শুরুর আগেই শুরু ফুটবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অলিম্পিক শুরু হচ্ছে আগামী পরশু। তবে এর আগেই শুরু হয়ে যাচ্ছে অলিম্পিক! আজ থেকেই মাঠে গড়াচ্ছে অলিম্পিক ফুটবল। মেয়েদের ফুটবল দিয়ে শুরু হয়ে যাচ্ছে পদক জয়ের লড়াই। ছেলেদের ফুটবল শুরু হবে আগামীকাল।একসময় অলিম্পিক ফুটবল নিয়ে বিশ্বের নামজাদা দলগুলোর আগ্রহ খুব একটা ছিল না। সেই দৃশ্য পাল্টেছে। অলিম্পিকের সোনার পদক জেতার জন্য বিশ্বের ফেবারিট দলগুলোও এখন মরিয়া। এবার তো সবচেয়ে মরিয়া দুটো দল। গ্রেট ব্রিটেন আর ব্রাজিল। ব্রিটেন মরিয়া দুটো কারণে। এবারের অলিম্পিকের স্বাগতিক দল তারাই। তা ছাড়া ১৯৬৬ বিশ্বকাপ জেতার পর আক্ষরিক অর্থে কিছুই জেতা হয়নি তাদের। অলিম্পিক ফুটবলে তিনবার অবশ্য সোনা জিতেছে ব্রিটেন, এবার জিতলে সেটি হবে রেকর্ড চতুর্থ সোনা। কিন্তু তিন সোনার সর্বশেষটিও এসেছে ১৯১২ অলিম্পিকে, ১০০ বছর আগে!ব্রাজিলের আকুলতার ব্যাপারটি নিয়ে এই কদিনে লেখালেখি হয়েছে সবচেয়ে বেশি। ফুটবল ইতিহাসের সফলতম দল তারাই। রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন। কিন্তু সেই ব্রাজিলের কাছে অলিম্পিক ফুটবলের সোনা রয়ে গেছে অধরা। দুবার খুব কাছাকাছি এসেছিল তারা—১৯৮৪ ও ১৯৮৮ অলিম্পিকে। দুবারই ফাইনালে হেরে রুপা নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। ব্রাজিল আরও দুবার ব্রোঞ্জ জিতলেও সোনা তাদের কাছে সোনার হরিণই। ২০১৪ বিশ্বকাপের স্বাগতিক দল ব্রাজিল। এই বিশ্বকাপ ঘিরে তাদের স্বপ্নের ভিত আসলে রচিত হবে অলিম্পিকেই। অলিম্পিকের তরুণ দলটার কাঁধেই থাকবে বিশ্বকাপের পতাকা। এমনও বলা হচ্ছে, অলিম্পিকে সোনা এনে দিতে না পারলে চাকরি হারাবেন কোচ মানো মেনেজেস।টুর্নামেন্টের আরেক ফেবারিট দল স্পেন। বিশ্বকাপ, ইউরো জিতে এবার অলিম্পিকও জিততে এসেছে স্পেনের যুবারা। ‘ডি’ গ্রুপে স্পেনের প্রতিপক্ষ জাপান, হন্ডুরাস ও মরক্কো। এর মধ্যে আগামীকাল জাপানের বিপক্ষে মাঠে নেমে যাত্রা শুরু করছে ১৯৯২ বার্সেলোনা অলিম্পিকে সোনাজয়ী স্পেন। ‘সি’ গ্রুপে ব্রাজিলের সঙ্গে পড়েছে মিসর, বেলারুশ ও নিউজিল্যান্ড। আগামীকাল মিসরের সঙ্গে ব্রাজিলের প্রথম ম্যাচ। ‘বি’ গ্রুপে আছে মেক্সিকো, দক্ষিণ কোরিয়া, গ্যাবন ও সুইজারল্যান্ড। ‘এ’ গ্রুপে ব্রিটেনের সঙ্গে আছে সেনেগাল, সংযুক্ত আরব আমিরাত ও উরুগুয়ে।ব্রিটেনের সামনে আছে একটা বাধাও। গত চার আসরেই অলিম্পিকের স্বাগতিক দল বাদ পড়েছে গ্রুপ পর্বে!চার গ্রুপে মোট ১৬টি দল অংশ নিচ্ছে এবারের অলিম্পিক ফুটবলে। গ্রুপ পর্বের সেরা দুই দল যাবে শেষ আটে। গত দুই আসরের টানা চ্যাম্পিয়ন আর্জেন্টিনার জায়গা হয়নি এবার। গত বছর দক্ষিণ আমেরিকা যুব চ্যাম্পিয়নশিপে মাত্র ১ পয়েন্টের জন্য তৃতীয় হয়েছে আর্জেন্টিনা। ওই টুর্নামেন্টের সেরা দুই দল হিসেবে ব্রাজিল আর উরুগুয়ে এসেছে এবারের অলিম্পিকে। ওয়েবসাইট।