শুরুতেই গোলবন্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেএফসি তৃতীয় জাতীয় মহিলা ফুটবলের সুপার লিগ গতকাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুরু হয়েছে। উদ্বোধনী ম্যাচটা দেখেছে গোলবন্যা। জাতীয় দলের খেলোয়াড়সমৃদ্ধ শক্তিশালী আনসার ও ভিডিপি ১০ গোলে হারিয়েছে ঠাকুরগাঁওকে। এই লিগের বর্তমান চ্যাম্পিয়নদের হয়ে গোলের সূচনা করেছিলেন জাহানারা। ইতি টেনেছেন নুবাই চিং মারমা। মাঝে দুজন মিলে করেছেন সাত গোল। চার গোল অম্রাচিং মারমার, তিনটি মাইনু মারমার। অন্য গোলটি করেছেন রওশন আরা। ঠাকুরগাঁওয়ের মেয়েরা মাঠে ছিলেন অসহায়। অনভিজ্ঞ এই মেয়েরা যতটা সম্ভব দৌড়ঝাঁপ করেছেন মাঠে। তুলনায় অনেক অভিজ্ঞ আনসারের মেয়েরা সুযোগ পেয়েছেন আরও বেশি গোল করার। ঠাকুরগাঁওয়ের গোলরক্ষক কয়েকটা গোল বাঁচিয়ে ব্যবধান ১০-০ রাখতে পেরেছেন। আজ বঙ্গবন্ধু স্টেডিয়ামে বেলা দুইটায় নারায়ণগঞ্জ-টাঙ্গাইল, বিকেল চারটায় সাতক্ষীরা-নরসিংদী ম্যাচ। কমলাপুর স্টেডিয়ামে বিকেল চারটায় খেলবে যশোর-রাঙামাটি। দুই গ্রুপে চারটি করে দল খেলছে। প্রতি গ্রুপ থেকে দুটি করে দল উঠবে সেমিফাইনালে। ফাইনাল ৩ অক্টোবর।লিগের উদ্বোধন করেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। বিশেষ অতিথি ছিলেন পৃষ্ঠপোষক ট্রান্সকম ফুডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আক্কু চৌধুরী।