শুরুর আগেই তারকা পতনের মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপ
বিশ্বকাপ

না, ফ্রাঙ্ক রিবেরিকে কোনো ওঝা জাদুটোনা করেননি। অন্তত গতকাল পর্যন্ত এমন দাবি করেননি কেউ। তবু চোটই তাঁর কাল হলো, কেড়ে নিল ব্রাজিল যাওয়ার স্বপ্ন। বিশ্বকাপের আকাশ থেকে ঝরে গেল আরেকটি তারা। ছিটকে পড়াদের মধ্যে যিনি সম্ভবত উজ্জ্বলতমও।
অস্ত্রোপচারের পর ফিটনেস ফিরে পেতে সময়ের সঙ্গে লড়ছেন উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজও। শঙ্কা আছে ক্রিস্টিয়ানো রোনালদোকে ঘিরেও। তবে তাঁর চোট নিয়ে চলছে বিচিত্র সব কাণ্ডকারখানা। ঘানার এক ওঝা দাবি করেছেন, বিশ্বকাপের ঘানার বিপক্ষে ম্যাচে যাতে রোনালদো না খেলতে পারেন, সে জন্যই তাঁকে জাদুটোনা করা হয়েছে। হাস্যকর দাবি এবং সেটা নিয়ে রসিকতাও কম হচ্ছে না। তবে এসব বাদ দিলে ফিফা বর্ষসেরা ফুটবলারের চোট পর্তুগালের জন্য আসলেই উদ্বেগজনক। প্রস্তুতি ম্যাচ দুটিতে হয়তো খেলা হবে না। ১৬ জুন জার্মানির সঙ্গে প্রথম ম্যাচটিতে যাতে খেলতে পারেন, কায়মনোবাক্যে এটাই নিশ্চয় প্রার্থনা করছে পর্তুগিজরা। যে প্রার্থনা কয়েক দিন আগে ব্যর্থ হয়ে গেছে কলম্বিয়ার। সমর্থকদের চোখ ভিজিয়ে দিয়ে বিশ্বকাপ খেলার স্বপ্ন বিসর্জন দিতে হয়েছে রাদামেল ফ্যালকাওকে। জানুয়ারি থেকে মাঠের বাইরে থাকা কলম্বিয়ান স্ট্রাইকার আশায় ছিলেন, হয়তো সময়মতো ফিট হয়ে ফিরবেন। সেই সম্ভাবনা না থাকায় সরে যেতে হলো। চূড়ান্ত দল ঘোষণার শেষ সময় পর্যন্ত অপেক্ষা করেও লাভ হলো না কোচ হোসে পেকারম্যানের। অথচ কলম্বিয়া দলের সবচেয়ে বড় তারকা তিনিই, বিশ্বকাপে তাঁর দেশের সবচেয়ে বড় আস্থা। কাল রিবেরি ছিটকে যাওয়ার আগ পর্যন্ত আততায়ী চোটের সবচেয়ে বড় শিকার।
খুব কাছাকাছি এসে এভাবে স্বপ্নভঙ্গ হয়েছে আরও কয়েকজনের। ইতালির রিকার্ডো মন্তোলিভো যেমন। গত সপ্তাহে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে পাওয়া চোট শেষ করে দিয়েছে ইতালিয়ান এই মিডফিল্ডারের বিশ্বকাপ-স্বপ্ন৷ পায়ের পেশির চোটটা সারেনি বলে হল্যান্ডের মিডফিল্ডার রাফায়েল ফন ডার ভার্ট দলে নেই। দুই ফুটবলারেরই নিজেদের দলে একাদশে থাকাটা প্রায় নিশ্চিত ছিল। কী দুর্ভাগ্য!
এদের মধ্যে এত কাছাকাছি এসে নয়, বরং অনেক আগেই বিশ্বকাপের স্বপ্নভঙ্গ হওয়া খেলোয়াড়দের তালিকাটাও খুব ছোট নয়। ইংল্যান্ডের থিও ওয়ালকট, স্পেনের থিয়াগো আলকানতারা, ভিক্টর ভালদেস, জার্মানির ইলকায় গুন্দোয়ানরা আগেই দর্শকসারিতে চলে গেছেন। তবে বিকল্প ভেবে রাখার সময় পাওয়া গিয়েছিল বলেই এদের কারও জন্য কোচের আক্ষেপ হয়তো এত বেশি নয়। হয়তো বিকল্প আছে মন্তোলিভো কিংবা ফন ডার ভার্টেরও। কিন্তু ফ্যালকাও আর রিবেরির অভাব কি পূরণ করতে পারবেন তাঁদের দলের অন্য কেউ? আচ্ছা, সুয়ারেজ ফিটনেস ফিরে না পেলে কী বিকল্প তাঁর? কিংবা যদি শেষ পর্যন্ত রোনালদোও খেলতে না পারেন! একজন রোনালদোর কি আসলেই কোনো বিকল্প হয়?