শুরুতেই বাংলাদেশের 'ফাইনাল'!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ-নেপাল ম্যাচ দিয়ে আজ শুরু সাফ চ্যাম্পিয়নশিপ। কাল কাঠমান্ডুর হনুমান দোকায় এক ফ্রেমে বন্দী দুই দলের অধিনায়ক মামুনুল ও সাগর থাপা  ছবি: শামসুল হক
বাংলাদেশ-নেপাল ম্যাচ দিয়ে আজ শুরু সাফ চ্যাম্পিয়নশিপ। কাল কাঠমান্ডুর হনুমান দোকায় এক ফ্রেমে বন্দী দুই দলের অধিনায়ক মামুনুল ও সাগর থাপা ছবি: শামসুল হক

বিকেলে নেপালের ফুটবলাররা কিছুক্ষণ দশরথ স্টেডিয়ামে হালকা অনুশীলন করলেন। এই মাঠ তাঁদের হাতের তালুর মতো চেনা। তবু শেষ বেলায় সবকিছু পরখ করে নেওয়া আর কি! এটা শুনে বাংলাদেশ দল তো রেগে আগুন। ম্যাচ শুরুর আগে প্রতিপক্ষকেও মূল ভেন্যুতে অনুশীলনের সুযোগ যে দিল না স্বাগতিক নেপাল!যতটা সুযোগ নেওয়া যায়, নেবেই নেপাল। আজ যে অগ্নিপরীক্ষার এক ম্যাচ। অষ্টম সাফ ফুটবল শুরুর দিনই বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে সাতটায় মরণপণ লড়াইয়ে নামছে দুই দল। দুই যুযুধান প্রতিপক্ষ।একটা সময় বাংলাদেশ-নেপাল ম্যাচ প্রিভিউ লেখা ছিল খুবই সহজ। বাংলাদেশকে ফেবারিট ধরে বিশ্লেষণ চলত, নেপাল আসলে কয় গোলে হারবে? কিন্তু সেই দিন আর নেই। যদিও সর্বশেষ গত মার্চেই এই দশরথ স্টেডিয়ামে বাংলাদেশের আছে আনন্দের স্মৃতি। এএফসি চ্যালেঞ্জ কাপে নেপালের ২০ হাজার দর্শকে ঠাসা স্টেডিয়াম সেদিন স্তব্ধ হয়ে গিয়েছিল বাংলাদেশের ২-০ জয়ে। কিন্তু ছয় মাস পর আরেকটি লড়াইয়ে মঞ্চটা পুরোপুরি ভিন্ন। বাংলাদেশের জন্য যেটি কিনা এবারের সাফে টিকে থাকার অঘোষিত লড়াই!কথাটা ঢাকায় বসে সেদিন বলছিলেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। নেপাল ম্যাচটা জয় দিয়ে পেরিয়ে গেলে সেমির দরজায় টোকা মারতে পারবে বাংলাদেশ। কিন্তু হারলেই পরের ম্যাচে ভারত, তারপর পাকিস্তান। সামনের কঠিন সময়ের জন্য তাই লাল-সবুজের পালে আজই হাওয়া লাগাতে পারে নেপালের বিপক্ষে জয়।কিন্তু জিতবে তো বাংলাদেশ? ম্যাচ শেষেই মিলবে উত্তর। তবে শুধু তো নেপাল নয়, আজ বাংলাদেশকে খেলতে হবে স্থানীয় ২০ হাজার দর্শকে ঠাসা গ্যালারির বিপক্ষেও। এটাই নেপালের সবচেয়ে বড় সুবিধা। আগেরবার তা কাজে লাগাতে না পারলেও এবার মরিয়া নেপাল। বাস্তবতা মেনে বাংলাদেশ কোচ লোডভিক ডি ক্রুইফ তো বারবার ‘নেপালের দর্শকদের বিপক্ষেও খেলতে হবে’ বলেই যাচ্ছেন। কালও সংবাদ সম্মেলনে এই প্রসঙ্গে নেপালের সাংবাদিকেরা তাঁর মুখ থেকে বের করলেন অনেক কথা। ডি ক্রুইফের সরল স্বীকারোক্তি, ‘ঘরের মাঠে খেলছে বলে নেপালই এই ম্যাচে ফেবারিট।’ সংবাদ সম্মেলন থেকে যাওয়ার পর অবশ্য বাংলাদেশি সাংবাদিকদের দেখে দাঁড়ালেন ডাচ কোচ। ‘ভরসা রাখো, আমরা জিতব, আশা করি’ ছোট্ট এই বাক্য বলে আশার ঘরেই বসত গড়তে চাইলেন। এই প্রথম বাংলাদেশের ফুটবলে সর্বাত্মক প্রস্তুতি নিয়ে কোনো টুর্নামেন্ট খেলতে আসার একটা সুবিধা তো আছেই। তার ওপর দুই দেশের ১৮টি সাক্ষাতে নেপালের ২ ড্র আর ৫ জয়ের বিপরীতে বাংলাদেশ জিতেছে ১১ ম্যাচেই। অতীত তাই কথা বলছে লাল-সবুজের হয়ে। বাংলাদেশ দলের ভয়ের কী আছে!

কিন্তু মুশকিল হচ্ছে, অতীত নিয়ে ঘাঁটাঘাঁটি করতে একদমই রাজি নন ডি ক্রুইফ। তাঁর ভাবনায় বর্তমান এবং এখানেই দুর্ভাবনা এসে হানা দিচ্ছে। অধিনায়ক ও দলের প্লেমেকার মামুনুল হাঁটুর ব্যথা সেরে আজ খেলতে পারবেন কি না, কাল রাত পর্যন্ত চূড়ান্ত ছিল না। মাঝমাঠের আরেক সেনানী সোহেল রানাও শতভাগ ফিট হতে পারেননি। এই দল নিয়ে নেপালের বিপক্ষে তাই রয়েসয়ে খেলারই কৌশল নিতে চান ডি ক্রুইফ। বল পজেশন রেখে ‘বিল্ডআপ’ ফুটবল খেলায় বিশ্বাসী ডি ক্রুইফ আজ আগে দেখবেন নেপালকে। তারপর অবস্থা বুঝে প্রয়োজনে কৌশলে আনবেন পরিবর্তন।

নিজের পরিকল্পনা নিয়ে কথা বলা ভদ্রলোক পছন্দ করেন না। সাংবাদিকদের মাধ্যমে পরিকল্পনা ফাঁস হয়ে যেতে পারে, এই ভয়ে বাংলাদেশ দলের গত কয়েকটি অনুশীলন সেশনে তিনি বাংলাদেশি সাংবাদিকদের নিষিদ্ধ করেছিলেন। কালকের শেষ অনুশীলনও হলো রুদ্ধদ্বার।

এত সব করে নেপাল-বাধা পেরিয়ে যেতে পারলে তো ভালোই। কিন্তু নেপালের জন্য এটি আবার প্রতিশোধ নেওয়ার ম্যাচও। যদিও সংবাদ সম্মেলনে নেপালের অধিনায়ক সাগর থাপা প্রতিশোধ শব্দটা না বলে ‘চ্যাম্পিয়ন হওয়ার জন্য এটি আমাদের গুরুত্বপূর্ণ ম্যাচ’ বলেই থামলেন। তাঁর পাশে বসা কোচ জ্যাক স্টিফেনস্কি অবশ্য আক্রমণাত্মক খেলারই আভাস দিলেন, ‘জেতার জন্য উদ্গ্রীব হয়ে আছি। আমরা আক্রমণাত্মক ফুটবল খেলব।’

নেপালের ফুটবল ইতিহাসে এই প্রথম কোনো কোচ ২০ জনের স্কোয়াডে পাঁচজন স্ট্রাইকার নিয়েছেন। আজ তিনজনকে খেলাতে পারেন। সে ক্ষেত্রে ৪-৩-৩ ছকে যেতে পারে নেপাল। এই দলে অনূর্ধ্ব-১৫ বছর বয়সী একজন কিশোরও আছে। বেশ কয়েকজন নতুন মুখ নিয়ে নেপালের কোচ এবার ঘরের মাঠে ‘বিপ্লব’ ঘটাতে চান।

সেটি স্তব্ধ করতে পারবেন কি ডি ক্রুইফ? টুর্নামেন্টে বাংলাদেশের ভবিষ্যৎ কিন্তু ঝুলে থাকছে এই প্রশ্নের ‘হ্যাঁ, ‘না’ ফলাফলের ওপর।