শুরুতেই আঘাত হানতে চায় নিউজিল্যান্ড

বৃষ্টি নামার আগে আজ যেভাবে শুরু করেছিলেন, আগামীকাল দ্বিতীয় দিনের শুরুটা সেভাবেই করতে চান রস টেলর। দ্বিতীয় নতুন বলটা হাতে পাওয়ার আগেই বাংলাদেশের আরও দু-তিনটি উইকেট তুলে নিয়ে শুরুতেই আঘাত হানার পরিকল্পনা করছে নিউজিল্যান্ড। আজ সংবাদ সম্মেলনে সেটাই জানালেন এই অভিজ্ঞ ক্রিকেটার।
আজ মিরপুর টেস্টে বাংলাদেশ ইনিংসের ৫৫তম ওভারেই হানা দিয়েছে বৃষ্টি। তার আগের চার ওভারের মধ্যেই কিউই বোলাররা সাজঘরে ফিরিয়েছিলেন তামিম ইকবাল ও সাকিব আল হাসানকে। সে সময় বাংলাদেশের সংগ্রহ ছিল ২২৮ রান। শুরুটা মোটামুটি ভালোভাবে করলেও খুব দ্রুতই নির্ভরযোগ্য এই দুই ব্যাটসম্যানের উইকেট হারিয়ে কিছুটা ব্যাকফুটে স্বাগতিকরা। আজ দিনের বাকি সময় আর খেলতে না পারলেও আগামীকাল ঠিক এখান থেকেই শুরু করতে চায় নিউজিল্যান্ড। তবে দ্বিতীয় দিনের খেলাটাও নির্বিঘ্নে হতে পারবে কি না, তা নিয়ে যথেষ্টই সন্দেহ আছে।
আগামীকালও বৃষ্টির সম্ভাবনা ৮০ শতাংশ। বৃষ্টির বাধা যদি সত্যিই আসে তাহলে তো কিছু করার থাকবে না কিউইদের। আর যদি খেলার সুযোগ মেলে তাহলে শুরুতেই আঘাত হানার দিকে দৃষ্টি টেলরের, ‘পরিস্থিতি আমাদের পক্ষেই ছিল কিন্তু আবহাওয়ার ওপরে তো আর আমাদের নিয়ন্ত্রণ নেই। আজকের এই বৃষ্টি আমাদের পেসারদের কিছুটা বাড়তি বিশ্রাম দিয়েছে। আর যদি কাল খেলা হয়, তাহলে আমরা খুব দ্রুতই আঘাত হানার চেষ্টা করব। দ্বিতীয় নতুন বলটা পাওয়ার আগেই আমরা তাদের দুই বা তিন উইকেট তুলে নেওয়ার চেষ্টা করব।’