শুরুর আগেই ক্লিন্সমানের চমক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডনোভান বাদ
ডনোভান বাদ

যুক্তরাষ্ট্রের ফুটবলের কথা উঠলে প্রথমে ল্যান্ডন ডনোভানের নামটাই হয়তো আপনার মনে পড়বে। গত বিশ্বকাপে আলজেরিয়ার সঙ্গে মার্কিন মিডফিল্ডারের সেই গোলটা অনেকেরই মনে থাকার কথা। একটু অবিশ্বাস্যই শোনাতে পারে, ডনোভানকে বিশ্বকাপের জন্য ২৩ সদস্যের দলে রাখেননি কোচ ইয়ুর্গেন ক্লিন্সমান। এখন পর্যন্ত বিশ্বকাপ দল ঘোষণায় এটাই সবচেয়ে বড় বিস্ময়।
৩০ সদস্যের প্রাথমিক দলে ডনোভানকে রেখেছিলেন যুক্তরাষ্ট্র কোচ। দেশের হয়ে ১৫৬ ম্যাচে রেকর্ড ৫৭টি আন্তর্জাতিক গোল ডনোভানের, দেশটির ইতিহাসেরই অন্যতম সেরা খেলোয়াড় তিনি। ৩২ বছর বয়সও এমন কিছু নয়। এমন একজন খেলোয়াড়কে উপেক্ষা করা তো দুঃসাহসিক ব্যাপার!
সেই কাজটা যে সহজ ছিল না, পরে সেটা ক্লিন্সমান নিজেই জানিয়েছেন, ‘তার মতো খেলোয়াড়কে যখন বলতে হয় সে ২৩ সদস্যের দলে নেই, বলতেই হবে এটা আমার ক্যারিয়ারের সবচেয়ে কঠিনতম সিদ্ধান্ত ছিল।’ কিন্তু কেন এমন বৈপ্লবিক সিদ্ধান্ত? ক্লিন্সমান স্পষ্ট করে কিছু বলেননি, ‘সে জানে ওর জন্য আমার সর্বোচ্চ শ্রদ্ধা আছে, কিন্তু দলের ভালো চিন্তা করেই আমি সিদ্ধান্তটা নিয়েছি। কারণ, আমি মনে করি অন্যরা ওর চেয়ে এগিয়ে আছে। আমি তাকে এটা বলেছি, সে বুঝতে পেরেছে। তবে অবশ্যই সে হতাশ।’
ফর্মটা অবশ্য খুব ভালো যাচ্ছিল না ডনোভানের। গত বছর তো নিজেকে খেলা থেকেই সরিয়ে নিয়েছিলেন। ২০১৩ গোল্ড কাপ দিয়ে ফেরেন আবার। গত এপ্রিলে ক্লিন্সমান বলেছিলেন ডনোভান আর ‘অপরিহার্য খেলোয়াড়’ নন। কিন্তু বিশ্বকাপেই যখন নেই, ডনোভানের আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়েও তাই প্রশ্ন উঠেই গেল। রয়টার্স।