শুরুটা সহজ হবে না ইংল্যান্ডের
বিশ্বকাপে ৪৪ বছরের খরা কাটাতে ইংল্যান্ড যে কতটা মরিয়া, তার প্রমাণ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের ‘কাম অন ইংল্যান্ড’ বার্তা। বিশ্বকাপে আজ রাতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার আগে ইংল্যান্ডের কোচ ফ্যাবিও ক্যাপেলো ও খেলোয়াড়দের কাছে পাঠানো এক বার্তায় তিনি সবাইকে শুভকামনা জানিয়ে বলেছেন, ‘আমরা সবাই আজ যুক্তরাষ্ট্রের বিপক্ষে গুরুত্বপূর্ণ খেলায় ইংল্যান্ড দলের সঙ্গে আছি।’ ব্রিটিশ প্রধানমন্ত্রী ইংল্যান্ডের সমর্থকদের নিয়ে গড়া অনলাইন স্কোয়াডের ১,৫০,০০০তম সদস্য হিসেবে নিজের নাম লিখিয়েছেন।বিশ্বকাপে ইংল্যান্ডের সাফল্যের জন্য অধীর আগ্রহে অপেক্ষায় আছেন দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে একজন সাধারণ মানুষও। ১৯৬৬ সালে প্রথম ও শেষবারের মতো বিশ্বসেরার মুকুটটা নিজেদের সঙ্গী করতে পেরেছিল ফুটবলের জনকেরা। এর পরের ইতিহাসটা কেবলই না পাওয়ার, ব্যর্থতার আর কান্নার। ১৯৯০-তেই কেবল শেষবারের মতো বিশ্বকাপ শিরোপার একটু কাছাকাছি পৌঁছতে পেরেছিল ইংল্যান্ড। যদিও সেবার সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছিল ইংল্যান্ডকে।আজ ইংল্যান্ড সবকিছু ভুলে মাঠে নামবে নতুন এক ইতিহাস গড়তে। সেই ইতিহাস গড়ার পথচলায় প্রথম বাধা যুক্তরাষ্ট্র। ১৯৫০ সালের পর এই প্রথমবারের মতো বিশ্বকাপের ময়দানে মাঠে নামছে এই দুই দল। পঞ্চাশের স্মৃতিটা অবশ্য আজও তাড়িয়ে বেড়ায় ইংলিশদের। সেবার যুক্তরাষ্ট্রর কাছে ১-০ গোলে হেরে গিয়েছিল ইংল্যান্ড। আজকের ম্যাচটির আগে ইংল্যান্ডের চিন্তা-চেতনায় জুড়ে রয়েছে সেই ম্যাচটি। পূর্বসূরিদের ব্যর্থতার প্রতিশোধ নিয়েই এবারের বিশ্বকাপ মিশন শুরু করতে চান রুনি-জেরার্ড-টেরি-ল্যাম্পার্ডরা।অন্যদিকে যুক্তরাষ্ট্র কি ইংল্যান্ডকে ছেড়ে কথা বলবে? ফিফা র্যাংকিংয়ে ১৪ নম্বর দল হিসেবে র্যাংকিংয়ের ৮ নম্বরে থাকা দলের বিপক্ষে খেলাটি হাড্ডাহাড্ডি লড়াই হিসেবেই দেখছে তারা। বিশ্বকাপের আগে দলটির আন্তর্জাতিক রেকর্ডও মোটামুটি ভালো। বাছাইপর্বে উত্তর আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে শীর্ষে থেকেই বিশ্বকাপে খেলতে এসেছে তারা। বাছাইপর্বে মাত্র দুটি পরাজয়ের রেকর্ডের পাশাপাশি গত বছর কনফেডারেশন কাপের সাফল্যও যুক্তরাষ্ট্রকে এগিয়ে রাখবে অনেকটাই। কাজেই যুক্তরাষ্ট্রের সামর্থ্য নিয়ে সন্দেহ প্রকাশের কোনো অবকাশ নেই। যুক্তরাষ্ট্রের আক্রমণভাগের প্রধান ভরসা জজি আলটিডোরও ইনজুরি কাটিয়ে উঠেছেন। গোলবারের নিচে দাঁড়িয়ে ইংল্যান্ড স্ট্রাইকারদের বেশ সমস্যাতেই ফেলে দেওয়ার কথা এ সময়ের অন্যতম সেরা গোলকিপার টিম হাওয়ার্ডের।ইংল্যান্ড গত ইউরো চ্যাম্পিয়নশিপে চূড়ান্তপর্বেই যেতে পারেনি। সে ব্যর্থতা কাঁটা হয়ে বিঁধে রয়েছে ইংলিশ-সমর্থকদের বুকের মধ্যে। ইতালীয় কোচ ফ্যাবিও ক্যাপেলোর অধীনে বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত খেলেই বিশ্বকাপে এসেছে তারা। বাছাইপর্বে আশাজাগানিয়া পরফরম্যান্স বিশ্বকাপে বড় কিছু করার স্বপ্ন দেখাচ্ছে ইংলিশদের। তবে এরই মধ্যে দুর্ভাগ্য পিছু নিয়েছে ইংলিশদের। বিশ্বকাপের আগে নানা দুর্ভাগ্য তাদের জন্য নতুন কিছু না হলেও এবারেরটা আঘাত হয়েই এসেছে দলের জন্য। ইনজুরির কারণে হারাতে হয়েছে ইনফর্ম অধিনায়ক রিও ফার্ডিনান্দকে। সময়ের অন্যতম সেরা এই খেলোয়াড়কে আজকে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচে যথেষ্টই মিস করবেন কোচ ক্যাপেলো। তাঁর জায়গায় মাঠে নামবেন লেডলি কিং। মাঝমাঠ থেকে আক্রমণ তৈরির ভার থাকবে জেরার্ড-ল্যাম্পার্ডের কাঁধে। আর তাঁদের সামনেই থাকবেন এ সময়ের অন্যতম সেরা স্ট্রাইকার ওয়েইন রুনি। রুনিকে ঘিরেই নাকি বিশ্বকাপের স্বপ্নের জাল বুনেছে ইংল্যান্ড দল। কোচ ক্যাপেলো নাকি রুনিকে মাঠে মাথা ঠান্ডা রাখার পরামর্শ দিয়েছেন। সবার ভয়, রুনি ২০০৬-এ পর্তুগালের বিপক্ষে ম্যাচের মতো না আবার কোনো কাণ্ড করে বসেন। এখন সবার অনুরোধ, পরামর্শ রুনির কানে গেলেই হয় !