শুরুতেই বোল্টের সেরা সময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দু-দুবার ফলস স্টার্ট করেছিলেন রিচার্ড টমসন। কিন্তু উসাইন বোল্টের তাতে সমস্যা হয়নি। স্বল্পপাল্লার দৌড়ের দুটি বিশ্ব রেকর্ডের মালিক বোল্ট বছরে নিজের প্রথম ১০০ মিটারটা দৌড়ালেন বছরের সেরা সময়েই। পরশু নিজ দেশ জ্যামাইকায় আন্তর্জাতিক আমন্ত্রণমূলক প্রতিযোগিতায় ১০০ মিটার জিতলেন ৯.৮২ সেকেন্ডে। ২০১২ সালে ১০০ মিটারে আগের সেরা সময়টা ছিল বোল্টের স্বদেশি ইয়োহান ব্লেকের। ১৪ এপ্রিল কিংস্টনেই তাঁর টাইমিং ছিল ৯.৯০ সেকেন্ড।আগামী জুলাইয়ে লন্ডন অলিম্পিকে বেইজিংয়ে পাওয়া নিজের দুটি শিরোপাই ধরে রাখার লড়াইয়ে নামবেন বোল্ট। সেটিরই প্রস্তুতি শুরু করলেন এই জ্যামাইকান। দুই সতীর্থ মাইকেল ফ্রেটার (১০.০) ও লেরোন ক্লার্ককে (১০.০৩) পেছনে ফেলতে কোনো সমস্যাই হয়নি বোল্টের। সমস্যা যা করেছে অন্য এক প্রতিযোগীর ওই দুটি ফলস স্টার্ট। বোল্ট নিজেই বলেছেন ফলস স্টার্টের কারণেই কিছুটা সময় বেশি লেগেছে। ব্লক থেকে বেরোতেই একটু দেরি হয়ে যায় তাঁর। গত বছরের এ সময়ের চেয়ে শারীরিকভাবে ভালো আছেন বলেই মনে করছেন বোল্ট। পরশুর টাইমিংটাই নাকি এর প্রমাণ। তবে তিনি মনে করছেন আরও উন্নতি করা সম্ভব। বছরের প্রথম দৌড়টা ঠিকমতো শেষ করতে পেরে বেশ খুশি বোল্ট, ‘আমি বলতেই পারি সূচনাটা ভালো হয়েছে। গত বছরের চেয়ে ভালো হওয়ায় আমি সত্যিই খুশি। বলছি না এই দৌড়টা নিখুঁতভাবে শেষ করতে পেরেছি, তবে নিজের প্রথম দৌড় হিসেবে ভালোই ছিল।’তাঁর পক্ষে আরও জোরে দৌড়ানো সম্ভব ছিল বলেই মনে করেন ২৫ বছর বয়সী বোল্ট। কিন্তু যেহেতু জুনের অলিম্পিক ট্রায়ালের আগে আরও তিনটি দৌড় হাতে পাচ্ছেন, তাই তাড়াহুড়োর কিছু দেখেননি।পরশু বোল্টের দিনেই ২০০ মিটারে বিশ্ব চ্যাম্পিয়ন ইয়োহান ব্লেক (১৯.৯১) ও মেয়েদের ১০০ মিটারে কারমেলিটা জোনসও (১০.৮১) বছরের সেরা সময় নিয়েছেন। এএফপি।