শুরুতে কোচকে আর অবাধ স্বাধীনতা নয়!
গত মাসে দিল্লি সাফ ফুটবলে গ্রুপ থেকেই বিদায় নিয়েছে বাংলাদেশ দল। তিন ম্যাচে একটি ড্র, দুটি হার। এই শোচনীয় ব্যর্থতার কারণ হিসেবে অনেক কথাই এসেছে। একাদশ গড়তে না পারা, দল নিয়ে বড় বেশি পরীক্ষা-নিরীক্ষা করার জন্য কাঠগড়ায় অনেক আগেই তোলা হয়েছে কোচ নিকোলা ইলিয়েভস্কিকে। মেসিডোনিয়ান কোচ চাকরি ছেড়ে গেলেও প্রকারান্তরে তাঁকে বিদায়ই দিয়েছে বাফুফে।তারপর থেকে আনুষ্ঠানিকভাবে ব্যর্থতার কারণ খোঁজা শুরু। এই পরিপ্রেক্ষিতে বিদায়ী কোচ ইলিয়েভস্কি, সহকারী কোচ গোলাম জিলানী, ম্যানেজার আরিফ খান, দলনেতা হারুনুর রশিদের রিপোর্ট এবং অধিনায়ক সুজন ও সহ-অধিনায়ক আরিফের জবানবন্দি নিয়েছে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি। সেই থেকে পাওয়া গেছে একটা মূল্যায়ন। ব্যবস্থাপনা কমিটির সদস্য সাবেক ফুটবলার হাসানুজ্জামান বাবলু কাল জানিয়েছেন, ‘আমরা একটা রিপোর্ট তৈরি করছি। বিভিন্ন রিপোর্ট আমলে নিয়ে ব্যবস্থাপনা কমিটির পর্যবেক্ষণ হলো, কোচই আশি ভাগ দায়ী। তিনি একটা একাদশই গড়ে তুলতে পারেননি। পাশাপাশি কিছু খেলোয়াড়ের কমিটমেন্টের অভাব ছিল, কিছু খেলোয়াড় দল বাদ দিয়ে নিজেকে নিয়েই ভেবেছে। ম্যানেজার নিয়োগ নিয়ে শেষ মুহূর্তে ওলট-পালটও ঠিক হয়নি।’বাবলু যোগ করছেন, ‘ইলিয়েভস্কিকে অবাধ স্বাধীনতা দেওয়া হয়েছিল। কিন্তু তিনি সদ্ব্যবহার করতে পারেননি। যে খেলোয়াড়কে পছন্দ সাতপাঁচ না ভেবেই দলে নিয়েছেন। এক ম্যাচ পর বাদ। ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত, ভবিষ্যতে দু-তিন বছর মেয়াদি কোচ আনা হবে এবং শুরুতে কোচকে অবাধ স্বাধীনতা দেওয়া হবে না। কমিটি একটা প্রাথমিক খেলোয়াড় তালিকা করে দেবে। সেখান থেকেই খেলোয়াড় নিতে হবে কোচকে।’কোচকে অবাধ স্বাধীনতা দেওয়া হবে না! এর মধ্যে যে কেউ কোচ নিয়ন্ত্রণের আলামত দেখতে পারেন। তবে বাবলুর ব্যাখ্যা, ‘কোচের স্বাধীনতার বিপক্ষে নই আমরা। কিন্তু নতুন কোচ এসে কার্যত কিছুই জানেন না। তাই শুরুতে তাঁর হাতে সব ক্ষমতা দিলে দলের জন্যই যে ক্ষতি হয়, এই সাফই সেটির প্রমাণ।’