শুরুটা ভালো হলো না ইংল্যান্ডের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের অ্যাশেজ সিরিজের ফেভারিট হিসেবে অনেকেই অস্ট্রেলিয়ার চেয়ে এগিয়ে রেখেছিলেন ইংল্যান্ডকে। প্রস্তুতি ম্যাচগুলোতেও বেশ ভালোই দাপট দেখিয়েছিলেন ইংলিশ ক্রিকেটাররা। কিন্তু মূল লড়াই শুরুর পর সব হিসাব-নিকাশ উল্টে দিয়েছে অস্ট্রেলিয়া। ব্রিসবেনে অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনটা নিজেদের নিয়ন্ত্রণেই রেখেছে অসিরা। পিটার সিডলের দুর্ধর্ষ বোলিংয়ে ইংল্যান্ডকে মাত্র ২৬০ রানে গুটিয়ে দিয়ে সমালোচকদের মুখ কিছুটা হলেও বন্ধ করতে পেরেছে পন্টিং বাহিনী।আজ দিনের তৃতীয় বলেই ইংলিশ অধিনায়ক অ্যান্ডি স্ট্রাউসকে আউট করে অস্ট্রেলিয়ার পক্ষে শুভসূচনা করেছিলেন বেন হিলফেনহউস। স্কোর বোর্ডে মাত্র ৪২ রান জমা হতেই শেন ওয়াটসনের বলে বোল্ড হয়ে ফিরে যান জনাথন ট্রট। তৃতীয় উইকেট জুটিতে ৭৬ রান যোগ করে ঘুরে দাঁড়ানোর আশা জাগিয়েছিলেন কেভিন পিটারসন আর অ্যালিস্টার কুক। কিন্তু ৪৩ রান করা পিটারসনকে ফিরিয়ে দিয়ে দিনের প্রথম উইকেটটি তুলে নেন পিটার সিডল। দুই ওভার পর কলিংউডও পরিণত হন সিডলের শিকারে। পঞ্চম উইকেট জুটিতে ব্যাটিং বিপর্যয় কিছুটা সামাল দেওয়ার চেষ্টা চালিয়েছিলেন অ্যালিস্টার কুক আর ইয়ান বেল। যোগ করেছিলেন ৭২ রান। কিন্তু দ্বিতীয় স্পেলে বল করতে এসে আবারও ইংল্যান্ডকে বড়সড় ধাক্কা দিয়েছেন সিডল। পরপর তিন বলে ফিরিয়ে দিয়েছেন কুক, ম্যাট প্রিয়র আর স্টুয়ার্ট ব্রডকে। টেস্ট ইতিহাসের ৩৪তম বোলার হিসেবে পূর্ণ করেছেন হ্যাটট্রিক। এক ওভার পর গ্রায়েম সোয়ানকেও সাজঘরে পাঠিয়েছেন এলবিডব্লিউর ফাঁদে ফেলে। ইংল্যান্ডের স্কোর তখন ৮ উইকেটে ২২৮ রান। শেষদিকে দ্রুত রান সংগ্রহের চেষ্টা চালাচ্ছিলেন ইয়ান বেল। কিন্তু জাভিয়ের ডোহার্টির প্রথম টেস্ট উইকেট শিকারে পরিণত হয়ে শেষ হয় তাঁর ৭৬ রানের লড়াকু ইনিংস। ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয় ২৬০ রানে।দিনের শেষে ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়ে ২৫ রান করেছে অসিরা। শেন ওয়াটসন ৯ ও সাইমন ক্যাটিচ ১৫ রানে অপরাজিত আছেন। —ক্রিকইনফো