শুরুটা ভালোই হলো চ্যাম্পিয়ন রাজশাহীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন ফরম্যাট অনুযায়ী কাল শুরু হওয়া জাতীয় লিগের দ্বিতীয় রাউন্ডটা মূলত ফাইনালে যাওয়ার লড়াই। এই রাউন্ড শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল মুখোমুখি হবে ৬ মার্চ থেকে শুরু পাঁচ দিনের ফাইনালে। তা বগুড়ায় ফাইনালের দৌড়ে শুরুটা খারাপ করেনি চার দিনের ম্যাচের গতবারের চ্যাম্পিয়ন রাজশাহী। চট্টগ্রামকে ১৯৮ রানে অলআউট করে দিয়ে কাল দিন শেষে তাদের প্রথম ইনিংসের স্কোর ৩ উইকেটে ১২৫ রান।আর চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ঢাকার বিপক্ষে খুলনা প্রথম ইনিংসে অলআউট হয়েছে ২৪৪ রানে। দিন শেষে কোনো উইকেট না হারিয়ে ৯ রান ঢাকার।বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে রাজশাহীর বাজে ফিল্ডিংয়ের দিনেও প্রথম ইনিংসটা বেশি দূর টেনে নিতে পারেনি চট্টগ্রাম। দলের মাত্র ৫ রানে ওপেনার মাহবুবুল করিমকে হারিয়ে তাদের প্রথম ইনিংস শুরু। সেই ধাক্কা শেষ পর্যন্ত কাটিয়ে উঠতে পারেনি তারা। আরেক ওপেনার নাফিস ইকবাল দ্বিতীয় উইকেটে গাজী সালাউদ্দিনের সঙ্গে ৬২ ও তৃতীয় উইকেটে রেজাউল করিমের সঙ্গে ৫৭ রানের জুটি গড়ে চেষ্টা করলেও চট্টগ্রামের স্কোরবোর্ডটা বেশ ম্লান। মিডল-অর্ডারের ব্যর্থতায় শেষ ৮ উইকেট তারা হারিয়েছে মাত্র ৭৪ রানে। ৩৬ রানে ৫ উইকেট নিয়ে রাজশাহীর স্পিনার সোহরাওয়ার্দীই আসলে ধসিয়ে দিয়েছেন চট্টগ্রামকে।মাত্র ৪২ রানে ৩ উইকেট হারিয়ে রাজশাহীর শুরুটাও হয়েছিল নড়বড়ে। চতুর্থ উইকেটে ফরহাদ হোসেন ও আনিসুর রহমানের অবিচ্ছিন্ন ৮৩ রানের জুটিতে সেই ধাক্কা সামলে উঠেছে তারা।চট্টগ্রামে ব্যাটিং বিপর্যয় দিয়ে দিন শুরু হয়েছিল খুলনারও। ঢাকার পেসার মাহবুবুল আলম খুলনাকে শূন্য রানে রেখেই ইনিংসের চতুর্থ ও পঞ্চম বলে তুলে নিয়েছেন ওপেনার অমিত মজুমদার ও মোহাম্মদ মিঠুনের উইকেট। নিজের পরের ওভারের প্রথম বলে মাহবুবুল যখন নাজমুস সাদাতকেও তুলে নেন, খুলনার রান তখন মাত্র ২! ওপেনার তাপস ঘোষ আর তুষার ইমরান বিপর্যয়টা সামলেছেন চতুর্থ উইকেটে ৪৬ রানের জুটি গড়ে। ১৮০ বল খেলে ৫৮ রান করে আউট হওয়া তাপস আসল কাজটা করেছেন সগীর হোসেনের সঙ্গে ১২৭ রানের জুটিতে। ১৪২ বলে ৭৭ রান করেছেন খুলনা অধিনায়ক সগীর। দিনের শুরুতেই ৩ উইকেট নেওয়া মাহবুবুল পরে ফিরিয়েছেন ডলার মাহমুদকেও। ১১ রানে ৩ উইকেট নিয়েছেন রনি তালুকদার।