শুরুর আগেই কক্সবাজারে উন্মাদনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম সাফ মহিলা ফুটবলে অংশ নিতে এরই মধ্যে কক্সবাজারে পৌঁছে গেছে সাতটি দল। আফগানিস্তান এসে পৌঁছাবে আজ। আগামীকাল নেপাল-মালদ্বীপ ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্ট। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত আয়োজকেরা। কেএফসি, পিউমা, আমরা নেটওয়ার্ক—টুর্নামেন্টের সহযোগী পৃষ্ঠপোষক ঠিক হয়েছিল আগেই। কাল আনুষ্ঠানিকভাবে যোগ দিল গ্রামীণফোন। তবে মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠানটির পরিচয় টুর্নামেন্টের প্রেজেন্টিং স্পনসর।বিশ্বের সবচেয়ে অনুন্নত এই অঞ্চলে মেয়েদের ফুটবলকে ছড়িয়ে দিতে ব্রাজিলিয়ান তারকা মার্তাকে আনার পরিকল্পনা ছিল প্রথমে। তাঁকে আনতে ব্যর্থ হওয়ার পর সুইডিশ খেলোয়াড় হান্নাকে আনার চেষ্টা করেও পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। শেষ পর্যন্ত বাংলাদেশে আসছেন মার্তারই ঘনিষ্ঠ বন্ধু আরেক সুইডিশ ইয়োহান্না ফ্রিস্ক। আজই ঢাকায় পৌঁছানোর কথা লস অ্যাঞ্জেলেস সোলের এই ডিফেন্ডারের।টুর্নামেন্ট উদ্বোধন করবেন ফিফার নির্বাহী সদস্য ও মহিলা কমিটির চেয়ারম্যান ওরাওয়ি মাকুদি। অতিথিদের তালিকায় আছেন এএফসির সহসভাপতি মনিলাল ফার্নান্ডো ও জার্মানি মহিলা দলের সাবেক কোচ মনিকা স্টাব। ১ কোটি ৫০ লাখ টাকা বাজেটের টুর্নামেন্টের কোনো প্রাইজমানি নেই। সাফ, ফিফা, এএফসি মিলে অর্থের জোগান দিচ্ছে। কাল সংবাদ সম্মেলনে তথ্যগুলো জানান বাফুফের মহিলাবিষয়ক চেয়ারম্যান সিরাজুল ইসলাম (বাচ্চু)।আমাদের কক্সবাজার অফিস জানিয়েছে, টুর্নামেন্ট নিয়ে স্থানীয় লোকজনের মধ্যে দেখা যাচ্ছে উন্মাদনা। ১২ দিনের ফুটবলযজ্ঞের জন্য মনোরমভাবে সেজেছে শহরটি। কক্সবাজারে সংবাদ সম্মেলনে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জসীম উদ্দিন টুর্নামেন্ট সফল করে পুরো এশিয়াবাসীকে তাক লাগিয়ে দেওয়ার অভিপ্রায় জানিয়েছেন। উদ্বোধনী অনুষ্ঠানের স্থানীয় পর্বে বরাদ্দ আধঘণ্টা। তাতে থাকবে আকর্ষণীয় ডিসপ্লে। অংশ নেবে শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৫০০ ছাত্রছাত্রী। থাকবে কক্সবাজারের ঐতিহ্যবাহী আঞ্চলিক গানের সঙ্গে নাচসহ নানা পরিবেশনা। মোট কথা, স্থানীয় ঐতিহ্যের ছোঁয়া থাকবে গোটা আয়োজনে। বাফুফে এক ঘণ্টার কনসার্ট আয়োজন করবে। ঢাকার ও স্থানীয় শিল্পীদের পরিবেশনা থাকবে কনসার্টে।কাল শহরের বিডিআর ক্যাম্প মাঠে ঘণ্টা দুয়েক অনুশীলন করেছে বাংলাদেশ মহিলা দল। শেষ চারে ওঠার ব্যাপারে আশাবাদী ম্যানেজার সৈয়দা মাহবুবা করিম, ‘গত দুই মাস কঠোর অনুশীলন করে ভুলত্রুটি শুধরে শক্তিশালী দলে পরিণত হয়েছে মেয়েরা। শ্রীলঙ্কা, ভুটানকে হারিয়ে সেমির টিকিট নিশ্চিত করতে চাই আমরা।’কাল মালদ্বীপের খেলোয়াড়েরা কক্সবাজারে পৌঁছেই নেমে পড়েন সমুদ্রসৈকতে। তাঁরা বালুচরে দৌড়ঝাঁপ ও হালকা অনুশীলন করেন। সৈকতে নেমে অনুশীলন করেছেন ভারত, পাকিস্তান, নেপাল, ভুটানের মেয়েরাও। এঁদের দেখতে ভিড় জমে যায় সৈকতে।