শুরুতেই হোঁচট খেল রিয়াল মাদ্রিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা তিন বছর বার্সেলোনার কাছে লা লিগা শিরোপা হারানোর পর গত মৌসুমে আবার তা পুনরুদ্ধার করেছিল রিয়াল মাদ্রিদ। আর এবার সেই সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখার প্রত্যয় নিয়েই ইউরোপিয়ান ফুটবলের নতুন মৌসুম শুরু করেছে হোসে মরিনহোর রিয়াল মাদ্রিদ। কিন্তু সেই মিশনের শুরুটা একেবারেই ভালো হয়নি এই স্প্যানিশ জায়ান্টের। গতকাল লা লিগার প্রথম ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করে শুরুতেই হোঁচট খেয়েছে গতবারের শিরোপাজয়ীরা।এবার নতুন কোনো খেলোয়াড়ের সঙ্গে চুক্তি না হওয়ায় গত মৌসুমের দল নিয়েই মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। তবে জার্মান মিডফিল্ডার সামি খেদিরার বদলে মরিনহো মূল একাদশে সুযোগ দিয়েছিলেন ফরাসি লাসানা ডিয়ারাকে। করিম বেনজেমার জায়গায় মাঠে নেমেছিলেন গঞ্জালো হিগুয়েইন। কোচের আস্থার প্রতিদান দিয়ে ১০ মিনিটের মাথায় রিয়ালকে মৌসুমের প্রথম গোলটি এনে দেন এই আর্জেন্টাইন স্ট্রাইকার। তবে ৪২ মিনিটে এই গোল শোধ করে দেন ভ্যালেন্সিয়ার স্ট্রাইকার জোনাস। দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে খেললেও কাঙ্ক্ষিত লক্ষ্যে বল পাঠাতে পারেননি রোনালদো, ওজিল, ডি মারিয়া, হিগুয়েইনরা।