শুরুর আগেই পণ্ড মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুলিশের বাধায় শেরেবাংলা স্টেডিয়ামের সামনে মানববন্ধন হতে পারেনি। পরে ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে স্টেডিয়াম থেকে একটু দূরে গিয়ে নিজেদের দাবি জানালেন আশরাফুল-ভক্তরা। কাল মিরপুরে  ষ প্রথম আলো
পুলিশের বাধায় শেরেবাংলা স্টেডিয়ামের সামনে মানববন্ধন হতে পারেনি। পরে ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে স্টেডিয়াম থেকে একটু দূরে গিয়ে নিজেদের দাবি জানালেন আশরাফুল-ভক্তরা। কাল মিরপুরে ষ প্রথম আলো

খেলাটেলা না থাকলে সুনসানই থাকে জায়গাটা। কাল সকালে দেখা গেল অন্য রকম দৃশ্য। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের মূল গেটের সামনে জটলা। ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে হাজির এক-দেড় শ তরুণ। উদ্দেশ্য, ফিক্সিংয়ের অভিযোগ স্বীকার করা মোহাম্মদ আশরাফুলের লঘু শাস্তির দাবিতে স্টেডিয়ামের সামনে মানববন্ধন। তবে পুলিশের বাধায় সম্ভাব্য মানববন্ধনটা শেষ হয়ে গেছে শুরু হওয়ার আগেই।

স্টেডিয়ামের গেটের ভেতরে তৈরি ছিল জলকামান। মূল গেট এবং গেটের বাইরে পুলিশ। ৪ নম্বর গেটের বাইরে র‌্যাবের একটা গাড়িও দেখা গেল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন ‘যুদ্ধপ্রস্তুতি’র সামনে রাজনৈতিক দলের আন্দোলনও অনেক সময় সংকুচিত হয়ে পড়ে। আর এ তো নিতান্তই একদল ভক্তের আবেগ! আশরাফুল-ভক্তরা এককাট্টা হয়েছিলেন মূলত সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকের মাধ্যমে। মানববন্ধনের ডাকও সেখান থেকেই। সকাল ১০টায় মানববন্ধন শুরু হওয়ার কথা থাকলেও স্টেডিয়াম গেটে মৃদু ‘পুলিশি অ্যাকশনে’ তার আধঘণ্টা আগেই সবাই ছত্রভঙ্গ। বিক্ষোভ করতে আসা তরুণেরা এর পরও ঘণ্টা দেড়েক স্টেডিয়াম এলাকায় উঁকিঝুঁকি দিয়ে ধাওয়া খেয়েছেন পুলিশের। তার মধ্যেই বিক্ষিপ্তভাবে সংবাদমাধ্যমে জানাতে চেষ্টা করেছেন দাবির কথা।

তাঁদেরই একজন আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিচয় দেওয়া মাহমুদুল হাসান (শুভ)। পুলিশের ধাওয়া খেয়েও আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে স্টেডিয়ামের উল্টো দিকের ন্যাশনাল বাংলা স্কুল লাগোয়া ফুটপাতে দাঁড়িয়ে বললেন, ‘আমরা আশরাফুলের ন্যূনতম শাস্তি চাই। আশরাফুল অশ্রুসিক্ত হয়ে জাতির কাছে ক্ষমা চেয়েছে। জাতির একটা অংশ হিসেবে আমরা তাঁকে ক্ষমা করে দিয়েছি। বিসিবির কাছে অনুরোধ, তাঁকে এমন কোনো শাস্তি দেবেন না যাতে খেলোয়াড়েরা সত্য কথা বলতে ভয় পায়। আমরা আশরাফুলকে আবার মাঠে দেখতে চাই।’

তাঁর দাবি, পুলিশি অ্যাকশনে তাঁদের দুজন সঙ্গী গুরুতর আহত হয়ে হাসপাতালে গেছেন। কথা শেষ করে এদিক-ওদিক তাকিয়ে দ্রুতই রিকশায় করে এলাকা ত্যাগ করেন মাহমুদুল হাসান।

যাওয়ার আগে অভিযোগ করে গেছেন, মিরপুর থানা থেকে মৌখিক অনুমতি নেওয়ার পরও পুলিশ মানববন্ধন করতে দেয়নি। সে অভিযোগ উড়িয়ে দিয়েছেন পুলিশের মিরপুর বিভাগের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ জসিম উদ্দিন, ‘যতক্ষণ না আমরা অনুমতির জন্য লিখিত আবেদন পাব, অনুমতি দেব কীভাবে? হঠাৎ করে কেউ রাস্তায় এসে পথ আটকে দিলে বা আন্দোলন করতে চাইলেই আমরা সেটা করতে দিতে পারি না।’ এক মাসের জন্য রাজপথে সভাসমাবেশ করার ওপর এমনিতেই নিষেধাজ্ঞা আছে। মানববন্ধনে বাধা দেওয়ার সেটাও একটা কারণ হতে পারে। তবে কারণ যা-ই হোক, ক্রীড়াপ্রেমীদের আবেগের বিরুদ্ধে লাঠি হাতে রাস্তায় দাঁড়াতে ভালো লাগেনি পুলিশেরও। ‘মিছিল-মিটিং নেই। ভেবেছিলাম কয়েকটা দিন আরামে কাটাব। অথচ খেলা নিয়ে আমাদের রাস্তায় নামতে হচ্ছে, দেখেন অবস্থা!’—স্টেডিয়ামের সামনে দাঁড়িয়ে বলছিলেন এক পুলিশ সদস্য।