শুরুর আগেই চমক দেখালেন ক্লিন্সমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্লিন্সমানের বিশ্বকাপ দলে নেই ডনোভান
ক্লিন্সমানের বিশ্বকাপ দলে নেই ডনোভান

ব্রাজিল-আর্জেন্টিনা তো ফুটবলেরই দেশ। তারকারও অভাব নেই তাদের। ফলে কার্লোস তেভেজ, রবিনহো-রোনালদিনহোর মতো তারকা খেলোয়াড়দের বাদ দেওয়ার বিলাসিতা দেখাতেই পারেন আর্জেন্টিনা-ব্রাজিলের কোচরা। কিন্তু যুক্তরাষ্ট্রের কোচ ইয়ুর্গেন ক্লিন্সম্যান এটা কী করলেন? বিশ্বকাপ মিশন শুরুর আগে দল ঘোষণা করেই সবাইকে চমকে দিয়েছেন এই জার্মান কোচ। ২৩ সদস্যের চূড়ান্ত দলে জায়গা দেননি যুক্তরাষ্ট্রের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ল্যান্ডন ডনোভানকেই।
শুধু গোলের হিসাবেই নয়, যুক্তরাষ্ট্রের ফুটবল ইতিহাসেরই সবচেয়ে বড় তারকা ৩২ বছর বয়সী এই ফরোয়ার্ড। ২০০২ সালে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে এসেই জিতেছিলেন সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার। ২০০৬ ও ২০১০ বিশ্বকাপেও ডনোভান ছিলেন যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান ভরসা। অভিজ্ঞ এই ফুটবলারকে এবারের ব্রাজিল বিশ্বকাপের ৩০ সদস্যের প্রাথমিক দলেও রেখেছিলেন ক্লিন্সমান। কিন্তু চূড়ান্ত দলে কেন ডনোভানকে বাদ দিলেন, সেটা ভেবে হয়রান হয়ে যাচ্ছেন অনেকেই।
ক্লিন্সমান নিজে বলেছেন, ‘ডনোভানের মতো একজন খেলোয়াড়কে এটা বলা খুবই কঠিন যে, তুমি ২৩ সদস্যের দলে নেই। এটা নিশ্চিতভাবেই আমার কোচিং ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত। কিন্তু তার চেয়েও এগিয়ে আছে এমন কিছু খেলোয়াড়ের কথা আমার মাথায় আছে।’ কোচের এই সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য হলেও নিজের হতাশার কথা গোপন করেননি ডনোভান, ‘তিনটি বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করতে পারাটা সত্যিই সম্মানের ব্যাপার। ব্রাজিলেও খেলার আশা ছিল। বুঝতেই পারছেন, আমি এই সিদ্ধান্তে খুবই হতাশ। তার পরও বিশ্বকাপের সময় বন্ধু ও সতীর্থদের প্রতি সমর্থন দিয়ে যাব।’

ডনোভানের বিকল্প হিসেবে ক্লিন্সমান যাকে বেছে নিয়েছেন, সেটাও জন্ম দিয়েছে অপার বিস্ময়ের। ১৮ বছর বয়সী জুলিয়ান গ্রিন যুক্তরাষ্ট্রের হয়ে খেলেছেন মাত্র একটি ম্যাচ। ক্লাব ফুটবলে খেলেন বায়ার্ন মিউনিখের দ্বিতীয় বিভাগের দলে।