শুরুটা ভালো করা সবচেয়ে জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাশরাফি বিন মুর্তজা
মাশরাফি বিন মুর্তজা

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট বললেই আমি ফিরে যাই ২০০৯ সালের চট্টগ্রামে। দেশের মাটিতে সেটিই হয়ে আছে আমার সর্বশেষ টেস্ট! লঙ্কানদের বিপক্ষে ৫ টেস্টে আমার সেরা পারফরম্যান্সও ছিল ওই টেস্টেই। ৩ উইকেট নিয়েছিলাম শ্রীলঙ্কার প্রথম ইনিংসে। মনে আছে, ম্যাচের প্রথম দুই ওভারেই আউট করেছিলাম প্রসন্ন জয়াবর্ধনে ও কুমার সাঙ্গাকারাকে। পরে ব্যাট হাতে ফিফটিও করেছিলাম (৬৩), দুটি ছক্কা মেরেছিলাম মুত্তিয়া মুরালিধরন ও অজন্তা মেন্ডিসকে। যদিও শেষ পর্যন্ত ম্যাচ হেরেছিলাম আমরা বড় ব্যবধানেই (৪৬৫ রানে)।
শ্রীলঙ্কার বিপক্ষে এটিই ছিল তখন বাংলাদেশের নিয়মিত চিত্র। কেন যেন ওদের বিপক্ষে প্রায় সময়ই বাজে হতো আমাদের পারফরম্যান্স, বরাবরই ওরা আমাদের উড়িয়ে দিয়েছে। তখন অবশ্য ওদের দলটাও দুর্দান্ত ছিল। এখনো দল ভালো, জয়াবর্ধনে-সাঙ্গাকারারা তো আছেই। তবে সনাৎ জয়াসুরিয়া, থিলান সামারাবীরা নেই। সবচেয়ে বড় স্বস্তি, বোলিং আক্রমণে মুত্তিয়া মুরালিধরন ও চামিন্ডা ভাস নাম দুটি নেই। দুজনই আমাদের অনেক ভুগিয়েছে।
ছবিটা পাল্টে যেতে শুরু করেছে গত সিরিজ থেকে। শ্রীলঙ্কায় গিয়ে দুর্দান্ত খেলেছে ছেলেরা। প্রথম টেস্টে গলের উইকেটে বোলারদের কিছুই করার ছিল না। ব্যাটসম্যানরা ঠিকই দারুণ দায়িত্ব নিয়ে খেলে ড্র করেছিল মাথা উঁচু করে। পরের টেস্ট হারলেও আমি বলব দল খারাপ করেনি। অনেকেই বলছে, ওই সিরিজটা আমাদের জন্য এবার বড় অনুপ্রেরণা। কিন্তু আমি ঠিক এভাবে দেখি না। এক সিরিজের আত্মবিশ্বাস আরেক সিরিজে বয়ে আনার ব্যাপারটি যত সহজে বলা হয়, কার্যত ব্যাপারটি মোটেও তেমন নয়। হ্যাঁ, শ্রীলঙ্কার বিপক্ষে মানসিক বাধা দূর করার আত্মবিশ্বাসটা থাকবে। তবে প্রতিটি দিন, প্রতিটি ম্যাচই নতুন। আমাদের নতুন করেই শুরু করতে হবে। এ জন্যই আমার মতে, শুরুটা খুব গুরুত্বপূর্ণ। তা আমরা ব্যাটিং করি বা বোলিং। তামিমের সঙ্গে শুভই (শামসুর রহমান) ওপেন করুক বা ইমরুল, তিনে হয়তো মার্শাল খেলবে, টপ অর্ডারে বড় জুটি গড়তে হবে। বোলিং করলে তেমনি পেসারদের শুরুতে উইকেট এনে দিতে হবে। সব দলের জন্যই শুরুটা ভালো হওয়া জরুরি, বাংলাদেশের জন্য আরও বেশি। আমি সব সময়ই দেখেছি, শুরুটা ভালো হলেই আমরা ছন্দ পেয়ে যাই।
ভালো শুরুর কথা বললে উইকেটের প্রসঙ্গও এসে যায়। পত্রিকায় দেখেছি, সাকিব-মুশফিকরা স্পোর্টিং উইকেট চেয়েছে। আমি যখন ওদের সঙ্গে প্র্যাকটিস করছিলাম, তখনো আমাদের এই আলোচনাই হয়েছে। উপমহাদেশের প্রথাগত উইকেটে আসলে ওদের সঙ্গে খুব বেশি সুবিধে করা যাবে না। আমাদের এখানে কখনোই খুব টার্নিং উইকেট হয় না। স্পিনিং উইকেট বানালে দেখা যায় সেটি বড়জোর একটু মন্থর হয়, ব্যাটসম্যানরা একটু সাবধানে খেললে অনেক রান করে। সে ক্ষেত্রে ওরা ৫০০-৫৫০ রান করলে আমরা চাপে পড়ে যাব। স্পোর্টিং উইকেট হলে সম্ভাবনা বেশি থাকবে। ওদের যা বোলিং আক্রমণ, সেটি সামলানোর সামর্থ্য ও টেকনিক এখন আমাদের ব্যাটসম্যানদের আছে। ইংলিশ কন্ডিশন হলে ভিন্ন কথা ছিল, বাতাস থাকে বলে ওখানে সুইং বেশি হয়। কিন্তু এমনিতে স্পোর্টিং উইকেটে লাকমল-ইরাঙ্গা-হেরাথদের খেলতে খুব একটা সমস্যা হবে না বলেই আমার বিশ্বাস। ওদের ২০ উইকেট নেওয়ার সামর্থ্য আমাদের বোলারদের আছে কি না, এই প্রশ্নও উঠতে পারে। আমার মতে, সামর্থ্যের চেয়ে বেশি প্রয়োজন সাহস। আত্মবিশ্বাস থাকলে সামর্থ্যের চেয়েও বেশি করা সম্ভব। উইকেট নেওয়ার মতো বল খুব বেশি করতে না পারলে ধারাবাহিকভাবে খুব ভালো জায়গায় বোলিং করে যেতে হবে। ওদের ভুল করতে বাধ্য করতে হবে।
দলের কাছে প্রত্যাশার কথা যদি বলি, সম্ভাবনার সীমান্তে আমি জয়ও দেখছি। কিছু ব্যাপার আমাদের পক্ষে এলে জেতা অসম্ভব নয়। তবে আমাদের কন্ডিশনে শ্রীলঙ্কার বিপক্ষে ড্রটাও অনেক ভালো ফল হবে আমাদের জন্য। নিয়মিত ড্র করাটা যদি আমরা শিখতে পারি, আস্তে আস্তে একদিন জয়ের অভ্যাসও গড়ে উঠবে।