শুরুতেই চাপে অস্ট্রেলিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম টেস্টে হারের পর হায়দরাবাদে দ্বিতীয় টেস্টের শুরুটাও ভালো হয়নি অস্ট্রেলিয়ার। তরুণ পেসার ভুবনেশ্বর কুমারের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ৬৩ রান সংগ্রহ করতেই ৪ উইকেট হারিয়ে চাপের মুখে পড়েছে মাইকেল ক্লার্ক বাহিনী। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ উইকেট হারিয়ে অসিদের সংগ্রহ ৮৩ রান। চেন্নাই টেস্টে অশ্বিনের ঘূর্ণি কুপোকাত করেছিল অস্ট্রেলিয়াকে। দ্বিতীয় টেস্টের শুরুতে অসিদের সর্বনাশটা করেছেন ভুবনেশ্বর কুমার। ইনিংসের প্রথম ১৫ ওভারের মধ্যেই অস্ট্রেলিয়ার তিনটি উইকেট তুলে নিয়েছেন এই ডানহাতি পেসার। নিজের দ্বিতীয় ও তৃতীয় ওভারে দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও এড কাওয়ানকে সাজঘরে পাঠিয়েছেন ভুবনেশ্বর। সে সময় অস্ট্রেলিয়ার স্কোরবোর্ডে যোগ হয়েছিল মাত্র ১৫ রান। তৃতীয় উইকেটে ৪২ রানের জুটি গড়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছিলেন আক্রমণাত্মক ব্যাটসম্যান শেন ওয়াটসন ও ফিলিপ হিউজ। কিন্তু ইনিংসের ১৫তম ওভারে আবার অসি শিবিরের দুঃস্বপ্নে পরিণত হন ভুবনেশ্বর। তাঁর শিকারে পরিণত হয়ে ফিরে যান ওয়াটসন। তার আগে এই ডানহাতি ব্যাটসম্যান করেছেন ২৩ রান। এরপর ফিলিপ হিউজও খুব বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি। ২২তম ওভারে হিউজের উইকেটটি নিয়েছেন রবীচন্দ্রন অশ্বিন। এখন উইকেটে আছেন অধিনায়ক মাইকেল ক্লার্ক।