শুরুতেই 'ফ্লপ' মেসি-নেইমার জুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এভাবেই মেসি-নেইমার জুটিকে আটকে ফেলেছে অ্যাটলেটিকো মাদ্রিদ।পথ খুঁজে না পাওয়া মেসির দিকে অসহায় তাকিয়ে আছেন নেইমার। ছবি: রয়টার্স
এভাবেই মেসি-নেইমার জুটিকে আটকে ফেলেছে অ্যাটলেটিকো মাদ্রিদ।পথ খুঁজে না পাওয়া মেসির দিকে অসহায় তাকিয়ে আছেন নেইমার। ছবি: রয়টার্স

সামনে দীর্ঘ পথ। হাঁটতে হবে বহু ক্রোশ। এখনই চূড়ান্ত একটা মন্তব্য করে ফেলা ঠিক নয়। কিন্তু প্রভাতসূর্য যদি সত্যিই দিনটার পূর্বাভাস দিয়ে থাকে, তাহলে বলতেই হচ্ছে, শুরুটা একদমই ভালো হলো না বহুল আলোচিত, বহুল আকাঙ্ক্ষিত মেসি-নেইমার জুটির। কাল স্প্যানিশ সুপারকাপের ফিরতি লেগে একদমই জমল না দুজনের যুগলবন্দী। মিলল না ছন্দ, বারবার কেটে গেল তাল।
কালই প্রথম কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে শুরু থেকেই খেললেন লিওনেল মেসি ও নেইমার। দুজন অবশ্য দুই দিকে খেলেছেন। নেইমার বাম উইংয়ে, নিজের পরিচিত জায়গায়। নেইমারকে জায়গা করে দিতেই মেসিকে বেশি করে সরে যেতে হয়েছে ডানে। সাধারণত মেসি ডান উইংয়ের পাশেই খেলেন। তবে এটাও ঠিক, আক্রমণভাগে মেসির জন্য সুনির্দিষ্ট কোনো জায়গা নেই। পরিস্থিতি বুঝে নিজের জায়গা বেছে নেন মেসি।
বনের মধ্যে বাঘের নিজস্ব রাজত্ব নাকি নির্ধারিত থাকে। এক বাঘ অন্য বাঘের সীমানায় কখনো অনুপ্রবেশ করে না। কাল দুজনই এই তত্ত্ব মানলেন। মাঝখানে একবার নেইমার ডানে চলে গিয়েছিলেন। আর তাঁকে জায়গা করে দিতে মেসি সরে গিয়েছিলেন বাঁয়ে। একবার মেসির দুর্দান্ত একটা ক্রস নেইমারকে বক্সের মধ্যে খুঁজেও নিয়েছিল। কিন্তু এ রকম উজ্জ্বল মুহূর্ত ম্যাচে ছিল বিরল। অ্যাটলেটিকো মাদ্রিদের রক্ষণ, আরও সুনির্দিষ্ট করে বললে ডিয়েগো সিমিওনির ধুরন্ধর মস্তিষ্ক এই দুজনের মধ্যে সেতুবন্ধ গড়তে দেয়নি। বার্সার আক্রমণভাগও তাই কাল ছিল নখদন্তহীন।
মেসি-নেইমার জুটির জুজুতে আক্রান্ত দলগুলোর জন্য কালকের ম্যাচটি হতে পারে অনুপ্রেরণার বটিকা। কড়া মার্কিংয়ের অটুট দেয়াল দুজনকে যে বিচ্ছিন্ন করে রাখতে পারে, সেটা দেখাই গেছে। অ্যাটলেটিকো কোচ সিমিওনি অবশ্য একটু বাঁকা পথে হেঁটেছেন। প্রয়োজনে বুঝেশুনে ফাউল করো, কিন্তু হলুদ কার্ড দেখো না—শিষ্যদের কানে এই মন্ত্র পড়ে দিয়েছিলেন তিনি। মেসি-নেইমার দুজনই কাল একের পর এক কড়া ট্যাকলিংয়ের শিকার হয়েছেন। পুরো ম্যাচে ৩৬ বার ফাউলের বাঁশি বাজিয়েছেন রেফারি। ২৭ বারই অ্যাটলেটিকোর বিরুদ্ধে।

নেইমারকে আক্ষরিক অর্থেই দাঁড়াতে দেয়নি অ্যাটলেটিকো। ব্রাজিলের এই উঠতি তারকা যে কাল কতবার মাঠে পড়লেন, সত্যিই হিসাব রাখা কঠিন ছিল। মেসির সঙ্গে দ্রুতই নিজের বোঝাপড়াটা তৈরি করে নিতে হবে নেইমারকে। তারও আগে নিজেকে আরও শক্তপোক্ত করে তুলতে হবে ইউরোপের দানব-শরীরের ডিফেন্ডারদের সামলাতে। যে কথা পেলে বহু আগে সতর্কবাণী হিসেবে উচ্চারণ করেছিলেন নেইমারের তালপাতার সেপাইয়ের দেহগড়নের দিকে ইঙ্গিত করে।

মেসি-নেইমারকে কেন একসঙ্গে নামানো হচ্ছে না, নেইমারকে দিয়ে কেন বেঞ্চ গরম করানো হচ্ছে—এ নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হতে জেরার্ডো ‘টাটা’ মার্টিনো তিতিবিরক্ত হয়ে গিয়েছিলেন সন্দেহ নেই। কালকের ম্যাচের আগেও তিনি বলেছেন, ‘আমি নিজেও মেসির সঙ্গে ওকে খেলতে দেখার জন্য মুখিয়ে আছি। কিন্তু আমাকে প্রত্যেক খেলোয়াড়ের জন্য ঠিক পথটাই তৈরি করে দিতে হবে। আমার লক্ষ্য ওকে এক ম্যাচেই ব্যবহার করে ফেলা নয়; ওকে এখানে ১০-১২ বছরের জন্য খেলানোর জন্য প্রস্তুত করা।’

নেইমারকে ধীরে ধীরে প্রস্তুত করানো হবে বলেও কাল ঠিকই তাঁকে প্রথম একাদশে সদ্য চোট থেকে ফেরা মেসির পাশে নামিয়ে দিয়ে ধেয়ে আসা সব প্রশ্নকেই যেন ‘টা-টা’ বলতে চেয়েছেন মার্টিনো। কিন্তু শেষ পর্যন্ত যে এটা কাজে দেয়নি, সেটা বুঝতেই পারছেন। তবে সমর্থকদের এ-ও মনে করিয়ে দিয়েছেন, এক ম্যাচেই ধৈর্যহারা হলে চলবে না। ম্যাচ শেষে বার্সার আর্জেন্টাইন কোচ বলেছেন, ‘তারা ভালো একটা ম্যাচ খেলেছে; কিন্তু এটা সত্যি, দুজনের মধ্যে খুব ভালো যোগসূত্র তৈরি হয়নি। তবে আমার কোনো সন্দেহ নেই, তারা একসময় খুব ভালোভাবেই জোড় বেঁধে যাবে।’

বার্সার ক্রীড়াপরিচালক আন্দোনি জুবিজারেত্তাও বলেছেন, ‘নেইমার ধীরে ধীরে নিজের চেহারায় আবির্ভূত হচ্ছে। এই জুটির কাছ থেকে আমরা অনেক কিছুই উপভোগ করব।’

বার্সার সমর্থকেরা শুধু একটা কথাই নিশ্চয়ই বলবে, তথাস্তু। তবে তা-ই হোক!