর ফলাফল আমাকে জানিয়ে দিচ্ছিল, এই ম্যাচটার শেষও হবে উত্তেজনাপূর্ণ।কতটা উত্তেজনাপূর্ণ কীভাবে বলি! আমি নিজে একবার ড্রেসিংরুমে ঢুকছিলাম, একবার বের হচ্ছিলাম। মাঠে এ ধরনের পরিস্থিতির সঙ্গে অনেকবারই দেখা হয়েছে। কিন্তু কাল বুঝলাম, কোটি দর্শকের একজন হয়ে এমন নখকামড়ানো উত্তেজনায় ছটফট করার অনুভূতি। আমার কথা কী বলি, জেমিকেও (সিডন্স) দেখলাম অনেক চেষ্টা করেও উত্তেজনা আড়াল করতে পারছে না।সাকিব যতটা সম্ভব মাথা ঠান্ডা রাখতে পেরেছে। শেষের রণকৌশলটা ওর সাজানোই ছিল। কাইল মিলস শেষ দিকে ম্যাচটা বের করে নেওয়ার চেষ্টা করেছে। রুবেলের করা শেষ ওভারের প্রথম বলে চারও মেরেছিল। কিন্তু এ ধরনের পরিস্থিতিটাই হয় এমন—আপনি জিতবেন নয়তো আমি। রুবেলের ওপর আমার আস্থা ছিল। অভিষেকেই ও আমাদের একটা ম্যাচ জিতিয়েছিল শ্রীলঙ্কার বিপক্ষে। সেদিনও চার উইকেট নিয়েছিল। কিন্তু আজ আমার দেখা নিজের সেরা বোলিংটাই করেছে রুবেল।সব মিলিয়ে ব্যাটে-বলে এটা সাকিবেরই সিরিজ। কিন্তু দলের প্রত্যেককে কৃতিত্ব ভাগ করে দিতেই হবে। ব্যক্তিগতভাবে আমার একটু আক্ষেপ হচ্ছে দলে অবদান রাখতে পারিনি বলে। আমিও তো রক্ত-মাংসেরই মানুষ। তবে আশা করি, আসছে জিম্বাবুুয়ে সফরেই সেটা পুষিয়ে দেব।যেকোনো নতুন শুরুর জন্য একটা ভালো ‘টেক-অফ’ জরুরি। এই সিরিজটাকে আমি সেই শুরুটাই বলব। নতুন পথে যাত্রা শুরু হোক। বাংলাদেশ দলের সুখে-দুঃখে সব সময়ই পাশে থাকার জন্য আপনাকেও অভিনন্দন!