শুরুতেই এমন অব্যবস্থাপনা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাইডলাইনে দাঁড়িয়ে চতুর্থ রেফারি চিৎকার করে একজন খেলোয়াড়কে ডাকছেন মাঠ থেকে বেরিয়ে আসার জন্য। তাঁর হাতে ‘চেঞ্জিং বোর্ড’ থাকলে ডাকার দরকার হতো না। খেলোয়াড় বদল করার সময় চতুর্থ রেফারি তাঁর হাতের বোর্ডটা উঁচিয়ে ধরলেই বোঝা যায়, কে মাঠের বাইরে যাবেন আর কে মাঠে ঢুকবেন। কিন্তু বোর্ড না থাকলে মুখেই তো ডাকতে হবে!দৃশ্যটি কাল বিকেলে কমলাপুর স্টেডিয়াম থেকে তুলে আনা। আড়াই বছর পর অনূর্ধ্ব-১৬ পাইওনিয়ার ফুটবল লিগ শুরুর দিনে একটি চেঞ্জিং বোর্ড পর্যন্ত নেই! শুধু তা-ই নয়, মাঠে একটি স্ট্রেচারও ছিল না। খেলোয়াড় আহত হলে তাঁকে চ্যাংদোলা করে মাঠের বাইরে আনা হয়েছে। চিকিৎসক, অ্যাম্বুলেন্স অনেক দূরের কথা, এক বোতল পানি কিংবা খেলোয়াড়দের জন্য অত্যাবশ্যকীয় একখণ্ড বরফ পর্যন্ত অমাবস্যার চাঁদ হয়ে উঠেছিল সেখানে!কমলাপুর স্টেডিয়ামের কাছেই বাফুফে ভবন। ঠিক ওই সময়ই বাফুফে ভবনে পাওয়া গেল ঢাকার সব লিগ পরিচালনার দায়িত্বে থাকা মহানগরী লিগ কমিটির সভাপতি হারুনুর রশিদকে। কমলাপুর স্টেডিয়ামের অব্যবস্থাপনার ব্যাপারে জানতে চাইলে খানিক বিস্মিত তিনি, ‘তাই নাকি? গ্রামের খেলায়ও তো আরেকটু ভালো ব্যবস্থাপনা থাকে! চেঞ্জিং বোর্ড, চিকিৎসক, স্ট্রেচার, পানি, বরফ—এসব তো থাকা উচিত। আচ্ছা, আমি বিষয়টা দেখছি।’এই বলে পাইওনিয়ার লিগ কমিটির সম্পাদক বদরুল আলমকে (পুটু) ফোন করে হারুনুর রশিদ বললেন, ‘কী মিয়া, সাংবাদিক ভাই এসে বলতেছে, তোমরা কিছুই ব্যবস্থা করোনি। এটা তো ঠিক না। ওই ভেন্যুর কমিটিতে যারা আছে তাদের বলো সব ব্যবস্থা করতে। নইলে বলো নতুন কমিটি করা হবে।’হারুনুর রশিদ এই হুঁশিয়ারিটা আগে দিলেন না কেন এটা বড় প্রশ্ন। আর যাঁকে দিয়েছেন, সেই বদরুল আলম এই প্রতিবেদকের প্রশ্নের উত্তরে কাঁচুমাচু করলেন প্রথমে। পরে দায় চাপালেন অন্যদের কাঁধে। শেষমেশ তাঁর প্রতিশ্রুতি, ‘ভাই এগুলো দেখতেছি আমি...।’ হায়, আগে দেখার সময় তাঁরও হলো না!অব্যবস্থাপনায় ক্ষুব্ধ কমলাপুরের মাঠে খেলতে আসা দুই দল মুগদা সমাজকল্যাণ সংসদ ও মাদারবাড়ী মুক্তকণ্ঠ। রাব্বির হ্যাটট্রিকে ৫-০ গোলে জয়ী মাদারবাড়ীর খেলোয়াড়-কর্মকর্তাদের প্রশ্ন, ‘এক বোতল পানিও না পেলে এই লিগ খেলতে এসে লাভ কী!’ পৃষ্ঠপোষক ঢাকা সিটি করপোরেশন ঘোষিত পুরো ২৫ লাখ টাকাই এবারের লিগের বাজেট। এ থেকে দলগুলো সামান্য কিছু টাকা আর ৫টি করে বল পাবে—প্রাপ্তি বলতে এটুকুই। বাকি টাকা খরচের স্বচ্ছতা থাকবে না বলে অতীত অভিজ্ঞতায় অনেকের দাবি।খেলোয়াড় নিবন্ধনে ধীরগতি, মাঠ ভালোভাবে সংস্কার না হওয়া, ক্লাবগুলোর নানা বায়না, বাফুফের নীতিনির্ধারকদের উদাসীনতা, প্রস্তুতির অভাব—পাইওনিয়ার ফুটবল এখন এসব ব্যাধিতে আক্রান্ত। কোটি কোটি টাকার আন্তর্জাতিক টুর্নামেন্ট আর বিদেশ সফরে ব্যস্ত বাফুফের তৃণমূল ফুটবলের দিকে নজর দেওয়ার সময় কোথায়? কাল কমলাপুর স্টেডিয়ামে বাফুফের দু-একজন কর্মকর্তা এসেই চলে গেছেন। কোনো কর্মীকেও দেখা যায়নি।অবহেলা-অযত্নই যেন পাইওনিয়ার লিগের নিয়তি। ১৯৮১ সালে যে লিগের উদ্বোধন করে গেছেন ফিফার তৎকালীন সভাপতি জোয়াও হ্যাভেলাঞ্জ, ৩০ বছরে মাত্র ২০টি লিগ হয়েছে। গত ১০ বছরে মাত্র চারবার! তাই এখন খেলোয়াড়-সংকটও তীব্র।গতবার ৬৫টি দলে যেখানে ১৫৩৯ খেলোয়াড় নিবন্ধন করেছিল, এবার ৭৯টি দলে সর্বোচ্চ ২৫ জন করে খেলোয়াড় নিলে ২০০০ খেলোয়াড় নিবন্ধিত হওয়ার কথা। কাল পর্যন্ত নিবন্ধন হয়েছে ৭৯টি দলে মাত্র ১৩০০ খেলোয়াড়। আরও হয়তো কিছু খেলোয়াড় নিবন্ধন করবে, কিন্তু তাতেও ঢেকে রাখা যাচ্ছে না পাইওনিয়ার লিগের তীব্র খেলোয়াড়-সংকট। অব্যস্থাপনার ছবিটা তো বেরিয়েই পড়েছে!