শুরু হয়ে গেল বিওএর বৃত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবকিছু ঠিকঠাক ছিল। বাকি ছিল আনুষ্ঠানিক অনুমোদন। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) নির্বাহী কমিটি কাল সেই অনুমোদন দিয়েছে। এর ফলে এ মাস থেকেই বিওএর বৃত্তি পাবেন ১৫ জন খেলোয়াড়।বৃত্তি দেওয়ার জন্য বাছাই কমিটি ১৪ জন খেলোয়াড়ের নাম জমা দিয়েছিল। বিওএর নির্বাহী কমিটি সেই তালিকাই অনুমোদন করেছে। মাসিক ১০ হাজার টাকার কোটায় পাঁচজনের বদলে বাছাই কমিটি দিয়েছিল চারজনের নাম, বিওএ একজন যোগ করেছে। তবে নতুন নাম নয়, ৫ হাজার টাকার কোটায় থাকা ভারোত্তোলক ফাহিমা আক্তারকে (ময়না) নিয়ে আসা হয়েছে ১০ হাজারের কোটায়। এই কোটার অন্য চারজন হলেন—শ্যুটার শারমিন আক্তার (রত্না), সাদিয়া সুলতানা ও আবদুল্লাহেল বাকি এবং গলফার দুলাল হোসেন।৫ হাজার টাকার কোটায় আছেন বক্সার জুয়েল আহমেদ ও আবদুর রহিম, তায়কোয়ান্দো খেলোয়াড় শাম্মী আক্তার, উশুর ইতি ইসলাম, কারাতেকা মরিয়ম খাতুন, আর্চার ইমদাদুল হক (মিলন) ও সজীব হোসেন, অ্যাথলেট সুমিতা রানী, সাঁতারু মাহফিজার রহমান, মহিলা কাবাডি দলের অধিনায়ক শাহনাজ পারভীন (মালেকা) ।বৃত্তির অন্যতম শর্ত, একজন খেলোয়াড় অন্য কোনো জায়গা থেকে বৃত্তি পেলে যেকোনো একটি নিতে হবে। পছন্দ করার ভার খেলোয়াড়ের। এই তালিকায় তিন-চারজন খেলোয়াড় আগে থেকেই বৃত্তি পাচ্ছেন। আপাতত এক বছর মেয়াদে বৃত্তি, ছয় মাস পর পুনর্মূল্যায়ন। বিওএর কালকের সভায় কমনওয়েলথ গেমস ও এশিয়ান গেমসে পদকজয়ীদের শিগগিরই সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। অর্থ পুরস্কার বাড়িয়ে এশিয়াডে সোনাজয়ী ক্রিকেটারদের এক লাখ করে, রুপাজয়ী মহিলা ক্রিকেটারদের ৫০ হাজার টাকা করে এবং ব্রোঞ্জের জন্য ৩০ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হবে। এ ছাড়া আগামী ২১-২৯ আগস্ট শ্রীলঙ্কায় প্রথম সাফ বিচ গেমসে মহিলা কাবাডি, ক্রিকেট, ফুটবল ও একজন বডিবিল্ডার পাঠানোর প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে এ সভায়।