টুর্নামেন্টে অংশ নেওয়ার কথা ছিল ছয়টি দেশের। কিন্তু আর্থিক সমস্যার কারণে খেলতে আসেনি নেপাল। ভারত থেকে এসেছে পশ্চিমবঙ্গ একাদশ। মালয়েশিয়ার অনূর্ধ্ব-১৮ দল। জাতীয় দল বলতে ভুটান, মালদ্বীপ ও বাংলাদেশ। এই পাঁচটি দল নিয়ে কাল ধানমন্ডি ইনডোরে শুরু হলো শেখ কামাল আন্তর্জাতিক বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ।বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন রাষ্ট্রপতি জিল্লুর রহমান। উড়তে উড়তে উডেনফ্লোরের ছাদে আটকে গেল একগুচ্ছ গ্যাস-বেলুন। ওপরে আটকে গেল বেলুন, আর পায়ের তলায় আটকে যাচ্ছিল বাংলাদেশের খেলোয়াড়দের কেডস! আটকানোরই কথা। পরশু রাতে রং করা হয়েছে কোর্টের মেঝে। কিন্তু রং না শুকানোয় কাল বিকেলে মেঝেতে আটকে যাচ্ছিল খেলোয়াড়দের কেডস। এমন কোর্টে খেলা কঠিন, খেলোয়াড়দের চোখে-মুখে ছিল তাই বিরক্তির ছাপ। বাংলাদেশ দলের মোজাম্মেল হক জানালেন, ‘এখানে বল নিয়ে ড্রিবলিং করতে সমস্যা। যেকোনো সময় ইনজুরিতে পড়তে পারি আমরা।’ খেলতে গিয়েও সমস্যায় পড়েছেন খেলোয়াড়েরা। কোর্টের মাঝখানে বসানো পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান সিটিসেলের লোগো-সংবলিত স্টিকারের ওপরে কারা যেন ফেলে রেখেছে চুইংগাম। চুইংগামের আঠা তুলতে সে কী প্রাণান্ত চেষ্টা দুজন ফেডারেশন কর্মীর!উদ্বোধনী অনুষ্ঠান শুরুর আগে দেখা গেল লালবাগ থেকে আসা একদল ছাত্রলীগের কর্মীকে অগ্রাধিকার ভিত্তিতে ঢোকানোর চেষ্টা করা হচ্ছে, পেছনেই মালদ্বীপ দলের খেলোয়াড়-কর্মকর্তারা অস্বস্তিভরে দাঁড়িয়ে। মালদ্বীপ দলের খেলোয়াড় আহমেদ আফসান গত এসএ গেমসের প্রসঙ্গ টেনে বললেন, ‘গত এসএ গেমসেও ঢাকায় খেলতে এসেছিলাম। কিন্তু কোথাও এভাবে দাঁড়িয়ে থাকতে হয়নি।’ আর একটা ব্যাপার, আন্তর্জাতিক টুর্নামেন্ট। অথচ কাল খেলা শুরুর ঘণ্টাখানেক আগেও জানা যায়নি কে বাংলাদেশ দলের অধিনায়ক!টুর্নামেন্টের ফেবারিট ধরা হচ্ছে পশ্চিমবঙ্গকে। এই দলে খেলছেন ভারতীয় দলের ৭-৮ জন খেলোয়াড়। কোচ নিতাই ব্যানার্জি তাই খুবই আশাবাদী, ‘আমাদের দলে বেশ কয়েকজন ভালো খেলোয়াড় রয়েছে। অন্য তিনটি দেশ সম্পর্কে কম-বেশি ধারণা থাকলেও মালয়েশিয়ার ব্যাপারে কিছুই জানি না। তার পরও আশা করছি ফাইনালে উঠব।’ জুনিয়র অনূর্ধ্ব-২১ দলের ওয়াসিম আহমেদ খান পশ্চিমবঙ্গে খেললেও তিনি ঝাড়খন্ডের বাসিন্দা। দলকে চ্যাম্পিয়ন দেখতে চান ৬ ফুট ৪ ইঞ্চি লম্বা রেলওয়ের এই খেলোয়াড়। দলের অভিজ্ঞ খেলোয়াড় ছোটে লাল শর্মা জানালেন, ‘ইন্দোবাংলা গেমসে বাংলাদেশের কাছে হেরেছিলাম। তাই বাংলাদেশকে একটুও খাটো করে দেখছি না।’ বাংলাদেশের রাশেদ আহমেদ অবশ্য পশ্চিমবঙ্গকেই শক্ত প্রতিপক্ষ মানছেন, ‘পশ্চিমবঙ্গের প্রাদেশিক দল হলেও এই দলটা খুবই শক্তিশালী। তবুও আশা করি আমরা অন্তত ফাইনালে খেলতে পারব।’