শুরুতেই দারুণ জয় বাংলাদেশের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা ছাড়ার আগে জিমি, চয়নদের চোখেমুখে আত্মবিশ্বাসের আভাটা দেখা গিয়েছিল। বিশ্ব হকি লিগে প্রথম রাউন্ডে চ্যাম্পিয়ন হওয়ার প্রত্যয় ছিল সবার শরীরী ভাষায়। তা লক্ষ্যের প্রথম সিঁড়িটা ভালোভাবেই পেরোল বাংলাদেশ হকি দল। কাল সিঙ্গাপুরে গ্রুপের প্রথম ম্যাচে হংকং ৬-১ গোলে উড়ে গেছে বাংলাদেশের কাছে। গুয়াংজুতে সর্বশেষ সাক্ষাতে এশিয়ান গেমসে ৭-৩ গোলে হেরেছিল হংকং।কাল সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল সিঙ্গাপুরে। খেলোয়াড়দের কাছে তাপমাত্রা ছিল সহনীয়। আর গোটা ম্যাচেই দাপটের সঙ্গে খেলেছেন জিমিরা। ৯ মিনিটে প্রথম গোল হজম করে বসে হংকং, স্ট্রাইকার রাসেল মাহমুদ (জিমি) এগিয়ে নেন দলকে (১-০)। ১৫ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ব্যবধান দ্বিগুণ করেন চয়ন (২-০)। দ্বিতীয়ার্ধে আরও বেশি আক্রমণাত্মক ছিল বাংলাদেশ। ৫২ মিনিটে আত্মঘাতী গোলে স্কোর হয় ৩-০। পরের মিনিটে দলের চতুর্থ গোল জিমির। পঞ্চম গোলটি আবারও পেনাল্টি কর্নার থেকে, এবারও গোলদাতা চয়ন। ৫৬ মিনিটে ম্যাচের শেষ গোলটি সারোয়ারের। ৪৫ মিনিটে অবশ্য একটি গোল শোধ করে হংকং।শুরুতেই দারুণ জয়। খেলোয়াড়েরা আরও অনুপ্রাণিত বোধ করছেন। সিঙ্গাপুর থেকে কোচ মাহবুব হারুন টেলিফোনে জানালেন, ‘ছেলেরা সবাই আত্মবিশ্বাসী। আমাদের যেমনটা লক্ষ্য সেভাবেই এগোচ্ছি।’ তবে আয়োজকদের ব্যবস্থাপনায় খুব একটা সন্তুষ্ট নন এই কোচ, ‘হোটেল থেকে আমাদের অনুশীলন মাঠ অনেক দূরে। বাসের জন্য এক ঘণ্টা বসে থাকতে হয়। যে হোটেলে আছি, সেটাও মানসম্মত নয়। খাবার খেতে যেতে হচ্ছে অনেক দূরে।’ আন্তর্জাতিক টুর্নামেন্ট, অথচ টানা তিন দিন খেলতে হবে তিনটি ম্যাচ। খেলোয়াড়েরা অনুশীলনেরও সময় পাচ্ছেন না তেমন। বিষয়টা নিয়ে আক্ষেপ করলেন জিমি, ‘আমরা কোনো বিশ্রাম পাচ্ছি না।’ তবে নিজেদের পারফরম্যান্সে বেশ খুশি, ‘এই ম্যাচে সবাই ভালো খেলেছি। আমাদের লক্ষ্য ম্যাচ বাই ম্যাচ জেতা। সেভাবেই খেলব।’ আজ বাংলাদেশের প্রতিপক্ষ সিঙ্গাপুর। বাংলাদেশ সময় বিকেল ৪-১৫ মিনিটে শুরু হবে খেলা। গত এপ্রিলে এএইচএফ কাপের গ্রুপ পর্বে সিঙ্গাপুরকে ৪-১ গোলে হারানোর সুখস্মৃতি নিয়েই মাঠে নামতে চায় লাল-সবুজের দল।