শুরুতে গোল ঠেকাতে হবে ফ্রান্সকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপের আগে ফ্রান্সের একটাই শঙ্কা—শুরুতে গোল খেয়ে যাওয়া। ম্যাচের ফলাফল যা-ই হোক না কেন, আগেভাগে গোল খেয়ে যাওয়া যেন ফ্রান্সের অভ্যস্ততায় পরিণত হয়েছে। বিশ্বকাপে ভালো করতে হলে এটি ঠেকাতে হবে বলে গতকাল বৃহস্পতিবার মন্তব্য করেছেন দলটির মিডফিল্ডার ফ্লোরেন্ট মালোদা।বিশ্বকাপকে সামনে রেখে প্রথম দুটি ওয়ার্ম আপ ম্যাচের দুটিতেই আগে গোল খেয়েছে ফ্রান্স। হাতেনাতে ফলও পেতে হয়েছে সাবেক এই বিশ্ব চ্যাম্পিয়নদের। কোস্টারিকার বিপক্ষে অনেক কষ্টে ২-১ গোলে জয় পেলেও তিউনিসার সঙ্গে ড্রয়ের লজ্জা পেতে হয়েছে ফ্রান্সকে। গতকাল অনুশীলন ক্যাম্পে রয়টার্সকে দলটির মিডফিল্ডার মালোদা বলছেন, ‘বড় কেনো প্রতিযোগিতায় আগে গোল খেয়ে বসলে দলের অনেক ক্ষতি হয়ে যায়।’ এর পরই চেলসির এই মিডফিল্ডার যোগ করেন, ‘বড় দলগুলোর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, তারা আগে গোল খেয়ে বসে না।’বিশ্বকাপে দলের সম্ভাবনা সম্পর্কে বলতে গিয়ে মালোদা বলেন, ‘আমাদের যা প্রয়োজন তা হলো, প্রথম দুটি ওয়ার্ম আপ ম্যাচ থেকে শিক্ষা নেওয়া। আমি দলের রক্ষণভাগকে দায়ী করছি না। আমাদের ভেতরে যোগাযোগের অভাব রয়েছে। সবচেয়ে বড় ব্যাপার হলো, যেভাবেই হোক শুরুতে গোল খাওয়া ঠেকাতে হবে ফ্রান্সকে।’