শুরুতেই ম্যাড়মেড়ে নিষ্ফলা ম্যাচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচ যদি গোলই না দেখে তা আর কী উত্তাপ ছড়াবে? দুই পরাশক্তি আবাহনী-শেখ জামাল ধানমন্ডির লিগ সূচক ম্যাচটি শীতের বিকেলের মতোই ‘ঠান্ডা’ হয়ে রইল। বরং ম্যাড়মেড়ে এবং বিরক্তিকর, যত খুশি নেতিবাচক বিশেষণ জুড়ে দিতে পারেন ম্যাচটির গায়ে। যদিও স্নায়ুর চাপ সামলাতে না পেরে ধাক্কাধাক্কি ঠিকই করেছেন দুই দলের খেলোয়াড়েরা। রেফারি আজাদ রহমান ছয়টি হলুদ কার্ড দেখিয়ে নিয়ন্ত্রণ করেছেন ম্যাচ।তবে সবকিছুই ঢাকা পড়ে গেছে ম্যাচ শেষের নাটকীয়তায়। শেখ জামালের সার্বিয়ান কোচ জোরান কার্লেভিচ মাঠেই আসেননি! ছিলেন না তাঁর স্বদেশি সহকারী দাবর বারবারও। শেখ জামালের সভাপতি কোনো রাখঢাকা না করে বলে দিয়েছেন, কার্লেভিচকে বরখাস্ত করে নতুন কোচের সন্ধানে নেমে পড়েছে তাঁর ক্লাব। চতুর্থ পেশাদার ফুটবল লিগে এটি একেবারে শুরুর চমক। আরও খবর, গত ফেডারেশন কাপের ফাইনালের তুলনায় এদিন কমলাপুর স্টেডিয়াম সম্পূর্ণই ভিন্ন রকম ছিল। সেদিন আবাহনী-শেখ জামাল ফাইনালে দর্শকে উপচে পড়েছিল গ্যালারি। কাল গ্যালারির ৮০ শতাংশই ফাঁকা! প্রত্যাশার কানাকড়িও না পেয়ে দর্শক ফিরে গেছে ব্যথিত মনে।দুই ক্লাব তো বটেই, বাফুফেও বাংলাদেশ লিগ নিয়ে প্রচারণা চালায়নি। বাফুফে এই লিগ আয়োজনে এমনই লেজেগোবরে অবস্থা তৈরি করেছে যে, চট্টগ্রাম মোহামেডানের ভেন্যু গতকাল পর্যন্ত চূড়ান্ত হয়নি! লিগের নতুন লোগোও কি উন্মোচিত হয়েছে? উদ্বোধনী ম্যাচ শুরুর আগে মাঠেই লোগো উন্মোচন হওয়ার কথা ছিল, তা-ও হয়নি। পৃষ্ঠপোষক হিসেবে গ্রামীণফোনের ব্যানার-বিলবোর্ড আছে মাঠে, কিন্তু আনুষ্ঠানিক ঘোষণা নেই। কাল উদ্বোধনী ম্যাচ শুরুর আধা ঘণ্টা আগে নাকি গ্রামীণফোন তাদের চূড়ান্ত সম্মতি দিয়েছে। এমন অবস্থায় বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন যখন লিগের উদ্বোধন করলেন, চারদিকে কিছু বেলুন উড়ল, কিন্তু ছেড়ে দেওয়া কবুতরের কয়েকটি তো মাটিতেই পড়ে গেল! লিগটার অবস্থাও যেন সে রকম।দুই দলই পারত ম্যাচটাকে বর্ণময় করে রাখতে। কিন্তু সেই চেষ্টা দেখা গেল না। ব্যক্তিগত নৈপুণ্য নেই, পরিকল্পিত আক্রমণের বালাই নেই। অথচ এই দুই দলই ফেডারেশন কাপের ফাইনালে ৮ গোল করেছিল। আবাহনী ৫-৩ গোলে জিতলেও শেখ জামাল শেষবিন্দু দিয়ে লড়েছিল। মাত্র দুই মাসের মাথায় আরেকটি লড়াইয়ে গোলের সুযোগ বেশি তৈরি করায় জিততে পারত শেখ জামাল। ফাঁকা পোস্ট পেয়েও দুবার বাইরে মেরেছেন স্ট্রাইকার তৌহিদুল। পুরো ফিট না হলেও বদলি হিসেবে ২৯ মিনিটেই মাঠে যাওয়া এমিলিও একই পথের যাত্রী। দুটি সুযোগ হেলায় হারিয়ে এমিলি প্রশ্ন তুলে দিয়েছেন, আর কীভাবে গোল করতে পারবেন? খুব ভালো জায়গায় বল পেয়ে মিশুও একবার পোস্ট খুঁজে পাননি। টানা চতুর্থ পেশাদার লিগ জয়ের মিশনে নামা আকাশি-নীলদের তাই এক পয়েন্টেই খুশি থাকা উচিত। বিচ্ছিন্নভাবে দুবার গোল করার মতো পরিস্থিতি এসেছিল তাদের, তবে সিরাজী ও উজ্জ্বল সে সুযোগ নষ্ট করেছেন।ফেডারেশন কাপ জয়, ব্যাংককে ১১ দিনের প্রস্তুতি ক্যাম্প, সুষ্ঠু দল ব্যবস্থাপনা—আবাহনীর সামনে অনেক উজ্জীবনী উপাদান ছিল। কিন্তু মাঠে তাদের খুঁজতে হলো জার্সির রং দেখে। মাঝমাঠের সঙ্গে আক্রমণের বোঝাপড়া ছিল না, রক্ষণভাগের ধুমধাড়াক্কা বল ক্লিয়ার—এই হলো কালকের আবাহনী।ফেডারেশন কাপে আবাহনীর কাছে হারের প্রতিশোধ দূরে থাক কোচ-সমস্যায় জেরবার শেখ জামালও ধারহীন এক দলই হয়ে রইল। দলীয় ব্যবস্থাপনার যা খোঁজখবর মিলছে, দলটি কবে যে মাঠের বাইরে ছন্নছাড়া অবস্থায় পড়ে যায়, সেটিই বরং দেখার!আবাহনী: জিয়া, সামাদ, মামুন, লিংকন, সিরাজী, ফ্রাঙ্ক, প্রাণতোষ (সোহাগ), উজ্জ্বল (আলফাজ), চোমরিন (জিতু), আমিনুল, ইব্রাহিম। শেখ জামাল: আমিনুল, ড্রাগন, সুজন, মিশু, রেজাউল (ওয়ালি ফয়সাল), নাসির (আরিফ), মামুনুল, এনামুল, তৌহিদুল, জাহিদ, আলেক্সান্ডার (এমিলি)।