শুরুতে একটু ক্ষুব্ধই ছিলেন ক্রুইফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লোডভিক ডি ক্রুইফ
লোডভিক ডি ক্রুইফ

সভাকক্ষে ঢোকার আগে দেখলেন একদল সাংবাদিক। সবাই তাঁর বক্তব্য চান। ‘কিছুই বলব না’ বলে গটগট করে ভেতরে ঢুকে গেলেন লোডভিক ডি ক্রুইফ, সঙ্গে সহকারী রেনে কোস্টার। ঘণ্টা দুয়েক পর তাঁরা সভাকক্ষ থেকে বেরোতেই জটলা আরও বড় হয়ে উঠল। কী আলোচনা হলো? প্রশ্নটা পছন্দ হয়নি তাঁর। প্রশ্নকর্তা সাংবাদিকের সঙ্গে খানিকটা লেগেই গেল ডাচ কোচের। পরে অবশ্য মিনিট ছয়েক ধরে নানা প্রশ্নের উত্তর দিয়ে বেরিয়ে গেলেন বাংলাদেশ কোচ।যাওয়ার আগে সাফ ব্যর্থতার নানা দিক নিয়ে নিজের বক্তব্য বাফুফের তদন্ত কমিটির সামনে তুলে ধরেছেন। কী বলেছেন তিনি, সেটা জানার আগে বলে রাখা দরকার, এই কমিটির সামনে হাজির হয়ে শুরুতেই উষ্মা প্রকাশ করেছেন এই ডাচ। পরে কমিটির প্রধান বাদল রায় বলছিলেন, ‘কোচ তো তাঁকে কমিটির সামনে আসতে বলার প্রক্রিয়া নিয়ে একটু ক্ষুব্ধই ছিলেন শুরুতে। পরে আমি তাঁকে বুঝিয়েছি, কাঠমান্ডু ব্যর্থতার কারণ কী, সেটা দেশবাসীকে আমাদের জানাতে হবে। এরপর আস্তে আস্তে স্বাভাবিক হয়ে অনেক কথাই বলেছেন।’তবে সাংবাদিকদের সব কথা বলতে রাজি হননি ডি ক্রুইফ। ‘যা বলার সবই কমিটির কাছে একটু আগেই বলে এসেছি’—এটা বলার পর নিজেই যোগ করলেন, ‘কোনো কিছুই গোপন থাকুক চাই না। আমি নিজেও কিছু গোপন করতে চাই না। বাফুফে একটা বড় সংবাদ সম্মেলন ডাকতে পারে, যেখানে আমি ভিডিও বিশ্লেষণ করে সবকিছু দেখাব। আমি আমার সব কথা অকপটে প্রেসকে বলব।’ কী বলবেন ডি ক্রুইফ? গোপন কী আছে, যে কারণে অষ্টম সাফ ফুটবলে তিন মাচে মাত্র ১ পয়েন্ট নিয়ে বিদায় নিয়েছে বাংলাদেশ? সেটা হয়তো পরে জানা যাবে। তবে কোচ হিসেবে তাঁর নিজের কোন দায় আছে কি না, সেই প্রশ্ন করার সুযোগ দেননি ডি ক্রুইফ।

‘তদন্ত কমিটির সঙ্গে খুব ফলপ্রসূ আলোচনা হয়েছে। সাফে প্রত্যাশিত ফল না পাওয়ার কারণ তারা জানতে চেয়েছে। এ থেকে শিক্ষা নিয়ে এগোতে হবে আমাদের’—সাংবাদিকদের সামনে এভাবেই শুরু করেন কোচ। দলের ফিটনেস সমস্যা নিয়ে ওঠা প্রশ্নের উত্তরে বলেছেন, ‘চোটের কারণে গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড়কে আমরা পাইনি। মামুনুল, সোহেল। গোলরক্ষক সোহেলের চোট আমাদের সমস্যায় ফেলেছে। মিডফিল্ডার রাজুর নিবন্ধন করা যায়নি।’

মামুনুল ছাড়া বাকিরা সবাই কি খুব গুরত্বপূর্ণ? এই প্রশ্ন অনেকেরই। এখন কি এসব ব্যর্থতার অজুহাত দেখাতে চান কোচ? এটাও কারও কারও প্রশ্ন। তবে টুর্নামেন্টের গ্রুপ পর্ব থেকেই বিদায়ের পেছনে ভাগ্যকেও দুষছেন ডি ক্রুইফ, ‘কিছুটা দুর্ভাগ্যও ছিল আমাদের। ভারত ও পাকিস্তানের বিপক্ষে আগে গোল করে জেতা যায়নি। এই দুটি ম্যাচ জিতলে এত কথা হতো না।’

কয়েকজন খেলোয়াড়র মাঠে শতভাগ দেয়নি বলে কাঠমান্ডুতে বসেই ক্ষোভ জানিয়েছিলেন ডি ক্রুইফ। কাল তদন্ত কমিটির কাছে খেলোয়াড়দের ওই মানসিকতার সমালোচনা করলেও কারও নাম নাকি বলেননি। তবে আবারও স্পষ্ট করেই বলেছেন, ‘নতুন জাতীয় দল গড়ব আমরা। ইরাকগামী অনূর্ধ্ব-১৯ দলে বেশ কয়েকজন ভালো খেলেছেন আছে, যারা এখনই ইউরোপে খেলার যোগ্যতা রাখে।’

এসব খেলোয়াড়কে গড়ে তুলতে উন্নত সুযোগ-সুবিধা দাবি করেছেন কোচ। যেটি পরে শোনা গেল বাদল রায়ের মুখে, ‘কোচ অন্য অনেক সুযোগ-সুবিধার সঙ্গে শক্তিশালী বিদেশি দলের সঙ্গে প্রীতি ম্যাচ খেলতে চান। তাঁর চাহিদা পূরণ করা দরকার।’ আজই তদন্তকাজ শেষ করে দু-চার দিনের মধ্যে যে রায় দেওয়া হবে, তাতে কোচের চাওয়াকেই প্রাধান্য দেওয়ার ইঙ্গিত দিয়েছেন বাদল রায়।