শুরুতেই সমস্যায় শেখ জামাল ক্লাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দল গড়ার আনুষ্ঠানিকতা সেরে মাঠে নামার আগেই সমস্যায় পড়ে গেল নবাগত শেখ জামাল ধানমন্ডি ক্লাব। পেশাদার লিগে প্রথম খেলতে যাওয়া এই ক্লাব তাদের অনুশীলন বিকেএসপিতে শুরু করতে চেয়েছে ১৪ আগস্ট। কিন্তু ২০ আগস্ট বিকেএসপিতে অনুশীলনে নামছে এশিয়ান গেমসের অনূর্ধ্ব-২৩ জাতীয় দল। এই দলে শেখ জামালের খেলোয়াড় আছেন ১৪ জন। এই খেলোয়াড়েরা অনূর্ধ্ব-২৩ দলের অনুশীলনে চলে গেলে শেখ জামালের অনুশীলন ঠিকমতো হবে না। বাকি খেলোয়াড়দের নিয়ে অনুশীলন কতটা কার্যকর হবে, সেটি নিয়ে চিন্তায় ক্লাব। এই অবস্থায় কী করা হবে, তা এখনো ঠিক করতে পারেনি শেখ জামাল কর্তৃপক্ষ। ক্লাবের সভাপতি মনজুর কাদের সিঙ্গাপুর থেকে ফোনে জানালেন, ভালো চিন্তা থেকেই বিকেএসপিতে অনুশীলন শুরুর চিন্তা ছিল তাঁদের। কিন্তু জাতীয় স্বার্থে খেলোয়াড় ছাড়তে হলে ছাড়া হবে। দেশে ফিরে সিদ্ধান্ত নেবেন। দলের সম্ভাব্য অধিনায়ক আমিনুল বললেন, ‘কী হবে বুঝতে পারছি না।’ওদিকে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান বাফুফের সহসভাপতি বাদল রায়ের সাফ কথা, ‘জাতীয় স্বার্থই আগে। এই সময় খেলোয়াড়দের ক্লাবের অনুশীলনে থাকা হবে অনৈতিক। ডাক পাওয়া খেলোয়াড়দের অনূর্ধ্ব-২৩ দলের অনুশীলনেই থাকতে হবে। এটা বাধ্যতামূলক।’শেখ জামাল ক্লাব তাদের কোচ এখনো নিয়োগ দিতে পারেনি। তবে এ বিষয়ে তারা অনেক দূর এগিয়েছে। শুরুতে সাইফুল বারীর কথা চিন্তা করলেও তাঁকে পাওয়া যাচ্ছে না। পুনর্গঠিত ক্লাবটি তাই হাত বাড়িয়েছে বাংলাদেশে কাজ করে যাওয়া সার্বিয়ান কোচ জোরান জর্জেভিচের দুই সহকারী কার্লোভিচ ও দাবরের দিকে। এ দুজনকে পাওয়া যাবে বলে মোটামুটি নিশ্চিত ক্লাব কর্মকর্তারা।