শুরুর আগেই রুনির হতাশা

তাঁর ক্লাবে থাকা না-থাকা নিয়ে চলছে নানা গুঞ্জন। এ সবকিছুই উড়িয়ে দিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে প্রাক-মৌসুম সফরে থাইল্যান্ড এসেছিলেন ওয়েইন রুনি। কিন্তু বিধি বাম! প্রথম দিন অনুশীলনেই পেলেন চোট। বড় কোনো ক্ষতি হয়নি কিন্তু যেটুকু হয়েছে তাতেই ইউনাইটেড কোচের কপালে ভাঁজ। প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচের কোনোটাই খেলা হবে না রুনির। এমনকি মৌসুম শুরুর আগে সুস্থ হয়ে মাঠে ফিরতে পারবেন কি না, তা নিয়েও আছে শঙ্কা।এভাবে ফিরে যাওয়া যে খুব কষ্টের, সেটা পরে নিজের ফেসবুকে জানিয়েছেন ইংলিশ স্ট্রাইকার, ‘সামান্য চোটেই বড় ক্ষতি হয়ে গেল। অথচ অনুশীলন চলছিল খুবই চমৎকার। আরও পরীক্ষা-নিরীক্ষার জন্য ম্যানচেস্টারে ফিরে যাচ্ছি, তবে মনে হচ্ছে দুশ্চিন্তার কিছু নেই।’ চোটটা হয়তো গুরুতর কিছু নয়। কিন্তু সেই চোট থেকে ফিরে আসতেই মাস খানেক লাগবে রুনির। ইউনাইটেডের প্রাক-মৌসুম সফরে থাইল্যান্ড, অস্ট্রেলিয়া, জাপান ও সুইডেনে হতে যাওয়া প্রীতি ম্যাচের কোনোটাতেই তাই খেলতে পারবেন না তিনি। এমনকি ১৭ আগস্ট প্রিমিয়ার লিগে ইউনাইটেডের প্রথম ম্যাচে থাকতে পারবেন কি না, তা নিয়েও আছে সংশয়। শিষ্যকে নিয়ে তাই কিছুটা দুশ্চিন্তায় ইউনাইটেডের নতুন কোচ ডেভিড ময়েসও, ‘ও দারুণ অনুশীলন করছিল। সবাই বলছিল অনেক দিন রুনিকে এত ফিট দেখেনি কেউ।’যাঁর চোটে এতটা উদ্বিগ্ন ময়েস, তাঁর ক্লাব ছাড়ার গুঞ্জনটা অবশ্য থামছে না এখনো। স্যার অ্যালেক্স ফার্গুসন দায়িত্ব ছেড়ে দেওয়ার সময়ই সত্যটা জানিয়ে যান, ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে দিতে চেয়েছিলেন রুনি। ময়েস দায়িত্ব নেওয়ার পর গুঞ্জনটা ডালপালা মেলেছে আরও। সরাসরি না বললেও রুনির গুণমুগ্ধদের তালিকায় নিজের নাম লিখিয়ে আগ্রহের কথা জানিয়েছেন চেলসি কোচ হোসে মরিনহোও, ‘ও এমন একজন ফুটবলার যাকে আমি খুবই পছন্দ করি। নৈতিক কারণে এর বেশি কিছু বলতে পারছি না, কারণ সে এখনো ম্যানচেস্টার ইউনাইটেডের ফুটবলার।’
তবে এসব স্রেফ গুঞ্জন বলেই উড়িয়ে দিয়েছেন নতুন ইউনাইটেড কোচ, ‘আমাকে আর রুনিকে নিয়ে অনেক কথা বলা হচ্ছে। কিন্তু আমাদের মধ্যে সম্পর্ক খুবই চমৎকার।’ ওদিকে নতুন মৌসুমের শুরুটা ভালো করতে হলে রুনিকে নিয়ে চলতে থাকা এসব গুঞ্জন একেবারে বন্ধ করে দিতে হবে বলে মনে করেন সাবেক ইউনাইটেড ডিফেন্ডার গ্যারি নেভিল, ‘রুনিকেই সিদ্ধান্ত নিতে হবে সে কী করবে। ক্লাবেরও ভূমিকা আছে এ ব্যাপারে। তবে সত্যটা হচ্ছে, এসব গুঞ্জনে ইউনাইটেড কখনো আতঙ্কিত হয় না। ওরা সব সময় ঠান্ডা মাথায় এসব পরিস্থিতি সামাল দেয়।’ এএফপি।