শুরুতেই সাফল্য আবাহনীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তাপটা টের পাওয়া গেল পল্টন হ্যান্ডবল স্টেডিয়ামে ঢুকেই। বড় দল ফাইনালে উঠলেই না এমন আমেজ পাওয়া যায়। তা বড় দল তো ছিলই। গ্যালারিতে হইচই, উচ্ছ্বাস টেনে আনল আবাহনী। আর নবম ইউনাইটেড অয়েল মহিলা হ্যান্ডবল লিগে প্রথমবারের মতো খেলতে এসেই বাজিমাত করল দেশের অন্যতম সেরা ক্লাবটি। গতকাল পল্টন হ্যান্ডবল স্টেডিয়ামে আজাদ স্পোর্টিংকে ২৬-১৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আবাহনী। নির্ধারিত সময়ের চেয়ে মিনিট দশেক পর শুরু হয় খেলা। আবাহনী সমর্থক গোষ্ঠীর দাবি ছিল এশিয়াডগামী কাবাডি খেলোয়াড়দের বাদ দিয়ে নামতে হবে আজাদকে। এ নিয়ে এক দিকে তুমুল শোরগোল, আরেক দিকে গ্যালারি থেকে কিছু উচ্ছৃঙ্খল দর্শক পানির বোতল ছুড়ে মারতে লাগল কোর্টে। পরে কর্মকর্তাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। শেষ পর্যন্ত নির্বিঘ্নেই শেষ হয় খেলা।আর এই খেলায় আবাহনী প্রথমার্ধে এগিয়ে থাকে ১৪-৫ গোলে। আক্রমণের ধারাবাহিকতা ধরে রেখেই শেষ করে তারা খেলা। আবাহনীর কোচ নাসিরুল ইসলাম মেয়েদের পারফরম্যান্সে উচ্ছ্বসিত, ‘অল্প কয়েক দিনের অনুশীলন হলেও প্রস্তুতি আমাদের ভালোই ছিল। মেয়েরা যা খেলেছে তাতে আমি দারুণ খুশি।’ খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার। উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান বেস্ট লুব্রিকেন্টসের প্রধান নির্বাহী সজীব দে।