শুরুটা ভালো করতে হবে
বাংলাদেশের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার অবাক হয়েছিলেন, সাকিবের টস জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্তে। সেই সিদ্ধান্ত যে মোটামুটি আত্মঘাতী ছিল, সেটা প্রমাণ হয়ে গেল ভারতের ইনিংসের শেষেই। টস হেরে ব্যাটিংয়ে নেমে শেবাগ-কোহলির তাণ্ডবে বাংলাদেশের বিপক্ষে ৩৭০ রানের মোটামুটি পাহাড়ই দাঁড় করিয়েছে ভারত। শেবাগের ১৪০ বলে ১৭৫ ও কোহলির ৮৩ বলে ১০০ রানই বলে দিচ্ছে, আজ দুপুরে মিরপুরের উইকেটটা কতটা ব্যাটিং উপযোগী ছিল।ভারতের ইনিংসের শেষে প্রথম আলো অনলাইনের সঙ্গে আলাপকালে হাবিবুল বাশার বলেন, ‘ভারতের এই স্কোর প্রত্যাশিতই ছিল। আমি বরং অবাক হয়েছিলাম সাকিবের সিদ্ধান্তে। কারণ, আমার অভিজ্ঞতা বলছে, দিবা রাত্রির ম্যাচে দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই উইকেটে ব্যাটিংটা খুবই সহজ। তাই, ভারত যে স্কোর দাঁড় করিয়েছে, সেটাকে আমি স্বাভাবিক হিসেবেই ধরে নেব।’বাশার বলেন, ‘এই বিশ্বকাপের সবচেয়ে শক্তিশালি ব্যাটিং লাইন আপ ভারতের। এই দলে শেবাগ, শচীনের মতো ব্যাটসম্যানরা রয়েছেন, রয়েছেন কোহলি, গম্ভীর, ইউসুফ পাঠানদের মতো ইনফর্ম ক্রিকেটার। তাই টসে জিতেও ফিল্ডিং বেছে নেওয়াটা যে সাকিবের ভুল সিদ্ধান্ত ছিল, সেটা প্রমাণ হয়েই গেছে।’হাবিবুলের মতে, ‘ফেব্রুয়ারির এই সময়ে সন্ধ্যায় শিশিরের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। মিরপুর স্টেডিয়ামে পরে ব্যাট করা দল জেতে এমন পরিসংখ্যানে কয়টা খেলা ফেব্রুয়ারি, মার্চে অনুষ্ঠিত হয়েছিল, সেটা দেখা উচিত।’ ‘৩৭০ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে বাংলাদেশের উচিত হবে ইনিংসের শুরুটা ভালো করা।’ হাবিবুল বাশারের অভিমত। তিনি বলেন, এই ম্যাচ থেকে বাংলাদেশ পরের ম্যাচগুলোর জন্য আত্মবিশ্বাস তুলে নিতে পারে।সবশেষে বাশার বলেন, এই ম্যাচে আমাদের হারাবার আর কিছু নেই। শুরুটা যদি ভালো হয়, তাহলে আমাদের উচিত যতটা সম্ভব রান তাড়া করা। শুরুটা ভালো না হলে, বাংলাদেশের উচিত ধীরে সুস্থে খেলে সম্মানজনক সংগ্রহের দিকে মনোনিবেশ করা।