শুরুতেই হোঁচট খেল আর্জেন্টিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরও একবার আর্জেন্টিনার জার্সি গায়ে আলো ছড়াতে পারলেন না এ সময়ের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। ঘরের মাটিতে কোপা আমেরিকার শুরুটাও ভালোভাবে করতে পারল না আর্জেন্টিনা। ১৮ বছর পর শিরোপা জয়ের মিশনে গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই বলিভিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করে মাঠ ছাড়ল ১৪ বারের শিরোপাজয়ীরা।প্রথমার্ধে অনেকখানিই আধিপত্য বিস্তার করে খেললেও গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধের শুরুতে (৪৭ মিনিট) বরং বলিভিয়ান স্ট্রাইকার এডিভালদো রোজাস হারমোজার গোলে এগিয়ে যায় বলিভিয়াই। এরপর জয় তো দূরের কথা, হার এড়াতে গোল শোধের জন্যই মরীয়া হয়ে ওঠে আর্জেন্টিনা। সেই কাঙ্ক্ষিত গোলটার জন্যও ৭৫ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় বাতিস্তা শিষ্যদের। ৭০ মিনিটে ইজেকুয়েল লাভেজ্জির বদলি হিসেবে মাঠে নামা সার্জিও অ্যাগুয়েরো কিছুটা স্বস্তি ফেরান আর্জেন্টাইন শিবিরে। নিকোলাস বুরদিসোর পাস থেকে বল জড়িয়ে দেন বলিভিয়ার জালে। বাকি সময় বারবার বলিভিয়ার রক্ষণ ভাগে আক্রমণ চালালেও কাঙ্ক্ষিত লক্ষ্যে বল পাঠাতে পারেননি মেসি-তেভেজরা। শেষ বাঁশি বাজার পর ১-১ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় তাঁদের। রয়টার্স।