শুরুতেই কক্ষচ্যুত রিয়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হোসে মরিনহো চাইলে শাপের মধ্যে বর খুঁজে নিতে পারতেন। প্রথম চার ম্যাচে মাত্র ৪ পয়েন্ট, দুটিতেই আবার হার—এমন বাজে শুরু রিয়াল মাদ্রিদ সর্বশেষ করেছিল ১০ বছর আগে। কাকতালীয় বলতে পারেন, সেবারও রিয়ালের প্রথম ম্যাচ ছিল ভ্যালেন্সিয়ার সঙ্গে। এ তো গেল গল্পের শুরু। গল্পের শেষ? রিয়াল সেবার লিগ জিততে পারেনি ঠিকই, কিন্তু জিতেছিল চ্যাম্পিয়নস লিগ। তাদের নয়টি ইউরোপ-সেরা ট্রফির শেষটি। এমন বাজে শুরুর বিনিময়ে যদি পরমারাধ্য সেই চ্যাম্পিয়নস লিগ জেতা যায়, মন্দ কী!না, হোসে মরিনহো অদৃষ্টে বিশ্বাসী নন। এসব রাশিফলে বিশ্বাসী হলে তাঁর আঙুলে আংটি শোভা পেত। তিনি বাস্তববাদী। বাস্তববাদী বলেই জানেন, গেটাফের পর পরশু সেভিয়ার কাছে ম্যাচ হেরে শুরুতেই যে কক্ষপথ হারাল রিয়াল, সেখান থেকে ঘুরে দাঁড়ানো ভীষণ কঠিন। গত কয়েক মৌসুমে রিয়াল-বার্সেলোনার মধ্যে শিরোপা নির্ধারিত হয়েছে মাত্র কয়েক পয়েন্টের ব্যবধানে। এর মধ্যে একটা মৌসুম গেছে যেখানে দুই দলের পয়েন্ট ছিল সমান। সেখানে প্রথম চার ম্যাচেই রিয়ালের চেয়ে ৮ পয়েন্টে এগিয়ে গেল বার্সেলোনা। পরশু রিয়াল পা হড়কানোর আগে গেটাফের বিপক্ষে ৪-১ গোলের অনায়াস জয় তুলে নিয়েছে বার্সা। বদলি হিসেবে নেমে জোড়া গোল করেছেন লিওনেল মেসি।রাতটা আসলে মেসি নয়, ক্রিস্টিয়ানো রোনালদোরই হওয়ার কথা ছিল। রিয়ালের হয়ে সর্বশেষ ম্যাচে জোড়া গোল করার পরই নিস্তরঙ্গ পুকুরে ঢিল ছুড়ে আলোড়ন তোলা। এর পর জাতীয় দলের হয়েও দুর্দান্ত খেলে ক্লাবে ফেরা। সবার চোখ ছিল তাঁর ওপর। এর মধ্যে মাদ্রিদের সংবাদমাধ্যম তাঁকে আহত করেছে। রোনালদো নিশ্চয়ই দুর্দান্ত জবাব দেবেন। কিন্তু না, শেষ পর্যন্ত রোনালদো রইলেন নাটকের এক পার্শ্বচরিত্র হিসেবে। যেখানে নামভূমিকায় ‘অখ্যাত’ পিওতর ট্রচফস্কি। পোলিশ বংশোদ্ভূত এই জার্মান মিডফিল্ডার ম্যাচের মাত্র দ্বিতীয় মিনিটেই গোল করে শুরুতেই যে আঘাত দেন, সেই আঘাত আর সামলে উঠতে পারেনি রিয়াল।প্রথম মিনিটের শেষ প্রান্তে কর্নার পেয়েছিল সেভিয়া। ট্রচফস্কি ছিলেন বক্সের বাইরে। তিনি যে পরিকল্পিত রণকৌশলের অংশ সেটা বুঝতে বুঝতে অনেক দেরি হয়ে যায় রিয়াল রক্ষণভাগের। বাইরে থেকে ছুটে এসে কর্নারের উড়ন্ত বলে দুর্দান্ত হাফভলি করলেন। হতভম্ব ইকার ক্যাসিয়াস। ২ মিনিটের এই গোলের পাল্টা জবাব দিতে পারেনি রিয়াল। বরং পাল্টা-আক্রমণে ক্ষণে ক্ষণে বিপদবার্তা দিচ্ছিল স্বাগতিক সেভিয়া।এই ম্যাচের পর ক্ষুব্ধ মরিনহো রীতিমতো ধুয়ে দিয়েছেন শিষ্যদের। বলেছেন, এটা তাঁর দল নয়, ‘এ মুহূর্তে আমার কাছে কোনো দল নেই। আমরা এমন একটা দল যাদের মনোযোগ বলে কিছু নেই। মাঝবিরতিতে দুজন খেলোয়াড় পাল্টেছি। আমার আসলে ইচ্ছা করছিল সাতজন খেলোয়াড় তুলে নিতে। বার্সার সঙ্গে এখন আমাদের ৮ পয়েন্টের ব্যবধান, এর চেয়ে বেশি আমাকে উদ্বিগ্ন করছে, আমার হাতে এ মুহূর্তে কোনো দল নেই—এটা।’যে গেটাফে রিয়ালের বুকে প্রথম পরাজয় এঁকে দিয়েছিল, পরশু সেই দলটাই স্রেফ উড়ে গেল বার্সার কাছে। প্রথম গোলটি পেতে বার্সাকে অবশ্য ঘামই ঝরাতে হয়েছে। ৩২ মিনিটে সেই গেরো খোলেন আদ্রিয়ানো। ৬০ মিনিটে বদলি হিসেবে নামা মেসি চার মিনিটের ব্যবধানে জোড়া গোল করেন। প্রথমে ৭৪ মিনিটে পেনাল্টি থেকে, এর পর ৭৮ মিনিটে ডান প্রান্তের ক্রস থেকে আলতো টোকায়। যোগ করা সময়ে গোল করে ডেভিড ভিয়াও টিটো ভিলানোভার কাছে বার্তা পৌঁছে দেন, তাঁকে প্রথম একাদশে বিবেচনা করতে পারেন কোচ। এএফপি, রয়টার্স।