শুরুটাই গুরুত্বপূর্ণ, বললেন মাশরাফি
সাত উইকেটের সহজ জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের শুরুটা বেশ ভালো-মতই করেছে বাংলাদেশ। এবার সেই সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখার প্রত্যয় নিয়েই আগামীকাল দ্বিতীয় ম্যাচে মাঠে নামতে যাচ্ছে টাইগাররা। আর কাঙ্ক্ষিত জয়টা পাওয়ার জন্য শুরুটাই খুব গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন মাশরাফি বিন মুর্তজা। দুই ইনিংসের প্রথম এক ঘণ্টাই ম্যাচের ফলাফল নির্ধারণ করবে বলে মনে করছেন বাংলাদেশের এই পেসার।খুলনায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচটাতে বাংলাদেশে জয়ে শুরুটাই মুখ্য ভূমিকা রেখেছে। প্রথমে বল হাতে খুব দ্রুতই সফরকারীদের তিনটি উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ। পরবর্তীতে ব্যাট হাতে শুরুটাও দারুণভাবে করেছিলেন তামিম ইকবাল ও এনামুল হক। উদ্বোধনী জুটিতেই ৮৮ রান যোগ করে তাঁরা গড়ে দিয়েছিলেন জয়ের ভিত্তি। দ্বিতীয় ম্যাচেও এই শুরুটাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করেন মাশরাফি বিন মোর্তজা। তিনি বলেছেন, ‘শুরুটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথমেই যদি আমরা দুই-তিন উইকেট হারিয়ে ফেলি তাহলে ম্যাচের বাকি সময় আমাদের ধুঁকতে হবে। প্রথমে যদি আমরা বল করি তাহলেও একই ঘটনা। প্রথম ম্যাচে আমরা বল হাতে দারুণ সূচনা করেছি। প্রথম পাঁচ-ছয় ওভারে কোন উইকেট নিতে না পারলেও তাদের রানের গতি নিয়ন্ত্রণে রাখতে পেরেছি।’ প্রথম ১০ ওভারের মধ্যে ওয়েস্ট ইন্ডিজকে ৫০ রানের মধ্যে আটকে রাখতে হবে বলে সতীর্থদের স্মরণ করিয়ে দিয়েছেন এই পেসার। তিনি বলেছেন, ‘যদি প্রথম ১০ ওভারে আমরা তাদের সংগ্রহটা ৫০ রানের মধ্যেই রাখতে পারি, তাহলে পরবর্তীতে স্পিনাররা অনেক সুবিধা পাবে।’সিরিজের প্রথম ম্যাচে মাত্র ১৩৩ রানে ওয়েস্ট ইন্ডিজের ৮টি উইকেট তুলে নেওয়ার পরও যে তারা ১৯৯ রান পর্যন্ত যেতে পেরেছে সেটা বোলারদের ব্যর্থতা হিসেবেই দেখছেন মাশরাফি। আর তামিম ও এনামুলের উদ্বোধনী জুটিটা আরও বড় হতে পারত বলে মনে করেন সাবেক এই অধিনায়ক। ফলে প্রথম ম্যাচে জয় পেলেও সেখান থেকে অনেক শিক্ষা নেওয়ার আছে বলে সতীর্থদের স্মরণ করিয়ে দিয়েছেন মাশরাফি। আর সেই ভুলগুলো শুধরেই আগামীকাল দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।— ক্রিকইনফো