
অস্ট্রেলিয়ান ওপেনের উদ্বোধনী দিনে কাল কোর্টে নেমেছিলেন নোভাক জোকোভিচ, সেরেনা উইলিয়ামসসহ টেনিসের শীর্ষ অনেক তারকাই। দর্শকদের বিশেষ কৌতূহল ছিল ৬ নম্বর কোর্টে দিনের প্রথম ম্যাচটিকে ঘিরেও। তারকাখ্যাতি ছাপিয়ে যে ম্যাচে দুই প্রতিদ্বন্দ্বীর বয়সটাই ছিল বেশি আলোচিত!
নেটের এক পাশে সুইজারল্যান্ডের বেলিন্ডা বেনচিচ গ্র্যান্ড স্লামের সিনিয়র বিভাগে খেলতে নামেন এই প্রথম। বয়স ১৬। নেটের ওপাশে তাঁর প্রতিপক্ষ কিমিকো দাতে ক্রুমের বয়স ৪৩। ২৭ বছরের বড় জাপানি প্রতিপক্ষ আসলে বেনচিচের মায়ের চেয়েও বড়! গ্র্যান্ড স্লাম অভিষেকেই সেই বয়সী প্রতিপক্ষকে হারিয়ে দিয়েছেন বেনচিচ, দুই ঘণ্টার লড়াইয়ে জিতেছেন ৬-৪, ৪-৬, ৬-৩ গেমে।
গত বছর ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডনের জুনিয়র শিরোপাজয়ী এই ষোড়শী ইতিমধ্যেই সুইজারল্যান্ডে পেয়ে গেছেন ‘নতুন হিঙ্গিস’ খেতাব। সাবেক এক নম্বর মার্টিনা হিঙ্গিসই বেনচিচের আদর্শ। হিঙ্গিসের বাবা-মা তাঁর কোচও। হিঙ্গিসের আশীর্বাদও সঙ্গী তাঁর। অস্ট্রেলিয়া ওপেনের আগেই যেমন বেনচিচ হোবার্টে একটা প্রদর্শনী ম্যাচে খেলেছেন হিঙ্গিসের বিপক্ষে। হারলেও বেনচিচ পেয়েছেন হিঙ্গিসের মূল্যবান পরামর্শ। উত্তরসূরিকে অনুপ্রাণিত করতে হিঙ্গিস উপস্থিত ছিলেন গ্যালারিতেও।
তবে দ্বিতীয় রাউন্ডেই বেনচিচকে মুখোমুখি হতে হচ্ছে ২০১১ ও ২০১৩ সালের রানার্সআপ লি নার। চীনা তারকা হারিয়েছেন গত বছরের জুনিয়র চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার আনা কনয়ুহকে, ৬-২, ৬-০ গেমে।
জোকোভিচ ও সেরেনাও শুরুটা করলেন দারুণ। লুকাস লাসকোকে ৬-৩, ৭-৬ (৭/২), ৬-১ গেমে হারিয়েছেন জোকোভিচ। অস্ট্রেলিয়ান প্রতিপক্ষ অ্যাশলি বার্টিকে সেরেনা এক ঘণ্টায় উড়িয়ে দিয়েছেন ৬-২, ৬-১ গেমে। তবে প্রথম রাউন্ডেই বিদায় নিয়েছেন তাঁর বড় বোন ভেনাস উইলিয়ামস। তাঁকে ২-৬, ৬-৪, ৬-৪ গেমে হারিয়েছেন রাশিয়ার একাতেরিনা মাকারোভা। ভেনাস একা নন, মেয়েদের বিভাগে অঘটনের শিকার হয়েছেন অনেকেই। ২০১১ উইম্বলডনজয়ী পেত্রা কেভিতোভাকে ৬-২, ১-৬, ৬-৪ গেমে হারিয়ে সবচেয়ে বড় অঘটনটি ঘটিয়েছেন থাইল্যান্ডের লুকসিকা কুমখুম। এ ছাড়া ইতালির রবার্তা ভিঞ্চি, সারা এরানি, রাশিয়ার এলেনা ভেসনিনারা বিদায় নিয়েছেন প্রথম দিনেই। তুলনামূলকভাবে পুরুষ এককে অঘটনের ছোবল ছিল কমই। তবে প্রচণ্ড গরমের কাছে হেরে লড়াই থেকে সরে দাঁড়ান জার্মানির দ্বাদশ বাছাই টমি হাস। যদিও তার আগেই গিয়েরমো গার্সিয়া লোপেজ এগিয়ে ছিলেন ৭-৫, ৫-২-এ। এএফপি।