শুরুর অপেক্ষায় স্পেন, জয়ের খোঁজে ইতালি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৪ বিশ্বকাপের ইউরোপিয়ান অঞ্চলের বাছাইপর্ব শুরু হয়েছে গত শুক্রবার। তবে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের জন্য শুরুটা আজ। বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচটি খেলতে ভিসেন্তে দেল বস্কের দল উড়ে গেছে তিবলিসিতে। প্রতিপক্ষ দুর্বল জর্জিয়া, যাদের বিপক্ষে স্পেনের বড় জয়ই প্রত্যাশিত। আজ মাঠে নামছে প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করা ফ্রান্স, ইংল্যান্ড, হল্যান্ড, পর্তুগালও। তবে ফুটবলপ্রেমীদের কৌতূহলী দৃষ্টি বুঝি বেশি টানবে ভিয়েনা আর মডেনা।ভিয়েনায় মুখোমুখি হবে দুই বৈরী প্রতিবেশী অস্ট্রিয়া ও জার্মানি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে দুই দেশের বৈরী রাজনৈতিক সম্পর্কের ইতিহাস তো আছেই। রাজনৈতিক উত্তাপের সঙ্গে পাল্লা দিয়ে ১৯৭০ ও ’৮০-এর দশকে উত্তেজনা ছড়াত মাঠের দ্বৈরথেও। কিন্তু সেদিন আর নেই। ফুটবলীয় শক্তিতে অস্ট্রিয়ার ক্রমেই দুর্বল হয়ে পড়া আর জার্মানির উত্থানে দুই প্রতিবেশীর মাঠের লড়াইটা পানসে হয়ে গেছে।সর্বশেষ সাত সাক্ষাতেই জিতেছে জার্মানি। গোল করেছে ২৫টি। গত বছর ইউরোর বাছাইয়ে দুই দলের সর্বশেষ ম্যাচটিতেও জার্মানি জিতেছে ৬-২ গোলে। অস্ট্রিয়া সর্বশেষ জিতেছিল সেই ১৯৮৬ সালে। ড্রয়ের স্মৃতিতেও জমেছে ২০ বছরের ধুলো।কাগজে-কলমের হিসাবেও জার্মানি অনেক এগিয়ে। অস্ট্রিয়া র‌্যাঙ্কিংয়ে ৪৯, জার্মানি ২। অস্ট্রিয়ান অধিনায়ক ক্রিস্টিয়ান ফুকস খেলেন বুন্দেসলিগায়, শালকে জিরো ফোরে। জার্মানিকে ফেবারিট মেনেও তিনি অঘটন ঘটানোর স্বপ্নে বিভোর, ‘আশা তো আছেই, কদিন আগে তুরস্ককে ২৪ বছর পর হারিয়েছি। জার্মানির ম্যাচে ভালো খেলতে পারব না কেন?’ এই প্রশ্নের উত্তর অবশ্য গোলেই দিতে চাইবে জার্মানরা।মডেনার ম্যাচটাকে ঘিরে বাড়তি আগ্রহ ইতালির কারণে। চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বাছাইপর্বের শুরুটা হয়েছে বুলগেরিয়ার সঙ্গে ২-২ ড্রয়ে। দ্বিতীয় ম্যাচটা অবশ্য না জেতার কোনো কারণ নেই। আজ প্রতিপক্ষ ফিফা র‌্যাঙ্কিংয়ে ১৩৯ নম্বর দল মাল্টা। ইতালির কোচ সিজারে প্রানদেল্লি স্বীকার করছেন, বুলগেরিয়া ম্যাচে তিনিও ভুল করেছেন। ৪-৩-১-২ ফর্মেশনে পরিবর্তন এনেই হয়তো সেই ভুল শোধরাবেন তিনি। গত শুক্রবার অন্যদের বাছাইপর্ব শুরু করার দিনে স্পেন সৌদি আরবের বিপক্ষে খেলেছে প্রীতি ম্যাচ। ওই ম্যাচে পাওয়া ৫-০ গোলের জয়ের আত্মবিশ্বাস তো আছেই, বিশ্ব ও ইউরো চ্যাম্পিয়নদের জন্য তার চেয়েও বড় অনুপ্রেরণার উৎস ডেভিড ভিয়া। দীর্ঘ আট মাস বাইরে কাটিয়ে কদিন আগেই মাঠে ফিরেছেন। প্রত্যাবর্তনটাও হয়েছে রাজসিক। ক্লাবের মতো জাতীয় দলের হয়েও গোল করেছেন প্রত্যাবর্তন ম্যাচেই। সৌদি আরবের বিপক্ষে গোল করেছেন বদলি হিসেবে নেমে। ফিনল্যান্ডের বিপক্ষে ১-০ গোলের জয় দিয়ে শুরু করা ফ্রান্স নিজেদের মাঠে খেলবে বেলারুশের বিপক্ষে। মলদোভার বিপক্ষে ৫-০ গোলে জিতে উড়তে থাকা ইংল্যান্ড খেলবে নিজেদের মাঠে। প্রতিপক্ষ ইউক্রেন। ইউরোর গ্রুপ পর্বের শেষ ম্যাচে এই ইউক্রেনকে হারিয়েই কোয়ার্টার ফাইনালে উঠেছিল রয় হজসনের দল। ইউক্রেন যদি প্রতিশোধের স্বপ্ন দেখেই থাকে, তাদের সেই স্বপ্নে রং চড়াচ্ছে এই তথ্য—রুনি-ক্যারল দলেই নেই, আজ খেলতে পারছেন না জন টেরি ও অ্যাশলি কোলও।বুদাপেস্টে একসময়ের পরাশক্তি হাঙ্গেরির মুখোমুখি হচ্ছে হল্যান্ড। পর্তুগাল নিজেদের মাঠে খেলছে আজারবাইজানের বিপক্ষে। লুক্সেমবার্গের বিপক্ষে প্রথম ম্যাচে পর্তুগালের ২-১ গোলের জয়ে আলো ছড়িয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। রিয়াল-বিতর্ককে ভুলিয়ে দিতে আজও নিশ্চয়ই তেমন কিছুই করতে চাইবেন! এএফপি, রয়টার্স।