৪৬৯-এ থামল নিউজিল্যান্ড

৩৪২ রানে ৯ উইকেট হারিয়েও ৪০০ রানের কোটা ছুঁয়ে ফেলল নিউজিল্যান্ড। কিউই অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম এজন্য জন অনেক ভুগিয়ে অবশেষে থামলেন নিউজিল্যান্ডের শেষ জুটি। ওয়াটলিং আর বোল্ট। দারুণ এক সেঞ্চুরি করে চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের লাইমলাইটটা পুরোপুরিই নিজের ওপর করে নিয়েছেন জন ওয়াটলিং। নিউজিল্যান্ডের আট নম্বর ব্যাটসম্যান তাঁর ১০১ রানের ইনিংস দিয়ে বুঝিয়ে দিলেন টেস্ট ক্রিকেটে ব্যাটিংটা কীভাবে করতে হয়। আট নম্বরে ব্যাট করতে নেমে কোনো কিউই ক্রিকেটারের সপ্তম সেঞ্চুরি এটি। এই স্থানে সেঞ্চুরি করার রেকর্ড ড্যানিয়েল ভেট্টরিরই আছে চারটি। বাংলাদেশের বিপক্ষে অবশ্য কোনো ‘আট নম্বর’ ব্যাটসম্যানের এটি দ্বিতীয় সেঞ্চুরি। এর আগে ২০০৭ সালে শ্রীলঙ্কার চামিন্দা ভাস বাংলাদেশের বিপক্ষে হাঁকিয়েছিলেন দারুণ এক শতক। ব্রেন্ট বোল্টকে সঙ্গে নিয়ে চা বিরতির আগ পর্যন্ত ওয়াটলিং গড়েছেন ১২৫ রানের জুটি। নিউজিল্যান্ডের বিপক্ষে দশম উইকেটে এটি দ্বিতীয় সর্বোচ্চ। সর্বোচ্চটা ১৫২। ১৯৭৩ সালে অকল্যান্ডে পাকিস্তানের বিপক্ষে রিচার্ড কলিংস আর ব্রেইন হেস্টিংস অংশীদার ছিলেন ওই জুটির। কিউইদের ইনিংস শেষ পর্যন্ত থেমেছে ৪৬৯ রানে। এটি বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের তৃতীয় সর্বোচ্চ স্কোর। ৩৪২ রানে নবম উইকেট ফেলে দেওয়ার পর এই স্কোরকে মানসিকভাবে বেশ ধাক্কাই বলা যায় বাংলাদেশের জন্য।
অথচ সকালটা কী দুর্দান্তই না ছিল বাংলাদেশের জন্য। আগের দিনের ৫ উইকেটে ২৮০ রানের সঙ্গে ২ রান যোগ করতেই নিউজিল্যান্ড হারায় ২ উইকেট। রুবেলের বলে ব্রুস মার্টিন উইকেটের পেছনে ক্যাচে পরিণত হন মুশফিকুর রহিমের। রাজ্জাকের বলে স্লিপে নাসিরের হাতে ধরা পড়েন কুরে অ্যান্ডারসন। ২৮২ রানে ৭ উইকেট হারিয়ে কিউই দল যখন ধুঁকছে, ঠিক তখনই ত্রাতার ভূমিকায় ওয়াটলিং। প্রথমে ব্রেসওয়েলকে সঙ্গে নিয়ে গড়েন ৫৭ রানের জুটি। কিন্তু ব্রেসওয়েল সোহাগ গাজীর বলে বোল্ড হয়ে গেলে সেই জুটি আর বেশিদূর টানতে পারেননি। এরপর আইএস সোধিও সাকিব আল হাসানের বলে এলবিডাব্লিউ হলে নিউজিল্যান্ডের ৪০০ রানের লক্ষ্য দূরের বিষয় মনে হচ্ছিল। কিন্তু এগারো নম্বর ব্যাটসম্যান ব্রেন্ট বোল্ট যে এভাবে ওয়াটলিংকে সঙ্গ দেবেন, সেটা আর কে ভেবেছিল। শেষ অবধি দারুণ এক জুটিতে বাংলাদেশকে চাপে ফেলেই নিজের দায়িত্ব সারলেন এই দুই ব্যাটসম্যান। ওয়াটলিংকে মুশফিকুর রহিমের ক্যাচে পরিণত করা মমিনুল হক এই পরিস্থিতিতে নিজের প্রথম টেস্ট উইকেটটি আর উপভোগ করতে পারলেন কোথায়!
বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম টেস্টের আপডেট পেতে C লিখে এসএমএস করুন 2221 নম্বরে