শুরুতেই হাত ফসকাল বারের নিচে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপে খুবই আলোচিত ছিল গোলরক্ষকদের ভুল। প্রথম রাউন্ডে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ইংলিশ গোলরক্ষক রবার্ট গ্রিনের পায়ের ফাঁক গলে বল জালে ঢুকে যাওয়া দিয়েই শুরু সেই আলোচনার। বিশ্বকাপের পর পেরিয়ে গেছে এক মাসেরও বেশি। ইংলিশ ফুটবলে আবারও আলোচনায় গোলরক্ষকের ভুল। আন্তর্জাতিক ফুটবলে অবশ্য নয়, ক্লাব ফুটবলে। এএফপি। গত রোববার শুরু হওয়া ইংলিশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় দিনেই সাক্ষী হলো এমন ভুলের। অ্যানফিল্ডে লিভারপুল-আর্সেনাল ম্যাচটি পরশু ড্র হলো ১-১ গোলে। দুটি গোলই গোলরক্ষকদের ভুলের মাশুল। তবে মজার ব্যাপার হলো, দুই গোলরক্ষকের কেউই ইংলিশ নন! লিভারপুলের পেপে রেইনা আর আর্সেনালের ম্যানুয়েল আলমুনিয়া, দুজনই বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের গোলরক্ষক। পেপে রেইনা তো ছিলেন স্পেনের বিশ্বকাপ দলেই। তবে আলমুনিয়া আর রেইনা দুজনেই পাচ্ছেন দলের সমর্থন। লিভারপুলের রেইনার পাশে দাঁড়িয়েছেন তাঁর সতীর্থ জেমি ক্যারাঘার। আর আলমুনিয়া পাচ্ছেন সরাসরি কোচ আর্সেন ওয়েঙ্গারের সমর্থন।প্রথমার্ধের শেষ মুহূর্তে ডেভিড এনগগের গোলে নিজেদের মাঠে এগিয়ে যায় লিভারপুল। আলমুনিয়ার বাঁ দিক দিয়ে বল জালে ঠেলে দেন এনগগ। একটু চেষ্টা করে বাঁ হাতটা বাড়িয়ে দিলেই বলটি ঠেকাতে পারতেন আলমুনিয়া। কিন্তু ওয়েঙ্গার বলেছেন, ‘গোলটি যে ওর (আলমুনিয়া) দোষে হয়েছে এটা বলা কঠিন। এটা ঠিক, ও পরাস্ত হয়েছে। তবে ওই ছোট ফাঁকা দিয়ে বল জালে ঠেলে দেওয়ার কৃতিত্ব দিতে হবে এনগগকেও।’অথচ লিগের প্রথম ম্যাচেই জয় দেখছিল লিভারপুল। জয়োৎসবের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু ম্যাচের ইনজুরি সময়ে ভুলটি করে বসেন রেইনা। ডানপ্রান্তিক একটি ক্রস সামলাতে পারেননি স্প্যানিশ গোলরক্ষক। বল এ-পা ও-পা ঘুরে গিয়েছিল তাঁর হাতের নাগালে। কিন্তু সেটি ধরতে গিয়েই ঠেলে দেন জালে। রেইনার আত্মঘাতী গোলে সমতায় ফেরে আর্সেনাল। স্টেডিয়ামে লিভারপুল সমর্থকেরা তখন হতবাক, ‘এটা কী করলেন রেইনা, এমন ভুল কে করেছে কবে!’তবে সতীর্থ জেমি ক্যারাঘার রেইনার দোষ ধরছেন না, ‘সে (রেইনা) বিশ্বের সেরা গোলরক্ষক। গত মৌসুমেই এটা সে দেখিয়েছে। কিন্তু কখনো কখনো আপনার ভুল হতেই পারে।’ জিততে জিততেও ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে। জো কোল লিভারপুল-অভিষেকেই লাল কার্ড দেখেছেন প্রথমার্ধের অন্তিম মুহূর্তে। লিভারপুলের জন্য রাতটা ভালো হতে হতেও হলো না!