সপ্তাহখানেক আগে হোবার্টে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্টে ক্যারিয়ার-সেরা ১৬৬ রানের ইনিংসটি খেলেছেন মাইকেল ক্লার্ক। অস্ট্রেলীয় সহ-অধিনায়কের আগের সর্বোচ্চ ইনিংসটির কথা মনে আছে? ২০০৪ সালে টেস্ট অভিষেকে ভারতের বিপক্ষে করেছিলেন ১৫১। সেই সেরাকে অতিক্রম করতে লেগেছে ৯৪ ইনিংস, অভিষেকের কীর্তিকে পেছনে ফেলতে এত ইনিংস খেলতে হয়নি আর কাউকেই। আগের রেকর্ডটি ছিল ইংল্যান্ডের পিটার মের। ১৯৫১ সালে অভিষেকে ১৩৮ রানকে ছাড়িয়ে গিয়েছিলেন ৬ বছর ও ৬৭ ইনিংস পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অপরাজিত ২৮৫ রান করে। শুরুর ইনিংসকে পেছনে ফেলতে ২০ ইনিংসের বেশি খেলেছেন আরও ১৬ জন। যাঁদের মধ্যে আছেন বাংলাদেশেরও দুজন—তাপস বৈশ্য (৩৩) ও খালেদ মাসুদ (২৪)। তাঁরা তো তবু পেছনে ফেলতে পেরেছেন, কিন্তু ড্যারেন গফ? অভিষেক টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৬ উইকেট নেওয়ার আগেই ব্যাটিংয়ে করেছিলেন ৬৫ রান। ইংলিশরা ‘নতুন বোথাম’ পাওয়ার আনন্দে উদ্বেল হলো। কিন্তু এরপর ৮৫টি ইনিংস খেলে আর মাত্র একটিই ফিফটি করতে পেরেছেন গফ!