শুরুর আগেই বাইরে বেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মনে হচ্ছিল, নাটকের চূড়ান্ত পরিণতি খুব কাছে। এখন সম্ভবত আরও কদিন ধৈর্য ধরতে হবে সবাইকে। গ্যারেথ বেলের রিয়ালে মাদ্রিদে যাওয়াটা ঝুলেই রইল। তবে নতুন খবর হলো, আপাতত মাঠে নামতে পারছেন না বেল। টটেনহাম কোচ আন্দ্রে ভিলাস-বোয়াস জানিয়েছেন বেলকে সেপ্টেম্বর পর্যন্ত মাঠের বাইরে থাকতে হবে। রয়টার্স, ওয়েবসাইট।
অনেক দিন ধরেই চলছে দড়ি টানাটানি। রিয়াল মাদ্রিদ ওয়েলশ উইঙ্গারকে পেতে রেকর্ড ৮ কোটি ৫০ লাখ পাউন্ডের প্রস্তাব দিয়েছে বলে খবর। টটেনহাম এখনো সেই প্রস্তাবে সায় দেয়নি। বারবারই বলছে বেলকে ছাড়ার কোনো ইচ্ছেই নেই তাদের। কিন্তু ২৪ বছর বয়সী উইঙ্গারের মনটা দৃশ্যত রিয়ালের কাছেই বাধা পড়েছে। দলের সঙ্গে প্রাক-মৌসুম ম্যাচ খেলা দূরে থাক, ঠিকমতো অনুশীলনও করেননি।
গত মাসেই অবশ্য বেল পড়েছিলেন হ্যামস্ট্রিংয়ের চোটে। প্রাক-মৌসুমে খেলা তাই সম্ভব ছিল না। এখন যোগ হয়েছে পায়ের পাতার চোট। এই সপ্তাহে জাতীয় দল ওয়েলসের হয়েও খেলতে পারেননি। এভিবি এখন জানালেন পুরো আগস্টেই বেল আর মাঠে নামতে পারবেন না, ‘স্পষ্টতই ফিটনেসের দিক দিয়ে সে বাকিদের চেয়ে অনেক পিছিয়ে আছে। তাই অন্যদের পর্যায়ে আসতে তার আরও ছয় সপ্তাহ লেগে যাবে।’